
প্রিয় শিক্ষার্থী,এই সময় তোমাদের সবচেয়ে জরুরি বিষয় হলো, পঠিত বিষয়গুলো ভালো করে পড়া ও লেখা। এখন থেকে প্রতিটি মুহূর্ত তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ। যেসব বিষয় তুমি কম পারো, সেগুলোর প্রতি একটু বেশি সময় ব্যয় করো। আর কোনো বিষয় মুখস্থ করবে না। সবকিছু বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে। যেসব বিষয়ের পরীক্ষা সৃজনশীল পদ্ধতিতে অনুষ্ঠিত হবে, সেগুলোর মূল বই অবশ্যই পড়তে হবে। কারণ, মূল বই না পড়ে গাইড বই পড়ে কখনোই ভালো ফলাফল করতে পারবে না। হাতের লেখা যেন পরিচ্ছন্ন হয়। কাটতে হলে একটানে কাটতে হবে।
পরীক্ষা শেষ হওয়ার অন্তত ১০ মিনিট আগে প্রশ্নের উত্তর লেখা শেষ করবে। এরপর রিভিশন দেবে, প্রশ্নপত্রের নম্বরের সঙ্গে উত্তরপত্রের নম্বরের মিল আছে কি না তা দেখে নেবে। যদি অতিরিক্ত উত্তরপত্র ব্যবহার করে থাকো, তার অংশ সঠিকভাবে পূরণ ও মূল উত্তরপত্রের সঙ্গে স্ট্যাপলার করবে। কখনোই টেনশন করবে না। নিজের ওপর বিশ্বাস রাখো, তুমি পারবেই।
অধ্যক্ষ
ট্রাস্ট কলেজ, ঢাকা।