বিতর্কের বিশ্বকাপে বিরল অর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ডিবেটিং চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের দল। ছবি: সংগৃহীত
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ডিবেটিং চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের দল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সময় বেলা তিনটা ছুঁই ছুঁই। হাজারো মাইল দূরে গ্রিসের থেসালোকিনি শহরের ইউনিভার্সিটি অব ম্যাসেডোনিয়াতে তখন বাংলাদেশের হয়ে লড়ছেন দুই তরুণ। উপলক্ষটা ছিল ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ডিবেটিং চ্যাম্পিয়নশিপ’-এর চূড়ান্ত পর্ব। বলছি ২ জানুয়ারির কথা। প্রতিযোগিতার নাম থেকেই বোঝা যায় দুই তরুণের লড়াইটা ছিল নিছক শক্তিমত্তার নয়। এই লড়াই বাগ্যুদ্ধের, বিতর্কের।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী মাহদী হাবিব ও ইমরান রাজা, ওপেন ক্যাটাগরিতে ১৮ পয়েন্ট পেয়ে ‘ব্রেক’ করার মাধ্যমে তাঁরা পৌঁছে গিয়েছিলেন চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব ‘অকটোফাইনালস’-এ। এই দুজন ছাড়াও এবারের আসরে ইএসএল (ইংলিশ অ্যাজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ) ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, আইবিএর একটি করে দল, বিচারক হিসেবে আকিব ফারহান হোসেন ও ওয়াসিফা নোশিন ‘ব্রেক’ করার গৌরব অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দলের সদস্যরা হলেন রিশাদ শরীফ ও রায়হা নাওয়াল এবং আইবিএর দলের সদস্যরা হলেন তাওসিফ আমিন খান ও মাস্তুরা তাসনিম।

চূড়ান্ত পের্ব অংশ নেওয়া দুই শিক্ষার্থী মাহদী হাবিব ও ইমরান রাজা
চূড়ান্ত পের্ব অংশ নেওয়া দুই শিক্ষার্থী মাহদী হাবিব ও ইমরান রাজা

ওপেন ক্যাটাগরি সম্পর্কে কিছুটা বলে নেওয়া যাক। ‘বিতর্কের বিশ্বকাপ’ নামে খ্যাত এই প্রতিযোগিতায় ওপেন ক্যাটাগরিতে ৪৮টি দল নির্বাচিত হয়। ইংরেজি যেসব দেশের মাতৃভাষা নয়, সেসব দেশ থেকে আসা কোনো দলের ইএসএলে জায়গা করে নেওয়াটা প্রায় অসম্ভব ব্যাপার। বিচারক হিসেবে ব্রেক করা আকিব ফারহান হোসেন জানালেন, ইংরেজি যেসব দেশের মাতৃভাষা, সেসব দেশের বিতার্কিকেরা যত সহজে তাঁদের মনের ভাব প্রকাশ করে থাকেন, অন্যদের জন্য সেটা কঠিন হয়ে যায়। এই দুরূহ কাজেই সফল হয়েছেন বাংলাদেশের মাহদী ও ইমরান। দুই তরুণ প্রমাণ করেছেন, যুক্তির জয় যেখানে অবশ্যম্ভাবী, ভাষা সেখানে কোনো বাধা হতে পারে না।
দেশে ফেরার পর কথা হয় এই মেধাবী বিতার্কিকদের সঙ্গে। ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র মাহদী বললেন, ‘শুরু থেকেই যে আমি ইংরেজিতে বিতর্কে অভ্যস্ত ছিলাম তা নয়। বাংলায় বিতর্ক করতে করতেই ইংরেজি বিতর্কেও দক্ষতা তৈরি হয়েছে। দেশের বিতর্ক প্রতিযোগিতাগুলোতে সাফল্য প্রাপ্তিই প্রেরণা জুগিয়েছে।’ তড়িৎকৌশলের ছাত্র ইমরান জানালেন ইংরেজি ভাষার তুখোড় বিতার্কিক হয়ে ওঠার পেছনের গল্প। ‘২০১২ সালে ভারতের নালসার ইউনিভার্সিটিতে একটা প্রতিযোগিতায় আমি আর মাহদীসহ ১০ জনের একটি দল বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গিয়েছিলাম। সেটাই ছিল আন্তর্জাতিক অঙ্গনে আমাদের প্রথম অংশগ্রহণ। এরপর থেকে বাংলার পাশাপাশি ইংরেজি বিতর্কেও আমরা নিয়মিত চর্চা করেছি। ইংরেজি ভাষায় বেশ কিছু বিতর্কে অংশ নিয়েছি।’ সেরা ৪৮-এ জায়গা পাওয়াটা বাংলাদেশের জন্য একটা বিরল পাওয়া। মাহদী ও ইমরান আশাবাদ ব্যক্ত করলেন, বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে চর্চা বজায় রাখলে এর চেয়েও বড় কিছুর স্বপ্ন দেশের বিতর্কের দলগুলো দেখতেই পারে।
বিতর্কের অঙ্গনে এই দুই তার্কিকের বিচরণ বছর চারেকের হলেও এরই মধ্যে তাঁদের অভিজ্ঞতার খাতাটা বেশ ভারী হয়ে উঠেছে। ২০১২ সালে মালয়েশিয়ায় ওআইসি ডিবেট চ্যাম্পিয়নশিপ, গত দুই বছর মালয়েশিয়াতেই অনুষ্ঠিত এশিয়ান পার্লামেন্টারি ডিবেট চ্যাম্পিয়নশিপ, ২০১৪ সালে চেন্নাইয়ের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ডিবেট চ্যাম্পিয়নশিপ ও বেঙ্গালুরুতে হয়ে যাওয়া আরভি ডিবেটিং টুর্নামেন্ট শীর্ষক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। সবগুলো প্রতিযোগিতায়ই ছিল ছোট-বড় সাফল্য।
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ডিবেটিং চ্যাম্পিয়নশিপকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় বিতর্ক প্রতিযোগিতা। যেখানে অংশ নিতে সারা বিশ্বে ছড়িয়ে থাকা অসংখ্য বিতর্কের দল থেকে নির্বাচিত ৪০০টি দলকে আমন্ত্রণ জানানো হয়। ৪০০টি দল নয়টি প্রিলিমিনারি রাউন্ডের লড়াই শেষে ‘সেরা ৪৮’ দল অকটো ফাইনালসে অংশ নেওয়ার সুযোগ পায়। বাংলাদেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাকসহ মোট ১৫টি দলের প্রতিযোগী ও বিচারক মিলিয়ে প্রায় ৪০ জন বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে এবারের আসরে। এবার আয়োজক ছিল ডিবেটিং সোসাইটি অব গ্রিস।