ব্যব. নীতি ও প্রয়োগ ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়ের প্রকৃতিপ্রশ্ন: উত্তম পরিকল্পনার গুণাবলি বা বৈশিষ্ট্য আলোচনা করো।উত্তর: প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য পরিকল্পনা রচিত হয়। যে পরিকল্পনা ব্যবহার করে উদ্দেশ্য বা লক্ষ্য সহজে অর্জন করা যায়, তাকে উত্তম বা আদর্শ পরিকল্পনা বলা হয়। উত্তম পরিকল্পনার বিশেষ কিছু গুণ বা বৈশিষ্ট্য নিচে তুলে ধরা হলো: ১. লক্ষ্যমুখী: পরিকল্পনা রচিত হয় সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য। যে পরিকল্পনা সুনির্দিষ্ট লক্ষ্যের বা উদ্দেশ্যের সঙ্গে মিল রেখে তৈরি করা হয়, তাকে উত্তম পরিকল্পনা বলা যায়। ২. সহজবোধ্য: পরিকল্পনা সহজ-সরল হওয়া উচিত। পরিকল্পনা বাস্তবায়নের সঙ্গে যারা জড়িত, তারা যেন তা সহজে বুঝতে পারে। অন্যথায় বাস্তবায়নে জটিলতা সৃষ্টি হবে। ৩. পরিবর্তনশীলতা: ব্যবসায় পরিবেশ যেমন ক্রেতার রুচি, চাহিদা, পণ্যমূল্য, প্রতিযোগীদের অবস্থা ইত্যাদি সদা পরিবর্তনশীল। কাজেই পরিকল্পনা এমন হওয়া উচিত, যেন পরিবর্তনের সঙ্গে সহজে খাপ খাওয়ানো যায়। ৪. ধারাবাহিকতা: পরিকল্পনা একটি চলমান প্রক্রিয়া। একটি পরিকল্পনা শেষ না হতেই অন্যটি হাজির থাকা উচিত। কেননা পরিকল্পনা ব্যতীত কোনো কাজে সাফল্য আসে না। ৫. নির্ভুল: উত্তম পরিকল্পনা সাধারণত নির্ভুল হয়ে থাকে। নির্ভুল পরিকল্পনাই সঠিক কাজের দিকনির্দেশনা দিতে পারে। ৬. তথ্যনির্ভর: উত্তম পরিকল্পনা অবশ্যই তথ্যভিত্তিক হওয়া উচিত। তথ্যভিত্তিক পরিকল্পনা বাস্তবসম্মত হয় এবং বাস্তবায়ন সহজ হয়। ৭. দক্ষতা: যে পরিকল্পনা ব্যবহার করে সর্বনিম্ন ব্যয়ে সর্বাধিক লক্ষ্যমাত্রা অর্জন করা যায়, তা-ই দক্ষ পরিকল্পনা। কাজেই দক্ষতা উত্তম পরিকল্পনার একটি বিশেষ গুণ। ৮. বাস্তবমুখী: পরিকল্পনা বাস্তবমুখী হওয়া উচিত। অবাস্তব পরিকল্পনার মাধ্যমে কোনো উদ্দেশ্য অর্জিত হয় না। ৯. নির্দিষ্ট সময়সীমা: পরিকল্পনার কোন কাজ কখন শুরু হবে এবং কখন শেষ হবে, এর নির্দিষ্ট সময় থাকা উচিত। তাহলে প্রতিটি কাজে গতি সৃষ্টি হবে। ১০. সমন্বয়: উত্তম পরিকল্পনার অন্যতম বৈশিষ্ট্য হলো বিভিন্ন বিভাগ, উপবিভাগ ও স্তরের কর্মকাণ্ডে সমন্বয় ঘটানো। অন্যথায় কাজে বিশৃঙ্খলা দেখা দেবে। ১১. সম্পদের সর্বোত্তম ব্যবহার: সম্পদের পূর্ণ ব্যবহার প্রতিষ্ঠানের সাফল্য নিশ্চিত করে। উত্তম পরিকল্পনার মাধ্যমে তা করা সম্ভব। ১২. গ্রহণযোগ্যতা: পরিকল্পনা এমনভাবে প্রণয়ন করা উচিত, যাতে করে কর্মীদের কাছে গ্রহণযোগ্য হয়। তা না হলে পরিকল্পনা বাস্তবায়নে তারা আন্তরিক হবে না। ১৩. বিস্তৃতি: প্রতিষ্ঠানের সব কর্মকাণ্ডেই পরিকল্পনা থাকা উচিত। কেননা পরিকল্পনাহীন কোনো কাজ ফলপ্রসূ হয় না। ড. সি বি গুপ্ত বলেন, পরিকল্পনার মাধ্যমে প্রত্যেক ম্যানেজারের পদমর্যাদা অনুযায়ী কাজের ক্ষেত্র তৈরি করা হয়। ১৪. সঠিক দিকনির্দেশনা: পরিকল্পনা হলো পথ, যার মাধ্যমে ভবিষ্যতে চলব। কাজেই উত্তম পরিকল্পনা উদ্দেশ্য অর্জনে সঠিক পথ দেখায়। ১৫. পরিকল্পনার কৌশল: পরিকল্পনা ব্যবহারের সময় কর্মী, প্রতিযোগী, সরকার ইত্যাদি পক্ষ থেকে বাধার সম্মুখীন হলে তা মোকাবিলার কৌশল আগেই ঠিক করা থাকে। ১৬. কর্মীদের অংশগ্রহণ: কর্মীদের অংশগ্রহণের মাধ্যমে প্রণীত পরিকল্পনা উত্তম। কারণ কর্মীদের কাছ থেকে প্রাপ্ত বিভিন্ন তথ্য বা পরামর্শ পরিকল্পনার মান বৃদ্ধি করে। তা ছাড়া এর বাস্তবায়নে কর্মীরা আন্তরিক হয়। পরিশেষে বলা যায়, প্রতিষ্ঠানের লক্ষ্যমাত্রা অর্জনে যেমন একটি উত্তম পরিকল্পনা প্রয়োজন, তেমনি পরিকল্পনা উত্তম হতে হলে তার মধ্যে কতিপয় বৈশিষ্ট্য বা গুণ থাকা প্রয়োজন। ওপরে সেগুলো আলোচনা করা হয়েছে। এ সম্পর্কে Ivancevich and others বলেন, ‘ব্যবস্থাপনার মূল চাবিই হলো পরিকল্পনা।’