ব্যবসায় নীতি ও প্রয়োগ
অধ্যায়-৫ প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সূচি পেয়ে গেছ। আজ তোমাদের জন্য ব্যবসায় নীতি ও প্রয়োগ দ্বিতীয় পত্রের (ব্যাংকিং ও বীমা) ৫ম অধ্যায় থেকে একটি উদ্দীপক ও এর উত্তর নিয়ে আলোচনা করছি।# ব্যবসায়িক লেনদেন বাবদ জনাব ক তাঁর বন্ধু খ-কে ১০,০০,০০০ (দশ লাখ) টাকার একটি চেক প্রদান করলেন। চেকটিতে গ্রাহকের নাম হিসেবে খ-এর পাশাপাশি ‘অথবা বাহককে’ শব্দদ্বয় উল্লেখ ছিল। চেকটি পেয়ে জনাব খ তাঁর বন্ধু জনাব ক-কে এর ওপরে বাঁ পাশে আড়াআড়িভাবে দুটি সমান্তরাল দাগ টেনে দিতে বললেন। তাঁর যুক্তি, এতে চেকের মাধ্যমে লেনদেন অপেক্ষাকৃত বেশি নিরাপদ হয়।ক. ব্যাংক কী?খ. ব্যাংক পাস বই বলতে কী বোঝায়?গ. জনাব ‘ক’ তাঁর বন্ধুকে প্রথমে কোন ধরনের চেক প্রদান করেছিলেন, ব্যাখ্যা করো।ঘ. জনাব খ-এর পরামর্শ অনুযায়ী চেকটির পরিবর্তন কী লেনদেনকে অধিক নিরাপদ করবে? তোমার মতের সপক্ষে যুক্তি দাও।উত্তর: ক: ব্যাংক একটি আর্থিক মধ্যস্থতাকারী ব্যবসাপ্রতিষ্ঠান, যা জনগণ থেকে অর্থ আমানত হিসেবে গ্রহণ করে, ঋণ দেয়, গ্রাহকের প্রতিনিধিত্ব করে এবং ঋণ ও অর্থ সৃষ্টিসহ বিভিন্ন ধরনের আর্থিক কাজ সম্পাদন করে।উত্তর: খ: ব্যাংক ও তার গ্রাহকের মধ্যকার সব লেনদেন লেখার জন্য ব্যাংক গ্রাহকদের যে ছোট বই সরবরাহ করে, তাকে ব্যাংক পাস বই বলে।সঞ্চয়ী হিসাব খোলার পর ব্যাংক তার গ্রাহককে লেনদেন-সংক্রান্ত তথ্য সরবরাহের লক্ষ্যে যে ছোট বই সরবরাহ করে, তাকে পাস বই বলে। এতে গ্রাহকের নাম, হিসাব নম্বর, প্রারম্ভিক জের, জমা, উত্তোলন ইত্যাদি তারিখ অনুসারে উল্লেখ থাকে। ইদানীং কিছু ব্যাংক পাস বইয়ের বদলে ব্যাংক জমা রসিদ বা ডিপোজিট স্লিপ প্রদান করে।উত্তর: গ: জনাব ক তাঁর বন্ধু খ-কে ব্যবসায়িক লেনদেন বাবদ প্রথমে একটি ‘বাহক চেক’ প্রদান করেছিলেন।‘বাহক চেক’ বলতে ওই সব চেককে বোঝায়, যেগুলোয় গ্রাহকের নামের পাশে অথবা বাহককে শব্দদ্বয় লিপিবদ্ধ থাকে। এ ধরনের চেক গ্রাহক নিজে বা অন্য যেকোনো ব্যক্তিকে দিয়ে নগদ (ক্যাশ) করতে পারে। এ চেকে প্রাপকের নাম লেখা না থাকলেও ব্যাংক এর বাহককে টাকা পরিশোধ করতে পারে।উদ্দীপকে আমরা দেখতে পাই, জনাব ক তাঁর ব্যবসায়িক লেনদেন বাবদ জনাব খ-কে ১০,০০,০০০ (দশ লাখ) টাকার একটি চেক প্রদান করেছিলেন। চেকটিতে গ্রাহকের নামের পাশে ‘অথবা বাহককে’ শব্দ দুটি যুক্ত ছিল। আমরা জানি, বাহক চেকের ক্ষেত্রে গ্রাহকের নামের পাশে ‘অথবা বাহককে’ শব্দদ্বয় লিপিবদ্ধ থাকে। সুতরাং এই বৈশিষ্ট্য প্রমাণ করে, জনাব ক প্রথমে বাহক চেক দিয়েছিলেন।উত্তর: ঘ: আমি মনে করি, জনাব খ-এর পরামর্শ অনুযায়ী চেকটিকে পরিবর্তন করলে তা লেনেদনকে অধিক নিরাপদ করবে। কারণ, জনাব খ যে পরামর্শ দিয়েছিলেন, তা ছিল চেকটিকে ‘দাগকাটা চেক’-এ রূপান্তরিত করা।দাগকাটা চেক বলতে ওই ধরনের চেককে বোঝায়, যার ওপরে বাঁ পাশে কোনায় আড়াআড়িভাবে দুটি সমান্তরাল দাগ কাটা থাকে। দাগ দুটির মাঝে কোনো কিছু লেখা থাকতে পারে আবার না-ও থাকতে পারে। কিন্তু এ ধরনের চেকের অর্থ কোনোভাবেই নগদে উত্তোলন করা যায় না বরং তা গ্রাহকের ব্যাংক হিসাবের মাধ্যমে উত্তোলন করতে হয়।উদ্দীপকে আমরা দেখতে পাই, জনাব ক যখন একটি বাহক চেক তাঁর বন্ধুকে প্রদান করেছিলেন, তখন তাঁর বন্ধু তাঁকে চেকের ওপরে আড়াআড়িভাবে দুটি সমান্তরাল দাগ দিয়ে দিতে বললেন। আমরা জানি, শুধু দাগকাটা চেকেই এ ধরনের রেখা অঙ্কিত থাকে। তা ছাড়া আমরা দেখি, চেকটি ছিল ১০,০০,০০০ টাকার। বড় অঙ্কের চেক সাধারণত দাগকাটা চেকই হয়। এতে নিরাপত্তা বেশি থাকে।জনাব খ বলেছেন, দাগকাটা চেকের মাধ্যমে লেনদেন অপেক্ষাকৃত বেশি নিরাপদ। আমি এ যুক্তিকে সমর্থন করি। কারণ, দাগকাটা চেকের অর্থ নগদ তোলা যায় না। এ ক্ষেত্রে গ্রাহকের ব্যাংক হিসাবে চেকটি প্রথমে জমা দিতে হয়। অতঃপর তা ‘নিকাশ ঘরের’ মাধ্যমে নিকাশ হয়ে গ্রাহকের হিসাবে জমা হয়। এ প্রক্রিয়ায় চেক জালিয়াতি বা চুরির আশঙ্কা একেবারেই কম। তা ছাড়া বড় অঙ্কের লেনদেনের ক্ষেত্রে বাহক বা হুকুম চেক ব্যবহার হলে নিরাপত্তা কম থাকে। দাগকাটা চেকের ক্ষেত্রে টাকা ব্যাংক হিসাবে জমা হয়ে যায় বিধায় নিরাপত্তা শুরু থেকেই বেশি হয়। সুতরাং জনাব খ-এর পরামর্শমতো চেকটির পরিবর্তন লেনদেনকে অধিক নিরাপদ করবে বলে আমি মনে করি।