বোর্ডে ভালো করেছে খুলনা জেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসিতে ভালো ফল করা শিক্ষার্থীদের উচ্ছ্বাস। বিদ্যালয় প্রাঙ্গণ থেকে গতকাল তোলা ছবি l প্রথম আলো
ফরিদপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসিতে ভালো ফল করা শিক্ষার্থীদের উচ্ছ্বাস। বিদ্যালয় প্রাঙ্গণ থেকে গতকাল তোলা ছবি l প্রথম আলো

এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় যশোর বোর্ডে ভালো ফল করেছে খুলনা জেলার বিদ্যালয়গুলো। এই জেলার ৩৮০টি বিদ্যালয়ের ২০ হাজার ৭৬৬ জন শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১৮ হাজার ৪৪৯ জন। পাসের হার ৮৮ দশমিক ৮৪ শতাংশ।
পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছেলে ৯ হাজার ৪৯৮ জন এবং মেয়ে ৮ হাজার ৯৫১ জন।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, যশোর বোর্ডের সেরা ২০ বিদ্যালয়ের মধ্যে খুলনার নয়টি বিদ্যালয় রয়েছে। বোর্ডে তৃতীয় স্থানে আছে খুলনার মিলিটারি কলেজিয়েট স্কুল (এমসিএসকে)। এখান থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১০৬ জন শিক্ষার্থী। তারা সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৭৪ জন শিক্ষার্থী। প্রথমবারের মতো বিদ্যালয়টি থেকে ছাত্রী শাখায় ৪৩ জন পরীক্ষায় অংশ নেয়।
যশোর বোর্ডে চতুর্থ স্থানে আছে খুলনা পাবলিক কলেজ। এই প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া ১৭২ জন শিক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১২০ জন।
পঞ্চম স্থানে আছে খুলনা সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়। তাদের ২৯২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৮৯ জন। জিপিএ-৫ পেয়েছে ১৮০ জন। সপ্তম হয়েছে খুলনা জিলা স্কুল। এখানে ৪৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৩০ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২০১ জন। নবম স্থানে আছে সরকারি ল্যাবরেটরি মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের ১৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭৩ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৯১ জন।
যশোর বোর্ডে ১৪তম স্থানে আছে খুলনা সরকারি বালিকা বিদ্যালয়। এর ১২৩ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৫৮ জন। ১৫তম খুলনার ডুমুরিয়া উপজেলার শাহপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয় ৫১ জন শিক্ষার্থী। শতভাগ পাসসহ এটি থেকে জিপিএ-৫ পেয়েছে ২৫ জন। ১৮তম খুলনা বিদ্যুৎকেন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের ৬২ জন শিক্ষার্থীর মধ্যে ৬১ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৮ জন। ২০তম স্থানে আছে বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ। এবারের পরীক্ষায় বিদ্যালয়টি থেকে ২২৭ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ২১৯ জন। জিপিএ-৫ পেয়েছে ৮১ জন।
মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনার অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল সরোয়ার হোসেন বলেন, ‘এখানে শিক্ষার্থীদের একটা শৃঙ্খলার মধ্যে রেখে পাঠদান করা হয়। পাঠ্যক্রমও সময়মতো শেষ করেন শিক্ষকেরা। এ জন্য আমাদের শিক্ষার্থীরা বরাবরই পরীক্ষায় ভালো করে। এবার প্রথমবারের মতো ৪৩ জন মেয়ে স্কুল থেকে পরীক্ষা দিয়েছে। এরা তুলনামূলকভাবে একটু খারাপ ফল করেছে। এ কারণে আমরা পিছিয়ে আছি। তবে ভবিষ্যতে বোর্ডের মধ্যে সেরা হওয়ার আশা করছি।’
খুলনা পাবলিক কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল কাজী শাহাবুদ্দিন আহমেদ বলেন, স্কুল শাখার এ সাফল্য মূলত শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় সম্ভব হয়েছে। পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আলাদা করে পর্যবেক্ষণ করা হয়। এ কারণে প্রতিষ্ঠানটির সাফল্য দিন দিন বাড়ছে।