বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক
ডাচ্-বাংলা ব্যাংক ফাউন্ডেশন স্নাতক-পর্যায়ের শিক্ষার্থীদের বৃত্তি দেবে। ১৫ মার্চের মধ্যে এই বৃত্তির জন্য আবেদন করতে হবে।যেসব শিক্ষার্থী ২০১০ সালে জিপিএ-৫ এর মধ্যে জিপিএ ৪.৫ পেয়ে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস করেছেন, শুধু তাঁরাই আবেদন করতে পারবেন। শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের সুপারিশ ও শিক্ষার্থীদের ফলাফলের ভিত্তিতে এই বৃত্তি বছর বছর নবায়ন করা যাবে। তবে যেসব শিক্ষার্থী অন্য কোনো বৃত্তি পাচ্ছেন, তিনি এই বৃত্তির জন্য যোগ্য হবেন না। এই বৃত্তির ৯০ ভাগ দেওয়া হবে সিটি করপোরেশনের বাইরের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করা শিক্ষার্থীদের। এই বৃত্তিতে ৫০ শতাংশ নারী কোটা সংরক্ষণ করা হবে। এ বৃত্তির আওতায় শিক্ষার্থীদের প্রতি মাসে দুই হাজার ৫০০ টাকা করে দেওয়া হবে। আর বার্ষিক হিসেবে বইখাতা বাবদ পাঁচ হাজার ও পোশাক-পরিচ্ছদ বাবদ এক হাজার টাকা দেওয়া হবে। আবেদনপত্র সংশ্লিষ্ট ব্যাংকের যেকোনো শাখা থেকে সংগ্রহ করা যাবে। তবে যেসব জায়গায় এই ব্যাংকের কোনো শাখা নেই, সেসব জায়গার শিক্ষার্থীরা সাদা কাগজে জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও যোগাযোগের বিস্তারিতসহ আবেদন করতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে চার কপি ছবি, শিক্ষাগত যোগ্যতার নম্বরপত্র ও সনদপত্র প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সত্যায়িত করে জমা দিতে হবে। তা ছাড়া প্রার্থীদের অভিভাবকের আয়ের সনদ এবং প্রতিষ্ঠান প্রধানের প্রশংসাপত্র আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা—ডাচ্-বাংলা ব্যাংক ফাউন্ডেশন, সেনা কল্যাণ ভবন (ষষ্ঠ তলা), ১৯৫ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।