বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে করোনার টিকা পেলেন শিক্ষার্থীরা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল গতকাল বুধবার। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গতকাল সরকারি ছুটি থাকায় আজ দিবসটি উদ্যাপন করা হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে সশরীর ক্লাস শুরুর লক্ষ্যে করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়।
সকালে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন শুরু হয়। এ বছরের স্লোগান ‘এসো জ্ঞানের মশাল বয়ে নিয়ে যাই আগামীর পানে’।
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ভার্চ্যুয়ালি এক আলোচনা সভার আয়োজন করেছিল কর্তৃপক্ষ। সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কামালউদ্দীন আহমেদ বলেন, ‘করোনা সংকটের কারণে শিক্ষার্থীরা মানসিকভাবে বিষণ্ন হয়ে পড়েছে। তাদের সঙ্গে শিক্ষকদের সহযোগিতাপূর্ণ আচরণ করতে হবে। তাদের ওপর কোনোভাবে বাড়তি চাপ দেওয়া ঠিক হবে না। সংকট কাটিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।’
প্রধান অতিথি হিসেবে উপাচার্য ইমদাদুল হক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম বাড়াতে উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গেও সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেন্দ্রীয় গবেষণাগার তৈরি হবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা যেন বাইরে উচ্চশিক্ষা গ্রহণে বেশি বৃত্তি পায়, সে চেষ্টাও করা হচ্ছে।’
অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটগুলোর পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীরা যুক্ত ছিলেন।
এদিকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। ঢাকা জেলা সিভিল সার্জনের সহায়তায় ও ছাত্রকল্যাণ দপ্তরের উদ্যোগ বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে করোনার টিকা দেওয়া হয়। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করে আবার অনেকে সরাসরি টিকাকেন্দ্রে উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন করে টিকা নেন।
বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার সূত্রে জানা যায়, প্রথম দিনে ১৮০ শিক্ষার্থীকে প্রথম ডোজের টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তবে ১০৫ জন প্রথম ডোজের টিকা এবং ১০ শিক্ষার্থী দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করেন। এক মাস পর শিক্ষার্থীদের দ্বিতীয় ডোজের টিকা ক্যাম্পাসে দেওয়া হবে।
মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসক মিতা শবনম বলেন, টিকা গ্রহণ শেষে শিক্ষার্থীদের বিশ্রামাগারে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। কোনো শিক্ষার্থীর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।
বিশ্ববিদ্যালয় ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক আমিনুল ইসলাম বলেন, ‘ক্লাস-পরীক্ষা যেন আমরা পুরোদমে চালাতে পারি, সেই লক্ষ্যে আমরা টিকাদান কর্মসূচি শুরু করেছি। শিক্ষার্থীরা এখান থেকেই দ্বিতীয় ডোজের টিকা নিতে পারবে। আশার কথা হচ্ছে, ক্যাম্পাসের অধিকাংশ শিক্ষার্থী ইতিমধ্যে দ্বিতীয় ডোজের টিকা নেওয়া সম্পন্ন করে ফেলেছে।’
ঢাকা জেলা সিভিল সার্জন মঈনুল আহসান বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পূর্ণ ডোজ টিকা দিতে প্রয়োজনীয় টিকা সরবরাহ করা হবে।