বোর্ডের শীর্ষে বরিশাল জেলা পাসের হারে এগিয়ে মেয়েরা

বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে জেলাভিত্তিক পাসের হার এবং জিপিএ-৫—দুটিতেই এগিয়ে বরিশাল জেলা। আর পুরো বোর্ডে পাসের হারে মেয়েরা এগিয়ে আছেন।
বরিশাল শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, জেলার ৯০টি কলেজের ২০ হাজার ৭৮২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৫ হাজার ১৫৯ জন। পাসের হার ৭২ দশমিক ৯৪। জিপিএ-৫ পেয়েছেন ৭৯৭ জন।
দ্বিতীয় অবস্থানে রয়েছে ঝালকাঠি জেলা। জেলার ২৮টি কলেজের ৪ হাজার ৩২১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩ হাজার ১২৯ জন। পাসের হার ৭২ দশমিক ৪১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৬১ জন।
তৃতীয় অবস্থানে থাকা পিরোজপুর জেলার ৪৪টি কলেজের ৭ হাজার ৭৫১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৫ হাজার ৫২১ জন। পাসের হার ৭১ দশমিক ২৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১৫৩ জন।
চতুর্থ অবস্থানে রয়েছে বরগুনা জেলা। জেলার ৩৬টি কলেজের ৫ হাজার ৪৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩ হাজার ৪৯০ জন। পাসের হার ৬৯ দশমিক ৪৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৬৩ জন।
পঞ্চম অবস্থানে আছে ভোলা জেলা। এখানকার ৪৪টি কলেজের ৭ হাজার ৩৯১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৫ হাজার ১২৬ জন। পাসের হার ৬৭ দশমিক ২০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১৬৭ জন।
সবশেষে রয়েছে পটুয়াখালী জেলার অবস্থান। জেলার ৫৯টি কলেজের ১০ হাজার ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ হাজার ৩৭২ জন। পাসের হার ৬৩ দশমিক শূন্য ৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৭৮ জন।
একই সঙ্গে বোর্ডে ফলাফলে পাসের হারে মেয়েরা এগিয়ে আছেন। মেয়েদের পাসের হার ৭৩ দশমিক ১৬। অন্যদিকে ছেলেরা পাস করেছেন ৬৯ দশমিক শূন্য ৫ শতাংশ।
বিজ্ঞান বিভাগে মেয়েদের পাসের হার ৭৭ দশমিক শূন্য ৩ শতাংশ। ছেলেরা পাস করেছেন ৭৩ দশমিক ৮৯ শতাংশ। মানবিক বিভাগে মেয়েরা পাস করেছেন ৬৮ দশমিক ৬৯ শতাংশ এবং ছেলেদের পাসের হার ৫৯ দশমিক ৮৫ শতাংশ। অন্যদিকে ব্যবসায় শিক্ষা বিভাগে মেয়েদের পাসের হার ৮১ দশমিক ৭৬ শতাংশ এবং ছেলেদের পাসের হার ৭২ দশমিক ৭৩ শতাংশ।
এ ছাড়া মেয়েরা জিপিএ-৫ পেয়েছেন ৬৫৯ জন। ছেলেরা পেয়েছেন ৬৬০ জন। বরিশাল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এ কে এম এনায়েত হোসাইন বলেন, ‘মেয়েরা যতটা বেশি পড়াশোনায় সময় দেয়। সেই পরিমাণ সময় ছেলেরা দিচ্ছে না। আর মেয়েদের মধ্যে ভালো করার প্রতিযোগিতা লক্ষ করা গেছে। সেই প্রতিযোগিতায় তারা ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে।’