গণিত শেেখা, স্বপ্ন দেখো: হবিগঞ্জ, ময়মনসিংহ, নরসিংদী, সুনামগঞ্জ, টাঙ্গাইল ও কুষ্টিয়া আঞ্চলিক উৎসব নিয়ে বিশেষ আয়োজন
বেড়েছে মেয়েদের অংশগ্রহণ

শৈত্যপ্রবাহে দেশের প্রতিটি জেলারই মানুষের জনজীবন স্থবির। মধ্যদুপুরেও সূর্যের দেখে মেলে না অনেক জেলায়। এমনই আবহাওয়ায় শুরু হয় ১৩তম আঞ্চলিক গণিত উৎসবের ময়মনসিংহ, টাঙ্গাইল, সুনামগঞ্জ, হবিগঞ্জ, নরসিংদী ও কুষ্টিয়া অঞ্চলের পর্ব। শীতের সকালকে এক পাশেই রেখে শুরু হয় গণিত অলিম্পিয়াডের পরীক্ষাপর্ব। সোয়া এক ঘণ্টার পরীক্ষায় থাকে শিক্ষার্থীদের গণিত জয়ের সুন্দর প্রচেষ্টা। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে এ বছর থাইল্যান্ডে যাওয়ার আগে জাতীয় পর্বে যাওয়ার দিকে সবার নজর। কুয়াশা কিংবা ঠান্ডা কোনোটাই ঘরে আটকে রাখতে পারেনি তাদের।
পরীক্ষাপর্বের শেষে শুরু হয় সাংস্কৃতিক আয়োজন ও প্রশ্ন-উত্তর পর্ব। আঞ্চলিক উৎসবগুলোয় বন্ধুসভার সাংস্কৃতিক পরিবেশনা ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল লক্ষণীয়। তবে উৎসবের সব আকর্ষণ যেন প্রশ্ন-উত্তর পর্বকে ঘিরেই। শব্দতরঙ্গ কী, প্লুটোকে গ্রহের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে কেন, আপেক্ষিকতা তত্ত্ব কী—এমনতর পদার্থবিজ্ঞানের প্রশ্ন থাকে গণিতের প্রশ্নের সঙ্গে। শূন্য নিয়ে শিক্ষার্থীদের আগ্রহ লক্ষণীয়। সুন্দর প্রশ্ন করে মঞ্চের শিক্ষক, বিজ্ঞানী আর গণিতবিদদের বিপর্যস্ত করাই ছিল শিক্ষার্থীদের একমাত্র লক্ষ্য। সুন্দর প্রশ্নের জন্য পুরস্কার হিসেবে ছিল কিশোর আলো ও গণিতের জাদু।
এ উৎসবের আয়োজক বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। পৃষ্ঠপোষক ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড। সার্বিক ব্যবস্থাপনায় প্রথম আলো। ‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ স্লোগান নিয়ে প্রাথমিক, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক¦—এই চার বিভাগের শিক্ষার্থীরা উৎসবস্থলে অনুষ্ঠিত পরীক্ষাপর্বে অংশ নেয়। টাঙ্গাইলে বিবেকানন্দ হাইস্কুল অ্যান্ড কলেজ, হবিগঞ্জ বিকেজিসি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, নরসিংদীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় হাইস্কুল, সুনামগঞ্জের এইচএমপি উচ্চবিদ্যালয়় ও কুষ্টিয়া জিলা স্কুলে আঞ্চলিক পর্বের গণিত উৎসব অনুষ্ঠিত হয়।
বিভিন্ন আঞ্চলিক উৎসবে এবার চোখে পড়ার মতন বিষয় ছিল মেয়েদের অংশগ্রহণ। ‘গণিতে ছেলেরা ভালো’—সনাতনী এই ধারণা-তত্ত্বকে উড়িয়ে দিতেই যেন বাড়ছে মেয়েদের অংশগ্রহণ। ২০১৪ সালের আইএমওতে বাংলাদেশ গণিত দলে কোনো মেয়ে ছিল না। এবার বিভিন্ন অঞ্চলের বিজয়ীদের মধ্যে মেয়েদের সংখ্যা বেড়েছে বেশ। আশা করা যায় এবারের দলে মেয়েরা তাদের জায়গা খুঁজে পাবে। ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা বিদ্যালয়ের প্রভা মল্লিকা পণ্ডিতের ইচ্ছে আছে আইএমওতে যাওয়ার। বেশ কয়েকবার জাতীয় উৎসবে অংশ নেওয়া প্রভা জানায়, ‘জাতীয় উৎসবের গণ্ডি পেরিয়ে আইএমওতে অংশ নিতে চাই। তার জন্য এবার আরও বেশি বেশি প্রস্তুতি নিচ্ছি।’ এবারও ময়মনসিংহ অঞ্চল থেকে জাতীয় উৎসবে আসার সুযোগ পেয়েছে প্রভা।
কুষ্টিয়ায় উৎসব চলাকালীন জানা যায় পাটের জিন–নকশা উন্মোচনকারী বিজ্ঞানী মাকসুদুল আলমের মৃত্যুর খবর। সবাই নীরবে দঁাড়িয়ে এই মহান বিজ্ঞানীকে স্মরণ করেন।
গণিত উৎসবে রুবিকস কিউব মেলানোর প্রতিযোগিতায় অংশগ্রহণকারীও বেড়েছে আগের চেয়ে। বিভিন্ন জায়গায় কয়েক রাউন্ডে প্রতিযোগিতা করে বিজয়ী নির্ধারণ করা হয়। ঢাকায় জাতীয় উৎসবে শুধু গণিত উৎসবে বিজয়ীরা আসার সুযোগ পায় না, রুবিকস কিউব প্রতিযোগিতায় অংশ নিতে আসতে পারে যে কেউ। আর তাই তো জাতীয় গণিত উৎসবে আসার সুযোগ না পেলেও ঠিকই রুবিকস মেলাতে ঢাকায় আসতে চায় টাঙ্গাইলের বিবেকানন্দ হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী কৈলাশ শেখর ও পারভেজ হাসান। দুই বন্ধু প্রায় একই সঙ্গে বলে, ‘বিজয়ী হতে পারিনি কিন্তু রুবিকস মেলাতে ঠিকই জাতীয় উৎসবের দিনে ঢাকা চলে যাব। দেখা হবে ঢাকায়!’