ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মনোবিজ্ঞান বিভাগে একাডেমিক ফলে এগিয়ে থাকা এক প্রার্থীকে বাদ দিয়ে তাঁর চেয়ে কম ফলধারী এক প্রার্থীকে প্রভাষক পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে। এর কারণ হিসেবে নির্বাচনী বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছে, বাদ পড়া প্রার্থী একাডেমিক ফলাফলে এগিয়ে থাকলেও, সাক্ষাৎকারে তাঁর চেয়ে ভালো করেছেন সুপারিশ পাওয়া প্রার্থী। তবে বিভাগটির শিক্ষকদের একটি অংশের দাবি, এখানে ‘পক্ষপাতমূলক আচরণ’ করা হয়েছে৷
সুপারিশ না পাওয়া প্রার্থীর নাম সৈয়দা আছিয়া আশা। তিনি মনোবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকে ৪ ও স্নাতকোত্তরে ৩ দশমিক ৭১ সিজিপিএ (কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ) পান। পরে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয় থেকেও স্নাতকোত্তর করেন আছিয়া। অন্যদিকে সুপারিশ পাওয়া আমিনুল ইসলাম স্নাতকে ৩ দশমিক ৬৭ ও স্নাতকোত্তরে ৩ দশমিক ৮১ সিজিপিএ পেয়েছেন।
মনোবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তরে তিনটি বিভাগ রয়েছে। এগুলো হলো ‘মাস্টার্স ইন সাইকোলজি’, ‘মাস্টার্স ইন স্কুল সাইকোলজি’ ও ‘মাস্টার্স ইন ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি’। স্নাতকোত্তরে সৈয়দা আছিয়া আশা মাস্টার্স ইন সাইকোলজির আর আমিনুল ইসলাম মাস্টার্স ইন স্কুল সাইকোলজির শিক্ষার্থী ছিলেন।
মনোবিজ্ঞান বিভাগের দুজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, এই নিয়োগের নির্বাচনী বোর্ডে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যের (শিক্ষা) সঙ্গে মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও আরেকজন জ্যেষ্ঠ অধ্যাপক ছিলেন। বিভাগের দুজন শিক্ষকই মাস্টার্স ইন স্কুল সাইকোলজির শিক্ষক। আমিনুল ইসলাম স্কুল সাইকোলজির ছাত্র হওয়ায় এখানে পক্ষপাতমূলক আচরণ হয়েছে। ভালো একাডেমিক ফল ও অন্য যোগ্যতা থাকা সত্ত্বেও সৈয়দা আছিয়া আশার নিয়োগের সুপারিশ না পাওয়ার এটাই কারণ।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. কামাল উদ্দিন দাবি করেন, এই সুপারিশে কোনো পক্ষপাতমূলক আচরণ করা হয়নি। এ বিষয়ে নির্বাচনী বোর্ডের প্রধান বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যের (শিক্ষা) সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।
জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল প্রথম আলোকে বলেন, ‘মনোবিজ্ঞান বিভাগে নিয়োগের দুজন প্রার্থীই বিভাগের ভিন্ন দুটি ব্যাচে স্নাতকে প্রথম হয়েছিলেন। যাঁকে সুপারিশ করা হয়নি, তাঁর একাডেমিক ফলাফল থেকে শুরু করে কোনো কিছুই খারাপ নয়, সাক্ষাৎকারেও খারাপ করেননি৷ তবে যে প্রার্থীকে সুপারিশ করা হয়েছে, তিনি সাক্ষাৎকারে তুলনামূলক ভালো করেছেন। তাঁদের দুজনের একাডেমিক ফলাফল কাছাকাছি। বোর্ডে যাঁরা ছিলেন, তাঁরা যেভাবে নির্দেশনা দিয়েছেন, সেই অনুযায়ীই সুপারিশ করা হয়েছে। বোর্ডে যাঁরা ছিলেন, তাঁরা তাঁদেরই শিক্ষক। তাঁরা মতামত দিয়েছেন, আমিও পর্যবেক্ষণ করেছি। বোর্ড যাঁকে যোগ্য মনে করেছে, তাঁকেই সুপারিশ করা হয়েছে।’
মাকসুদ কামাল আরও বলেন, ‘একাডেমিক ফলাফল, সাক্ষাৎকারের পারফরম্যান্স ও প্রকাশনা—সবকিছু বিবেচনায় নিয়ে নিয়োগের সুপারিশ করা হয়ে থাকে। যদি শুধু ফলাফলই নিয়োগের একমাত্র বিবেচনা হতো, তাহলে বিভাগই বলত যে ফলাফলের ভিত্তিতেই নিয়োগ দিয়ে দেওয়া হোক। সাক্ষাৎকারের প্রয়োজন নেই। সাক্ষাৎকারে প্রশ্নের উত্তর কীভাবে দিচ্ছেন, একজন প্রার্থী শিক্ষক হিসেবে নিজেকে প্রকাশ করতে পারছেন কি না, তাও বিবেচনায় নেওয়া হয়।’