বিদেশের কেন্দ্রগুলোতে প্রায় ৯৯ শতাংশ পরীক্ষার্থী পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের উল্লাস। বেইলি রোড, ঢাকা, ১৩ ফেব্রুয়ারি।
ছবি: আশরাফুল আলম

২০২১ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় বিদেশের ৮টি কেন্দ্রে গড় পাস প্রায় ৯৯ শতাংশ। আর ফলের সর্বোচ্চ সূচক জিপিএ–৫ পেয়েছেন ৯২ জন।

এইচএসসি পরীক্ষার ফলাফল আজ রোববার প্রকাশ করা হয়। বেলা ১১টার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আনুষ্ঠানিকভাবে ফলাফল হস্তান্তরের পর তিনি ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এই ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। পরে সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

সংবাদ সম্মেলনে দেওয়া তথ্যানুযায়ী, এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন শুধু এইচএসসি পরীক্ষায় গড় পাসের হার ৯৫ দশমিক ৫৭। এর মধ্যে বিদেশের মোট ৮টি কেন্দ্রে পাস ৯৮ দশমিক ৮৮ শতাংশ। বিদেশের ৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২৬৭ পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৬৪ জন, যাঁদের মধ্যে ৯২ জন জিপিএ–৫ পেয়েছেন।

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের উল্লাস। বেইলি রোড, ঢাকা, ১৩ ফেব্রুয়ারি।
ছবি: আশরাফুল আলম

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন বিদেশের কেন্দ্রে পরীক্ষা হয়ে থাকে।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার সঙ্গে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিম এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ভোকেশনাল, বিএম পরীক্ষার ফলও প্রকাশ করা হয়। করোনা সংক্রমণের কারণে দীর্ঘ অপেক্ষা করে গত ডিসেম্বরে অনুষ্ঠিত হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। তবে সব বিষয়ে পরীক্ষা হয়নি। গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে অনুষ্ঠিত হয় এ পরীক্ষা। পরীক্ষা শেষ হওয়ার দেড় মাস পর ফল প্রকাশ করা হলো।