কুষ্টিয়ায় অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের বিশেষ কোটায় ২৪ নভেম্বর থেকে ভর্তি আবেদন করা যাবে। চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
রেজিস্ট্রার কার্যালয় সূত্রে আরও জানা গেছে, আবেদনকারীদের ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর (লিখিত পরীক্ষায় ৮০ নম্বরের মধ্যে ৩২ নম্বর) থাকতে হবে। আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে ৩০ নভেম্বরের মধ্যে তা অফিস চলাকালে সংশ্লিষ্ট কোটার জন্য গঠিত উপকমিটির সদস্যসচিবের অফিসে জমা দিতে হবে।
আবেদনের সঙ্গে প্রার্থীর পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত ছবি, সংশ্লিষ্ট কোটার সমর্থনে সনদের সত্যায়িত ফটোকপি এবং ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের (ইউনিট কর্তৃক প্রদত্ত নম্বরপত্র) কপি সংযুক্ত করতে হবে। বিশেষ কোটায় ভর্তিচ্ছু আবেদনকারীদের সংশ্লিষ্ট কোটার জন্য গঠিত উপকমিটি কর্তৃক নির্বাচনের পর ছাত্র-ছাত্রীদের আগামী ২১ ডিসেম্বরের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী ভর্তি হতে হবে। এ ছাড়া, ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd এ পাওয়া যাবে।