বৃষ্টির সঙ্গে গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. আশিকুর রহমান
মো. আশিকুর রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর দেখতে দেখতে অনেক বন্ধু জুটে গেল। তবে আমাদের আটজনের একটা বিশেষ গ্রুপ ছিল। আমরা নাম দিয়েছিলাম ‘উই’ অর্থাৎ ‘আমরা’। একবার একটা ক্লাবের সদস্য হওয়ার জন্য আমাদের একটা সেশনে অংশ নিতে হলো। সেশনটির নাম ‘ফটোগ্রাফি অন ক্যাম্পাস লাইফ’। ছবি জমা দেওয়ার শেষ দিনের আগের দিন আমরা তাড়াহুড়া করে কিছু ছবি তুললাম। গ্রুপের মাত্র আটজন ছিলাম সেদিন। বাকি চারজনের ক্লাবে যোগ দেওয়ার কোনো আগ্রহ ছিল না।
কিছু ছবি তোলার পর হঠাৎ খুব জোরে বৃষ্টি শুরু হলো। তাই ছবি তোলা না হলেও অন্য কিছু হলো। কী সেটা? গান! আমরা এমবিএ বিল্ডিংয়ের একটা ফাঁকা রুমে গিয়ে বসে গান গাওয়া শুরু করলাম। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির শব্দের সঙ্গে পাল্লা দিয়ে চিৎকার করে গান গাইছিলাম। একপর্যায়ে আমাদের এক বন্ধু তাসফিয়া এত জোরে গান ধরল, মনে হচ্ছিল কানে তালা লেগে যাবে। কিছুক্ষণ পর কিছু ভাইয়া আর আপু হুট করে রুমে ঢুকল। এসেই দিল বকা!
‘তোমাদের মধ্যে কে চিৎকার করে গান গাইছিল?’ শুনেই আমরা ভয় পেয়ে গেলাম। ভাইয়া-আপুদের দেখে মনে হলো তাঁরা অনেক সিনিয়র। কে গান গাইছিল জানার পর এক আপু বলে বসল, ‘এই মেয়ে, গান শোনাও।’ তাসফিয়া তো ভয়ে প্রায় থরথর। আমরাও কিছু বলতে পারছিলাম না।
শেষমেশ তাসফিয়া গান ধরল। ভাগ্য ভালো মেয়েটা ভালো গান জানত। গান শুনে আপু-ভাইয়ারা হেসে বলল, ‘এরপর থেকে এত জোরে গান গাইবে না, গলা ফেটে যাবে।’ বলেই চলে গেল। আমরা তো হাসতে হাসতে শেষ। তাসফিয়ার বাংলা পাঁচের মতো চেহারাটা ছিল দেখার মতো।
এই ঘটনার দুদিন পর জানতে পারলাম, যাদের আমরা ভাইয়া-আপু ভেবেছিলাম, তারা আসলে আমাদেরই ব্যাচের। তবে অন্য বিভাগের। সেদিন তাসফিয়ার গান শুনে ভালো লেগেছিল বলে সিনিয়র সেজে ওকে দিয়ে গান গাইয়েছিল। এরপর থেকে এই ‘ভাইয়া-আপুদের’ সঙ্গে যখনই দেখা হতো, কোনো কথা হতো না, শুধু হাসাহাসিই হতো। সত্যিই সেই বৃষ্টিস্নাত দিনটি অনেক দিন মনে থাকবে।
লেখক: প্রথম বর্ষ, ফিন্যান্স বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়