বিজ্ঞান
অধ্যায়-৭ পদার্থপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ৭ নম্বর অধ্যায়ের ‘পদার্থ’ থেকে আরও কিছু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়টি ভালোভাবে পড়বে।# সংক্ষেপে উত্তর দাও:প্রশ্ন: পদার্থের অবস্থা কয়টি?উত্তর: পদার্থের অবস্থা তিনটি। যেমন: কঠিন, তরল ও বায়বীয় বা গ্যাসীয়।প্রশ্ন: কঠিন পদার্থের বৈশিষ্ট্য কী কী?উত্তর: কঠিন পদার্থের বৈশিষ্ট্য নিম্নরূপ—১. কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে।২. কঠিন পদার্থের ওজন আছে ও স্থান দখল করে।৩. সাধারণত কঠিন পদার্থকে তাপ দিলে তরলে পরিণত হয়।৪. কিছু কিছু কঠিন পদার্থকে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয়। যেমন: ন্যাপথলিন, কর্পূর।৫. কঠিন পদার্থকে বল প্রয়োগ করলে বাধার সৃষ্টি করে।প্রশ্ন: তরল পদার্থের বৈশিষ্ট্য কী কী?উত্তর: তরল পদার্থের বৈশিষ্ট্য নিম্নরূপ—১. তরল পদার্থের আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই। যে পাত্রে রাখা হয়, সে পাত্রের আকার ধারণ করে।২. তরল পদার্থের ওজন আছে ও স্থান দখল করে।৩. তাপ দিলে তরল পদার্থ বাষ্পে পরিণত হয়।৪. তরল পদার্থ নিচের দিকে গড়িয়ে চলে।৫. ঠান্ডা করলে তরল পদার্থ কঠিন পদার্থে পরিণত হয়।প্রশ্ন: বায়বীয় পদার্থের বৈশিষ্ট্য কী কী?উত্তর: নিচে বায়বীয় পদার্থের বৈশিষ্ট্য দেওয়া হলো—১. বায়বীয় পদার্থের নির্দিষ্ট আকার বা আয়তন নেই।২. বায়বীয় পদার্থ স্থান দখল করে ও ওজন আছে।৩. বায়বীয় পদার্থকে ঠান্ডা করলে তরল পদার্থে পরিণত হয়।৪. বায়বীয় পদার্থকে যে স্থানে রাখা হয়, তা সমস্ত জায়গা জুড়ে থাকে।প্রশ্ন: বস্তুর ভর বলতে কী বোঝায়?উত্তর: বস্তুর মধ্যে বিদ্যমান মোট পদার্থের পরিমাণকে বস্তুর ভর বলে। বস্তুর ভর সব স্থানে একই থাকে। এর কোনো পরিবর্তন হয় না।প্রশ্ন: বস্তুর ওজন বলতে কী বোঝায়?উত্তর: কোনো বস্তুর ভরের ওপর পৃথিবীর আকর্ষণ বা টানকে বস্তুর ওজন বলে। বস্তুর ওজন একেক স্থানে একেক রকম হয়ে থাকে।প্রশ্ন: চাঁদে বা অন্য গ্রহে নিয়ে গেলে বস্তুর ওজনের কী পরিবর্তন হবে? কেন হবে?উত্তর: কোনো বস্তুকে চাঁদে বা অন্য কোনো গ্রহে নিয়ে গেলে বস্তুর ওজনের পরিবর্তন হবে, কিন্তু ভরের কোনো পরিবর্তন হবে না। কারণ, বস্তুর ওজন হলো বস্তুর ভরের ওপর পৃথিবীর আকর্ষণ বা টান। চাঁদেরও আকর্ষণ বা টান আছে, কিন্তু পৃথিবীর টান চাঁদের চেয়ে বেশি। তাই চাঁদে বস্তুর ওজন পৃথিবীর তুলনায় কম হবে। আবার অন্য কোনো গ্রহে নিয়ে গেলে যদি গ্রহের টান পৃথিবীর তুলনায় কমবেশি হয়, তবে বস্তুর ওজন পৃথিবীর তুলনায় কমবেশি হবে। তাই কোনো বস্তুকে পৃথিবী থেকে চাঁদে কিংবা অন্য কোনো গ্রহে নিয়ে গেলে বস্তুর ওজনের পরিবর্তন হতে পারে।