৭ ডিসেম্বর সিরাজগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনার মুক্তির সোপান চত্বরে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘খেলা শুরু হয়ে গেছে। খেলা হবে নির্বাচনের মাঠে। মাঠ ছেড়ে পালাবেন না, তাহলে আমও যাবে ছালাও যাবে।’
মোবাইল কোম্পানিগুলো যেমন গ্রাহক ফেরাতে বিভিন্ন অফার দেয় তেমনি স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যের ভিত্তিতে খেলার মাঠে বিরোধী দলকে ফেরাতে কিছু স্পেশাল অফার দেওয়া যায়। সেই অফারগুলো কল্পনা করেছেন মো. মিকসেতু
বোনাস ভোট
এসে গেল খেলার মাঠের ধামাকা অফার!
এখন খেলার মাঠে ফিরলেই পাচ্ছেন ১০% বোনাস ভোট
বোনাস ভোট পাওয়ার শর্তাবলি
* নির্বাচনে অংশ নিতে হবে বর্তমান সরকারের অধীনেই
* তত্ত্বাবধায়ক সরকারের নাম মুখে আনা যাবে না
*একান্ত বাধ্য শিক্ষার্থীর মতো নির্বাচন কমিশনের কথা শুনতে হবে
এ ছাড়া শর্তহীনভাবে ফিরলেই থাকছে কাচের মতো স্বচ্ছ নির্বাচন, স্বচ্ছ ইলেকট্রিক ভোটিং সিস্টেমসহ আরও অসংখ্য আকর্ষণীয় উপহার!
এ সুযোগ সীমিত সময়ের জন্য, দেরি না করে আজই ফিরুন!
মামলা প্রত্যাহারের অফার
আপনাদের ফিরে আসার গুরুত্ব আমরা না বুঝলেও আর সবাই বোঝে
আর তাই সামনের নির্বাচনে শর্তহীনভাবে ফিরে এলেই আপনাদের জন্য থাকছে ক্ষুদ্র ও বৃহৎ মামলা থেকে রেহাই পাওয়ার সুবর্ণ সুযোগ!
আজই যোগাযোগ করুন
টেন্ডারে ৩০% ডিসকাউন্ট
আর কোথাও ফিরুন বা না ফিরুন, নির্বাচনে ফিরলেই পাচ্ছেন সকল সরকারি ও বেসরকারি টেন্ডারে ৩০% ডিসকাউন্ট!
অর্থাৎ সরকারি দলের নেতা-কর্মীরা ৭০টি টেন্ডার পেলে আপনারা পাবেন ৩০টি। এই সুযোগ হেলায় হারাবেন না।
নিশ্চিত নমিনেশন
আপনি কি আপনার এলাকার স্টার নেতা?
নির্বাচনে ফিরলেই আপনার জন্য থাকছে অন্য নেতাদের মতোই সব সুযোগ
এ ছাড়া কোনো স্টার নেতা দল পরিবর্তন করে অন্য দলে* যোগ দিলেই পাচ্ছেন তাঁর পছন্দমতো নির্বাচনী এলাকা থেকে নিশ্চিত নমিশনের সুযোগ!
এ ছাড়া থাকছে
* শুল্কমুক্ত গাড়ি এবং বাড়ির জন্য প্লট বরাদ্দ
*বছরে দুই-তিনবার ক্যামেরা কেনার নামে সপরিবারে বিদেশ ভ্রমণের সুযোগ
* বিদেশে নির্বিঘ্নে টাকা পাচারের সুযোগ
* শুধু বিএনপির স্টার নেতাদের ক্ষেত্রে প্রযোজ্য