ব্যবসায় নীতি ও প্রয়োগ
সহকারী অধ্যাপক, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লাব্যবসায় নীতি ও প্রয়োগ প্রথম পত্রে ব্যবসায় সংগঠন থেকে চারটি রচনামূলক প্রশ্ন এবং চারটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে। অপরদিকে ব্যবস্থাপনা অংশ থেকে দুটি রচনামূলক প্রশ্ন ও চারটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে। ব্যবস্থাপনা অংশের ৯ নম্বর প্রশ্নের সেটটি (দুটি প্রশ্ন) সাধারণত ব্যবস্থাপনার প্রকৃতি, পরিকল্পনা ও সংগঠন অধ্যায় থেকে এসে থাকে। ১০ নম্বর প্রশ্নের সেটটি (দুটি প্রশ্ন) স্টাফিং, নির্দেশনা ও নেতৃত্ব, প্রেষণা ও নিয়ন্ত্রণ অধ্যায় থেকে এসে থাকে। ব্যবসায় নীতি ও প্রয়োগ দ্বিতীয় পত্রে ব্যাংকিং অংশ থেকে চারটি রচনামূলক প্রশ্ন এবং চারটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে। অপরদিকে বিমা অংশ থেকে দুটি রচনামূলক প্রশ্ন এবং চারটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে। বিমা অংশের ৯ নম্বর প্রশ্নের সেটটি (দুটি প্রশ্ন) সাধারণত বিমার মৌলিক ধারণা এবং জীবন বিমা অধ্যায় থেকে এসে থাকে। ১০ নম্বর প্রশ্নের সেটটি (দুটি প্রশ্ন) সাধারণত নৌবিমা ও অগ্নিবিমা থেকে এসে থাকে। সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে সাজেশন-নির্ভর না হয়ে মূল বই পড়াটাই উত্তম। কেননা, সংক্ষিপ্ত প্রশ্নের সেট (প্রশ্ন দুটি) নির্বাচনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট নিয়ম অনুসরণ করা হয় না। তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, সিলেবাসভুক্ত প্রতিপত্রের প্রতিটি অধ্যায় থেকেই আনুপাতিক হারে প্রশ্ন আসে। নোট করার সময় খেয়াল রাখতে রাখতে হবে, যাতে এর ভাষা সহজ, সরল প্রাঞ্জল ও চলতি ভাষায় হয়। তোমার নোটটির বা প্রশ্নের উত্তরটির কলেবর এমন হওয়া উচিত, যাতে পরীক্ষার হলে নির্দিষ্ট সময়ের মধ্যে তা উপস্থাপনযোগ্য হয়। এ জন্য বাসায় বসে উত্তরটি যথাসময়ে সম্পন্ন করা যায় কি না তা যাচাই করে দেখতে পারে। প্রয়োজনে উত্তরটির সঙ্গে আরও লেখা সংযোজন কিংবা বিয়োজন করে নিতে পারো। প্রতিটি প্রশ্নের উত্তরে ভূমিকা ও উপসংহার থাকা চাই। তবে এ লেখাগুলো প্রাসঙ্গিক ও যথাযথ হতে হবে। মনে রাখবে, প্রশ্নে সংজ্ঞা জানতে চাওয়া হলে সেখানে ভূমিকা ও উপসংহার থাকবে না। প্রশ্নের উত্তর পয়েন্টভিত্তিক হওয়া চাই। তবে প্রশ্নের উত্তরে অধিকসংখ্যক পয়েন্ট থাকলে ১২-১৫টি পয়েন্টের যথাযথ ব্যাখ্যা প্রদানপূর্বক অবশিষ্ট পয়েন্টের শিরোনামগুলো উপসংহার কিংবা অন্যান্য পয়েন্টের শিরোনামে ব্যাখ্যার মধ্যে রাখা যেতে পারে। যেমন যৌথমূলধনী কোম্পানির বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। যেসব প্রশ্নে অধিক নম্বর পাওয়ার সম্ভাবনা থাকে, সেসব প্রশ্নের উত্তরদানের চেষ্টা করতে হবে। যেসব প্রশ্নের উত্তরে চিত্র, তথ্য এবং অধিকসংখ্যক পয়েন্ট থাকে, সেগুলোতে বেশি নম্বর পাওয়া যায়। যেমন বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণের পদ্ধতি আলোচনা করো। সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে যেসব প্রশ্নের উত্তর সুনির্দিষ্ট থাকে, সেসব প্রশ্নের উত্তরে বেশি নম্বর পাওয়া যায়। যেমন বিশ্বের পাঁচটি কেন্দ্রীয় ব্যাংকের নাম লেখো। যেসব প্রশ্নের উত্তরে পয়েন্টের সংখ্যা কম থাকে। সে ক্ষেত্রে বিষয়টিকে গাণিতিক ব্যাখ্যা কিংবা উদাহরণের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে। যেমন ‘বাণিজ্যিক ব্যাংক ঋণ আমানত সৃষ্টি করে।’ উক্তিটি ব্যাখ্যা করো। রচনামূলক প্রশ্নের উত্তরের ক্ষেত্রে পয়েন্টগুলোকে রেখাচিত্রের মাধ্যমে প্রথমে প্রদর্শনপূর্বক, পরবর্তী সময়ে একেকটি করে ব্যাখ্যা করাই উত্তম। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত বলে একদম সংক্ষিপ্ত হওয়া ঠিক নয়। যেমন শস্য বিমা কী? প্রশ্নের উত্তরে সংজ্ঞা ছাড়াও এর সুবিধা, অসুবিধা এবং বাংলাদেশে এর প্রয়োগের বিষয়টি আলোচনা করাই উত্তম। পার্থক্য দেখাও কিংবা সম্পর্ক দেখাও—প্রশ্নের উত্তরগুলো ছকের মাধ্যমে প্রদর্শন করা ভালো। তবে প্রয়োজনে উদাহরণ ও চিত্র দেওয়া যেতে পারে। উল্লেখ্য, পার্থক্য এবং সম্পর্ক এর উত্তর যেন একই ধরনের না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। পার্থক্য কেবল বৈসাদৃশ্যকে বোঝালেও সম্পর্কের ক্ষেত্রে বৈসাদৃশ্য ও সাদৃশ্য উভয়কেই বোঝায়।