বিজ্ঞান
অধ্যায়-৬ প্রিয় শিক্ষার্থীরা, আজ ষষ্ঠ অধ্যায়ের ‘ল্যাবরেটরির সাধারণ প্রণালি’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের জন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাওলবণের বাটি নিয়ে রান্নাঘরে যাওয়ার পথে সান্তার হাত থেকে এটি পাশে থাকা বালির মধ্যে পড়ে যায়। লবণ আলাদা করতে গিয়ে হাতের নাড়াচাড়ায় বালির সঙ্গে মিশে যায়। এরপর সান্তা লবণ ও বালির সঙ্গে পানি যোগ করে।প্রশ্ন: ক. জেট নল কী?প্রশ্ন: খ. কর্পূরকে উদ্বায়ী পদার্থ বলা হয় কেন?প্রশ্ন: গ. ছাকন কাগজের সাহায্যে সান্তা কোনটি আলাদা করতে পারবে? ব্যাখ্যা করো।প্রশ্ন: ঘ. সান্তার পক্ষে কি একই সঙ্গে লবণ ও পানি আলাদা করা সম্ভব? মতামত দাও।উত্তর: ক. জেট নল: একপ্রান্ত মোটা এবং অন্যপ্রান্ত কৈশিক নলের ন্যায় সরু নলকে জেট নল বলে।উত্তর: খ. যেসব কঠিন পদার্থ তাপ প্রয়োগে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় এবং শীতল করলে আবার সরাসরি কঠিন অবস্থায় ফিরে আসে তাকে উদ্বায়ী পদার্থ বলে। কর্পূরকে তাপ দিলে তা তরল না হয়ে বাষ্পে রূপান্তরিত হয় এবং বাষ্পকে ঠান্ডা করলে তা তরল না হয়ে সরাসরি কঠিন অবস্থায় পরিণত হয়। এ জন্য কর্পূরকে উদ্বায়ী পদার্থ বলা হয়।উত্তর: গ. ছাকন কাগজ বা ফিল্টার কাগজের সাহায্যে সান্তা লবণ, বালি ও পানির মিশ্রণ থেকে বালি আলাদা করতে পারবে। পানিতে অদ্রবণীয় কোনো পদার্থ ছাকন কাগজের সাহায্যে পরিস্রাবণ প্রক্রিয়ায় আলাদা করা যায়। এ পদ্ধতিতে একটি ফিল্টার কাগজ নিয়ে শঙ্কু বা কোণ তৈরি করা হয়। ভাঁজ করা ফিল্টার কাগজ ফানেলের মধ্যে বসিয়ে সামান্য পানি দিয়ে ভেজাতে হয় যাতে কাগজটি ফানেলের গায়ে সম্পূর্ণভাবে আটকে যায়। ফানেলটি স্ট্যান্ডের সঙ্গে যুক্ত করে নিচে একটি পরিষ্কার খালি বিকার বসাতে হবে। লবণ, বালি ও পানির মিশ্রণকে ফানেলের মধ্যে ঢাললে ফিল্টার পেপারে বালি পড়ে থাকবে এবং লবণ ও পানির মিশ্রণ নিচের বিকারে জমা হবে। এভাবে ছাকন কাগজের সাহায্যে সান্তা বালি আলাদা করতে পারবে।উত্তর: ঘ. সান্তার পক্ষে একই সঙ্গে লবণ ও পানি আলাদা করা সম্ভব। পাতন প্রক্রিয়ার সাহায্যে লবণ ও পানি আলাদা করা যায়। এ প্রক্রিয়ায় লিবিগ শীতক নামক যন্ত্র ব্যবহার করা হয়। লবণ ও বালির মিশ্রণকে গোলতলী ফ্লাস্কে নিয়ে এর মুখে একটি ছিদ্রযুক্ত কর্ক লাগাতে হবে এবং কর্কের মধ্যে একটি নির্গম নল যুক্ত করতে হবে। এরপর লিবিগ শীতক যন্ত্রের চওড়া মুখে এক ছিদ্রযুক্ত একটি কর্ক লাগিয়ে নির্গম নলের অপর প্রান্তটি কর্কের ছিদ্রের মধ্য দিয়ে লিবিগ শীতক যন্ত্রের সঙ্গে যুক্ত করা হয়। শীতক যন্ত্রের অপর প্রান্তটি একটি বিকারের মধ্যে ঢোকানো হয়। শীতকের নিচের পার্শ্ব নলটি পানির ট্যাপের সঙ্গে যুক্ত করে শীতল পানি চালনা করা হয়। ওপর দিকের পার্শ্ব নল দিয়ে পানি বের হয়ে যায়। গোলতলী ফ্লাস্কে স্পিরিট ল্যাম্পের সাহায্যে তাপ দিলে পানি বাষ্পে পরিণত হয়ে শীতকের মধ্য দিয়ে যেতে থাকে এবং শীতল হয়ে তরল আকার ধারণ করে বিকারে জমা হয়। আর গোলতলীয় ফ্লাস্কে বালি পড়ে থাকে। সুতরাং, উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে সান্তার পক্ষে পাতন প্রক্রিয়ার মাধ্যমে একই সঙ্গে লবণ ও পানি আলাদা করা সম্ভব।