বিজ্ঞান
অধ্যায়-৩ প্রাণীজগৎপ্রিয় শিক্ষার্থীরা, বিজ্ঞান বিষয়ের ওপর পড়াশোনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। গতকালের ধারাবাহিকতায় আমাদের আজকের আলোচ্যসূচিতে রয়েছে অধ্যায়-৩। # সংক্ষিপ্ত উত্তর দাও:প্রশ্ন: ব্যাঙকে উভচর প্রাণী বলা হয় কেন?উত্তর: যেসব প্রাণী জলে ও স্থলে উভয় স্থানে বসবাস করতে পারে তাদের উভচর প্রাণী বলে। ব্যাঙ জীবনের প্রথম অবস্থায় পানিতে থাকে, ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। আবার পরিণত বয়সে এরা ডাঙায় বাস করে এবং ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। জলে ও স্থলে উভয় স্থানে বসবাস করে বলে ব্যাঙকে উভচর প্রাণী বলা হয়।# রচনামূলক প্রশ্নের উত্তরপ্রশ্ন: মৎস্য শ্রেণীভুক্ত প্রাণীদের বৈশিষ্টগুলো কী?উত্তর: সব ধরনের মাছ মৎস্য শ্রেণীভুক্ত প্রাণী। এদের বৈশিষ্ট্য নিম্নরূপ—১। পানিতে সাঁতার কাটার জন্য এদের পাখনা আছে।২। এরা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়।৩। অধিকাংশ মাছের দেহে আঁশ থাকে, কিছু মাছের দেহে আঁশ থাকে না।৪। মাছ ডিম পাড়ে, ডিম ফুটে বাচ্চা বের হয়।যেমন: রুই, কাতলা, শিং, মাগুর, কই ও পাবদা।প্রশ্ন: কোন কোন বৈশিষ্ট্যের কারণে সাদা ভালুক মেরু এলাকায় অভিযোজিত হয়েছে উল্লেখ করো।উত্তর: পরিবেশের কোনো পরিবর্তন ঘটলে প্রাণীর স্বভাব ও দৈহিক গঠনে নানারূপ পরিবর্তন ঘটে। নতুন পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার নামই অভিযোজন। মেরু অঞ্চলে সাদা ভালুকের অভিযোজিত হওয়ার কারণ হলো—১। এদের দেহ দীর্ঘ ঘন লোমে আবৃত থাকে।২। সাদা ভালুকের চামড়ার নিচে পুরু চর্বির স্তর থাকে বলে এদের দেহে তাপ ধারণক্ষমতা বেশি হয়, ফলে দেহ উষ্ণ থাকে।৩। এদের দেহে সাদা রঙের লোম থাকায় এদের সাদা বরফের মাঝে সহজে চিহ্নিত করা যায় না। ফলে এরা সহজে শিকারে পরিণত হয় না। এভাবে শত্রুর হাত থেকে এরা রক্ষা পায়।প্রশ্ন: কোন কোন বৈশিষ্ট্যের কারণে মাছ পানিতে বাস করে?উত্তর: মাছ একটা জলজ প্রাণী। নিচের বৈশিষ্টগুলোর কারণে মাছ পানিতে বাস করে—১। মাছের মাথা ও লেজের দিক সরু এবং দেহের মধ্যভাগ চওড়া। পানিতে সাঁতার কাটার সময় পানির গতিরোধ করার জন্য দেহের গঠন এ রকম হয়েছে।২। সাঁতার কাটার জন্য পাখনা আছে, ফলে মাছ পানিতে দেহের ভারসাম্য বজায় রাখতে পারে।৩। এদের ফুসফুস নেই। ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। ফুলকার সাহায্যে পানিতে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করতে পারে ও কার্বন-ডাই অক্সাইড ত্যাগ করতে পারে, ফলে পানিতে ডুবে থাকতে কোনো অসুবিধা হয় না।প্রশ্ন: মরুভূমির প্রাণীদের কী কী বৈশিষ্ট্য থাকে?উত্তর: মরুভূমিতে দিনে খুব গরম ও রাতে খুব ঠান্ডা পড়ে। মরুভূমির এ ভিন্ন পরিবেশের ফলে সেখানকার প্রাণীদের মধ্যেও বিশেষ কিছু বৈশিষ্ট্য দেখা যায়, যেমন—১। মরুভূমির প্রাণীরা খুব কম পানি পান করে বেঁচে থাকতে পারে।২। অনেক প্রাণী পরবর্তী সময়ে ব্যবহারের জন্য পেটে পানি জমিয়ে রাখতে পারে। যেমন—উট।৩। মরু এলাকায় প্রাণীরা তীব্র গরম সহ্য করতে পারে।৪। মরুভূমির প্রাণীরা প্রয়োজনে নাকের ছিদ্র বন্ধ করে ধূলিঝড় থেকে আত্মরক্ষা করে থাকে।৫। মরুভূমির প্রাণীদের পা ও গলা লম্বা হয়, ফলে দেহ বালি থেকে কয়েক ফুট উঁচুতে থাকে। ফলে বালির তাপ দেহে কম পৌঁছায়।৬। লম্বা পা দিয়ে এরা দ্রুত দৌড়াতে পারে।