বিশেষ বাইশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কত দিন পর দেখা হলো বন্ধু!
কত দিন পর দেখা হলো বন্ধু!

২২ বছর আগে, ২২ ডিসেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছিল ২২তম ব্যাচের যাত্রা। শুরুর সেই সময়টাকে স্মরণ করে ২৫ ডিসেম্বর ক্যাম্পাসে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ২২তম ব্যাচের শিক্ষার্থীরা।
‘তখন জাহাঙ্গীরনগর কুয়াশায় ঘেরা। ডিসেম্বরের বাইশ তারিখে বাইশতম ব্যাচের কচি মুখগুলো চারদিকে ছড়ানো। কেউ কাউকে চিনিনি তখনো। ভারী শাল আর পুলওভারের বাইরে সরু হাত আর মেদবিহীন তরুণ মুখগুলো শুধু বেরিয়ে ছিল। এক ক্লাসে বসতে হবে, একসঙ্গে পড়তে হবে—তখন এটুকুই ছিল সম্পর্ক।’ স্মারক বইয়ে স্মৃতিচারণা করতে গিয়ে লিখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের প্রাক্তন ছাত্রী আফসানা বেগম।
একসঙ্গে থাকার প্রত্যয় নিয়ে এক হয়েছিলেন পুরোনো বন্ধুরা। বেলা ১১টায় শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফারজানা ইসলাম। অনুষ্ঠানের আহ্বায়ক মো. তৌফিক-ই-এলাহী চৌধুরী বললেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের যেকোনো শিক্ষার্থী ভর্তি হয়েই শুরুতে ক্যাম্পাসের প্রেমে পড়ে। পুরোনো ক্যাম্পাসে আবার একসঙ্গে হওয়ার সুযোগ আমরা হাতছাড়া করতে চাইনি।’ একসময় কাঁধে বইয়ের ব্যাগ নিয়ে যাঁরা ক্লাসরুমে হাজির হতেন, তাঁদের অনেকেই এসেছিলেন বাবা-মা, স্বামী, সন্তান, এমনকি শ্বশুর-শাশুড়িকে সঙ্গে নিয়ে। দেশের বাইরে থেকেও হাজির হয়েছেন প্রাক্তন শিক্ষার্থীরা। দিনব্যাপী প্রীতিভোজ, ছোটদের জন্য ম্যাজিক শো ও খেলাধুলা, ফানুস ওড়ানো, ফায়ার ওয়ার্ক, সেলিম আল দীন মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান মাতিয়ে রেখেছিল পুরো ক্যাম্পাস। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গেয়েছেন কুমার বিশ্বজিৎ এবং ২২তম ব্যাচের শিক্ষার্থী সাজেদ ফাতেমি ও ওয়াহিদ রাসেল। অনুষ্ঠানের সহযোগী ছিল প্রথম আলো।