বিশ্বমঞ্চে জাহাঙ্গীরনগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লন্ডনে পুরস্কার গ্রহণের সময় অতিথি ও উপস্থাপকের সঙ্গে মঞ্চে আকিব, নুসরাত ও আফতারুল
লন্ডনে পুরস্কার গ্রহণের সময় অতিথি ও উপস্থাপকের সঙ্গে মঞ্চে আকিব, নুসরাত ও আফতারুল

১৯ মার্চ। লন্ডনে বিশ্বের খ্যাতনামা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণেরা মেতে উঠেছিলেন ব্যবসা-বাণিজ্যের দুনিয়ার আলোচিত এক প্রতিযোগিতায়। বাণিজ্যপড়ুয়া শিক্ষার্থীদের জন্য ইউনিলিভার ‘ফিউচার লিডার্স লিগ’ নামের এ প্রতিযোগিতার আয়োজন করে।
২০১৪ সালে বাংলাদেশের ‘বিজমায়েস্ত্রোস’ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে এই লিগে অংশ নেওয়ার সুযোগ পান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএর তিন শিক্ষার্থী। ‘টিম বাংলাদেশ’-এর সদস্যরা হলেন নুসরাত খন্দকার, আকিব মাশরুল ও আফতারুল ইসলাম।
লন্ডনে অনুষ্ঠিত ফিউচার লিডার্স লিগ ২০১৫-এর চূড়ান্ত পর্বে টিম বাংলাদেশ প্রথম রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ভারতের এসপি জায়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ এবং দ্বিতীয় রানারআপ হয়েছে নরওয়ের টিম নর্ডিক। এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে আরও অংশ নেন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ইতালি, সাউথ আফ্রিকা, থাইল্যান্ডসহ মোট ৩০টি দেশের ৯০ জন শিক্ষার্থী।
ঢাকা ফিরলে টিম বাংলাদেশের সদস্যদের সঙ্গে আমরা কথা বলি। দলের অন্যতম সদস্য নুসরাত জানান, ‘বাংলাদেশের শিক্ষার্থীরা যে বিশ্বের অন্যান্য নামীদামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পাল্লা দিতে পারেন, তারই একটা উদাহরণ হতে চেয়েছিলাম আমরা। প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রথম রানারআপ করতে পেরে আমরা আনন্দিত, গর্বিত।’
এ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের ব্যবসা আর পণ্য বিপণন নিয়ে ভিন্নমাত্রিক উপস্থাপনা ও ধারণা প্রকাশ করতে হয়। প্রতিযোগিতায় টিম বাংলাদেশ কী ধারণা উপস্থাপন করেছিল? উত্তরে নুসরাত জানান, ‘ইউনিলিভারের কর্নেটো আইসক্রিমের ডিজিটাল মাধ্যমে প্রচারণা নিয়ে আমরা ধারণাকল্প তৈরি করি। অনলাইনে প্রায় ১০০ কোটি মানুষের কাছে কীভাবে এই পণ্যকে নিয়ে যাওয়া যায়, তারই বুদ্ধি খুঁজে বের করার কৌশল উদ্ভাবন করি আমরা।’
তরুণদের জন্য বিশ্বের অন্যতম সম্মানজনক এ প্রতিযোগিতায় বাংলাদেশকে ফাইনালে প্রতিনিধিত্ব করতে পেরে দারুণ রোমাঞ্চিত দলের সদস্যরা। আকিব জানান, ‘মঞ্চে যখন কথা বলছিলাম, তখন মনে হয়েছিল, বাংলাদেশের মানুষের হয়েই আমি কথা বলছি। আমার কথা মন্ত্রমুগ্ধ হয়ে যখন সবাই শুনছিল, তখন মনে হচ্ছিল, আমরাই বাংলাদেশ।’ নুসরাতও সায় দেন আকিবের কথায়। তিনি জানান, ‘এই সুযোগ ছিল আমাদের জন্য জীবন বদলে দেওয়ার মতো ঘটনা। বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে যখন নিজের দেশকে প্রতিনিধিত্ব করছি, তার অনুভূতি আর সম্মান কখনোই ভাষায় প্রকাশ করতে পারব না।’
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ইতালির বোক্কন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থমাসো এম ব্রেসাও বাংলাদেশকে বেশ ভালোভাবে চেনেন। থমাসো বাংলাদেশকে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসের দেশ হিসেবে চেনেন বলে জানান আফতারুলকে। শুধু গ্রামীণ ব্যাংকের দেশ নয়, বাংলাদেশকে ক্রিকেটের দেশ হিসেবেও চেনেন অনেকে। প্রতিযোগিতার এক বিচারক তো ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর কথা উল্লেখ করে বাংলাদেশের ক্রিকেটের প্রশংসা করেন। আকিব যোগ করেন, ‘দিক্ষণ আফ্রিকার শিক্ষার্থীরা বাংলাদেশকে চেনে সাকিব আল হাসানের দেশ হিসেবে। আমাদের লন্ডন সফরের সময় যেহেতু বিশ্বকাপ ক্রিকেট চলছিল, তাই আমরাও বেরিয়েছিলাম দেশের জার্সি চাপিয়ে। বিদেশের মাটিতে দেশের ক্রিকেট দলের জার্সি পরে ঘুরে বেড়ানোর আনন্দ আসলেই বলে বোঝানো যাবে না।’
‘টিম বাংলাদেশ’ দলের ভবিষ্যত পরিকল্পনা জানতে চাইলে আফতারুল ও আকিব জানান, তাঁরা উদ্যোক্তা হতে চান। আফতারুল বলেন, ‘এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে অর্জিত জ্ঞান, অভিজ্ঞতাকে ভিত্তি করে সাধারণ মানুষ ও বাংলাদেশের জন্য কাজ করতে চাই।’ আকিবও সায় দেন বন্ধুর কথায়। তিনি বলেন, ‘নিজের উদ্যোগে অনেক মানুষের কর্মসংস্থান হয় এমন কিছু করতে চাই।’ অন্যদিকে শুধু দেশের ব্যবসা জগতে নিজেকে আটকে রাখতে চান না নুসরাত। তিনি বলেন, ‘বহুজাতিক প্রতিষ্ঠানের প্রধান বা কর্মকর্তা হিসেবে নিজেকে আন্তর্জাতিক ব্যবসা ক্ষেত্রে দেখার স্বপ্ন দেখি আমি।’