ব্যবসায় নীতি ও প্রয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজ রয়েছে ব্যবসায় নীতি ও প্রয়োগ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর।# x ও y দুই ব্যবসায়ী যথাক্রমে জেনেটিক কোম্পানি লি. ও জেনুইন কোম্পানি লি. নামে দুটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রতিবছরের মতো জেনেটিক কোম্পানি লি. ২০১২ অর্থবছরে নির্ধারিত সময়ে পাঁচ লাখ টাকা কর প্রদান করে দায়মুক্ত হয়েছে। কিন্তু জেনুইন কোম্পানি পর পর তিন বছর কর না দিয়েই ব্যবসায় করছে। এর বিপক্ষে কোনো ধরনের কার্যকরী পদক্ষেপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্রহণ করেনি।ক. ব্যবসায় মূল্যবোধ কী? খ. অর্থনৈতিক পরিবেশ বলতে কী বোঝো? গ. ২০১২ অর্থবছরে জেনেটিক কোম্পানি লি. কর প্রদান করে কার প্রতি দায়িত্ব পালন করেছে? বর্ণনা করো। ঘ. জেনুইন কোম্পানি লিমিটেডের পর পর তিন বছর কর না দেওয়ার প্রবণতাকে কি নৈতিকতার প্রতি উদাসীনতা হিসেবে অভিহিত করা যায়? তোমার মতের পক্ষে যুক্তি খণ্ডন করো। উত্তর: ক. ব্যবসায় মূল্যবোধ: কোনো ব্যক্তি বা দলের ধ্যান-ধারণা, চিন্তা-বিশ্বাস ইত্যাদির আলোকে দীর্ঘদিনে গড়ে ওঠা একটা বিচারের মানদণ্ডকে মূল্যবোধ বলে। ব্যবসায়ের ক্ষেত্রে এ রকম প্রভাবিতকারী মানদণ্ডগুলোকেই ব্যবসায় মূল্যবোধ বলে।উত্তর: খ. অর্থনৈতিক পরিবেশ: সঞ্চয়, বিনিয়োগ, মূলধন, মানবসম্পদ, অর্থ, ঋণ ইত্যাদির ওপর ভিত্তি করে কোনো দেশে যে পরিবেশের সৃষ্টি হয়, তাকে অর্থনৈতিক পরিবেশ বলে।ব্যবসায় পরিবেশের অন্তর্গত অন্যতম এই পরিবেশ ব্যবসায়কে প্রভাবিত করে নিবিড়ভাবে। অর্থনৈতিক দুষ্টচক্রের জন্য বাংলাদেশে এই পরিবেশের প্রতিকূল অবস্থা বিরাজমান।উত্তর: গ. ২০১২ অর্থবছরে জেনেটিক কোম্পানি লি. কর প্রদান করে সরকারের প্রতি সামাজিক দায়িত্ব পালন করেছে।সমাজের প্রতি ব্যবসায়ের যে দায়িত্ব, তাকে ব্যবসায়ের সামাজিক দায়িত্ব বলে। ব্যবসায়ীরা সমাজের বিভিন্ন পক্ষের প্রতি দায়িত্ব পালন করেন। তাঁদের মধ্যে সরকার অন্যতম। সরকার যেকোনো সমাজের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল সংস্থা। দেশের ব্যবসায় উন্নয়নে সরকারের যেমন দায়িত্ব রয়েছে, তেমনিভাবে ব্যবসায়ীদেরও সরকারের প্রতি দায়িত্ব থাকে। যেমন যথারীতি কর ও রাজস্ব প্রদান করা, সরকারি নিয়ম মানা ইত্যাদি।উদ্দীপকে জেনেটিক কোম্পানি লি. ২০১২ অর্থবছরে নির্ধারিত সময়ে পাঁচ লাখ টাকা কর প্রদান করেছে। এই কর প্রদান করে প্রতিষ্ঠানটি ব্যবসায়ী হিসেবে সরকারের প্রতি তার ওপর অর্পিত সামাজিক দায়িত্ব পালন করেছে।সুতরাং আমরা বলতে পারি, উদ্দীপকের জেনেটিক কোম্পানি লি. ব্যবসায়ী হিসেবে কর দিয়ে সরকারের প্রতি সামাজিক দায়িত্ব পালন করেছে।উত্তর: ঘ. জেনুইন কোম্পানি লিমিটেডের পর পর তিন বছর কর না দেওয়ার প্রবণতাকে নৈতিকতার প্রতি উদাসীনতা হিসেবে অভিহিত করা যায়। এর পেছনে যুক্তি হলো, এখানে শাস্তির ভয়ের অনুপস্থিতি রয়েছে।আমরা জানি, ব্যবসায় নৈতিকতা হলো ব্যবসায় সিদ্ধান্ত গ্রহণ ও কার্যক্রম পরিচালনার নৈতিক মানদণ্ড মেনে চলা। অর্থাৎ কী করা উচিত আর কী করা অনুচিত, নীতি বোধের বিচারে এই সূক্ষ্ম আচরণকেই ব্যবসায় নৈতিকতা বলা যায়। আমাদের দেশে এই নৈতিকতার ব্যাপারে অনেক ব্যবসায়ীকে উদাসীন দেখা যায়। এর জন্য বিভিন্ন কারণ দায়ী। যেমন—শাস্তির ভয়ের অনুপস্থিতি। এই প্রেক্ষাপটে বলা যায়, একদিকে মূল্যবোধের অবক্ষয় অন্যদিকে নৈতিকতা-বিবর্জিত কাজের জন্য শাস্তি না হওয়া—এই দুর্বলতার জন্য আরও নৈতিক অবক্ষয়ের পথ সুগম হচ্ছে।উদ্দীপকে y-এর জেনুইন কোম্পানি লি. পর পর তিন বছর কর দেয়নি, সরকারের প্রতি তাদের যে সামাজিক দায়িত্ব তা পালন করেনি। কর না দেওয়া একটি দণ্ডমূলক অপরাধ। প্রথম বছরেই এর জন্য উপযুক্ত শাস্তি প্রদান করা উচিত ছিল। কিন্তু তিন বছর পর্যন্ত কর না দিলেও কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। এতে জেনুইন কোম্পানি আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চরম অনৈতিকতার পরিচয় দিয়েছে। যদি এর বিপরীত হতো তবে তারা দ্বিতীয় বছরেই কর দিত এবং সবার জন্য তা দৃষ্টান্ত হতো। তাদের এই প্রবণতাকে তাই নৈতিকতার প্রতি উদাসীনতা হিসেবেই অভিহিত করা যায়।উপরিউক্ত যুক্তিতর্কের আলোকে পরিশেষে আমরা নিশ্চিত করে বলতে পারি, জেনুইন কোম্পানি লিমিটেডের পর পর তিন বছর কর না দেওয়ার প্রবণতাকে নৈতিকতার প্রতি উদাসীনতার অন্যতম কারণ শাস্তির ভয়ের অনুপস্থিতি।