বিশ্ববিদ্যালয়ের অধীনে যাচ্ছে অনার্স কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনার্স পড়ানো হয় এমন কলেজগুলোকে সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। 


শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ নীতিগত এ সিদ্ধান্তের কথা জানিয়ে প্রথম আলোকে বলেন, এখন কীভাবে এটি বাস্তবায়ন করা যায় সেটা আলোচনা করে ঠিক করা হবে। প্রথমে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে আলোচনা করা হবে। এরপর সংশ্লিষ্ট সবাইকে নিয়ে একটি কর্মশালার আয়োজন করে সবার মতামত নিয়ে তা কার্যকর করা হবে।

বৈঠকে উপস্থিত একজন কর্মকর্তা বলেন, একেবারে না হলে পর্যায়ক্রমে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।

গত বছরের আগস্টে শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করতে গিয়ে প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সরকারি কলেজগুলোকে সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়ার বিষয়ে নির্দেশনা দিয়েছিলেন। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এই নির্দেশনা বাস্তবায়নে ঢিলেমি করে বলে অভিযোগ উঠে।

এ ছাড়া সভায় প্রস্তাবিত শিক্ষা আইন ও অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইনসহ কয়েকটি আইন দ্রুত করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এ জন্য সংশ্লিষ্টদের দায়িত্ব দেওয়া হয়েছে।