বিজ্ঞান
অধ্যায়-১২ আলোর প্রতিসরণপ্রিয় শিক্ষার্থীরা, আজ দ্বাদশ অধ্যায়ের আলোর প্রতিসরণ থেকে সৃজনশীল পদ্ধতির আরও একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে। তাইয়ার পানিপূর্ণ কাপে একটি এক টাকার মুদ্রা ফেলল। তার কাছে মুদ্রাটি কিছুটা ওপরে উঠে এসেছে বলে মনে হলো। ব্যাপারটি তাকে অবাক করল। প্রশ্ন-ক: আলোর প্রতিসরণ কাকে বলে?প্রশ্ন-খ: সংকট কোণ বলতে কী বোঝায়? প্রশ্ন-গ: উদ্দীপকে উল্লিখিত ঘটনাটির কারণ ব্যাখ্যা করো। প্রশ্ন-ঘ: তাইয়ার কোঁচ দিয়ে মাছ ধরার ক্ষেত্রে উদ্দীপকে বর্ণিত অভিজ্ঞতা কীভাবে কাজে লাগাতে পারে? বিশ্লেষণ করো।উত্তর-ক: আলোর প্রতিসরণ: আলোকরশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য কোনো স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে প্রবেশকালে আলোকরশ্মির গতিপথের দিক পরিবর্তন হয়। আলোকরশ্মির এ দিক পরিবর্তনকে আলোর প্রতিসরণ বলে। উত্তর-খ: আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ ৯০০ হয় তাকে সংকট কোণ বলে। অর্থাৎ কোনো আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার ক্ষেত্রে যে আপতন কোণের জন্য প্রতিসরণ কোণ ৯০০ হয়, ঘন মাধ্যমে সেই নির্দিষ্ট আপতন কোণকে ওই দুই মাধ্যমের সংকট কোণ বলে। উত্তর-গ: আলোর প্রতিসরণের কারণে তাইয়ারের কাছে মুদ্রাটি ওপরে উঠে এসেছে বলে মনে হয়েছে। প্রতিসরণের কারণে আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশকালে অভিলম্ব থেকে দূরে যায়। মুদ্রাটি কাপের মধ্যে পানিতে নিমজ্জিত অবস্থায় আছে। পানিতে নিমজ্জিত অবস্থায় পয়সা থেকে নির্গত আলোক রশ্মি বায়ুতে প্রবেশ করার সময় প্রতিসরিত হয়ে অভিলম্ব থেকে দূর সরে যায়। ফলে তাইয়ারের কাছে পয়সাটিকে তার প্রকৃত অবস্থান থেকে কিছুটা উপরে বলে মনে হয়েছে।উত্তর-ঘ: আলোর প্রতিসরণের কারণে পানির মধ্যে মাছকে প্রকৃত অবস্থানে দেখা যায় না। প্রতিসরণের কারণে আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশকালে অভিলম্ব থেকে দূরে সরে যায়। তাইয়ার কোঁচ দিয়ে মাছ ধরার ক্ষেত্রে বর্ণিত অভিজ্ঞতা কাজে লাগাতে পারে। পানিতে নিমজ্জিত মাছ থেকে আলোকরশ্মি বায়ুতে প্রবেশ করার সময় প্রতিসরণের কারণে অভিলম্ব থেকে দূর সরে যায়। তাইয়ারের কাছে মাছটিকে ওপরে বলে মনে হবে। ফলে মাছটিকে প্রকৃত অবস্থানে দেখা যায় না। তাইয়ার কোঁচ দিয়ে মাছ ধরার ক্ষেত্রে, ওপর থেকে মাছকে যে অবস্থানে দেখবে তার থেকে কিছুটা নিচে কোঁচ নিক্ষেপ করবে। তবেই তার পক্ষে কোঁচ দিয়ে মাছ ধরা সম্ভব হবে।