বেরোবিতে স্নাতকে ভর্তি আবেদনের সময় বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান), বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বিবিএ প্রোগ্রামে প্রথম বর্ষে ভর্তির আবেদনের সময় বাড়ানো হয়েছে। আগামী ২৬ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত ভর্তির জন্য আবেদন করা যাবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. হাসিবুর রশীদের সভাপতিত্বে গতকাল বুধবার বিকেলে প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বেরোবি ক্যাম্পাস
ছবি: বেরোবির ওয়েবসাইট

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিত ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান), বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বিবিএ প্রোগ্রামে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তির আবেদন প্রক্রিয়ার সময় বাড়ানো হয়েছে। ২৬ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত ভর্তির জন্য আবেদন করা যাবে।

কেবল জিএসটি গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরাই ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। এর আগে প্রথম দফায় গত ৩০ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন আহ্বান করা হয়।

একদিন যে প্রাঙ্গণ ছিল বৃক্ষহীন, আজ সেখানে সবুজের সমারোহ। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
ছবি: মইনুল হোসেন

এ বছর বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদভুক্ত ২২টি বিভাগে মোট ১ হাজার ৩৯৫ শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে কলা অনুষদের ৩টি বিভাগে ২১৫টি, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ৬টি বিভাগে ৩৭৫টি, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ৪টি বিভাগে ৩০৫টি, বিজ্ঞান অনুষদভুক্ত ৪টি বিভাগে ২৮০টি, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত ২টি বিভাগে ১০০টি এবং জীব ও ভূবিজ্ঞান অনুষদভুক্ত ২টি বিভাগে ১২০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এ ছাড়া এ সংখ্যার অতিরিক্ত ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা, ১ দশমিক ৫ শতাংশ ক্ষুদ্র জাতিসত্তা, ১ শতাংশ প্রতিবন্ধী, ২ শতাংশ পোষ্য এবং শূন্য শতাংশ ৫ শতাংশ দলিত কোটায় ভর্তি করা হবে।

আবেদন প্রক্রিয়াসহ ভর্তিসংক্রান্ত যাবতীয় তথ্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে।