ব্যবসায় নীতি ও প্রয়োগ
ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা সিটি কলেজ অধ্যায়-৪ ব্যাংক হিসাবপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য ব্যবসায় নীতি ও প্রয়োগ ২য় পত্র (ব্যাংকিং ও বীমা)-এর ৪র্থ অধ্যায় ব্যাংক হিসাব থেকে একটি সৃজনশীল প্রশ্ন ও এর উত্তর দেওয়া হলো।# রফিক ও শফিক দুই ভাই। রফিক একজন ব্যবসায়ী এবং শফিক একজন চাকরিজীবী। তাঁদের ব্যাংক হিসাবে যথাক্রমে ২০,০০,০০০/- টাকা ও ৫,০০,০০০/- টাকা জমা ছিল। শফিক বছরে কিছু টাকা সুদ হিসেবে পেলেও রফিক তাঁর হিসাব থেকে কখনো কোনো সুদ পান না। হঠাত্ জরুরি প্রয়োজনে রফিক তাঁর হিসাব থেকে সমুদয় অর্থের অতিরিক্ত কিছু অর্থ উত্তোলনের জন্য চেক উপস্থাপন করলে ব্যাংক তাঁকে অর্থ প্রদান করল। অপর দিকে শফিকও জমা অপেক্ষা অতিরিক্ত অর্থ চেয়ে চেক উপস্থাপন করলে ব্যাংক তা দিতে অপারগতা প্রকাশ করল। এতে শফিক কিছুটা চিন্তিত এবং মনঃক্ষুণ্ন।প্রশ্ন: ক. নমুনা স্বাক্ষর কার্ড কী?প্রশ্ন: খ. সঞ্চয়ী হিসাব বলতে কী বোঝায়?প্রশ্ন: গ. উদ্দীপকে রফিকের ব্যাংক হিসাবটি কোন ধরনের ব্যাংক হিসাব ব্যাখ্যা করো।প্রশ্ন: ঘ. শফিকের হিসাবের প্রকৃতি অনুযায়ী তার মনঃক্ষুণ্ন হওয়া কি যৌক্তিক? তোমার মতের স্বপক্ষে যুক্তি দাও।উত্তর: ক. যে কার্ডে আমানতকারী হিসাব খোলার সময় তাঁর স্বাক্ষর প্রদান করে এবং পরবর্তী সময়ে ব্যাংক হিসাব পরিচালনা বিশেষত অর্থ উত্তোলনের ক্ষেত্রে বা হিসাব গ্রহীতার পরিচিতির প্রয়োজনে যে উপকরণটি ব্যাংকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচিত হয়, তা-ই নমুনা স্বাক্ষর কার্ড।উত্তর: খ. সঞ্চয়ী হিসাব হলো ওই ব্যাংক হিসাব, যার মাধ্যমে গ্রাহকগণ তাঁদের বর্তমান আয়ের একটা অংশ ভবিষ্যত্ প্রয়োজন মেটানোর জন্য এবং এ থেকে একটা আয় প্রাপ্তির উদ্দেশ্যে ব্যাংকে জমা করেন।প্রকৃতপক্ষে সঞ্চয়ের পাশাপাশি ব্যাংকের মাধ্যমে লেনদেনের উদ্দেশ্যে গ্রাহক ব্যাংকে যে হিসাব খোলেন তা-ই সঞ্চয়ী হিসাব। এ হিসাবের আমানতকারীগণ দিনে যতবার খুশি টাকা জমা দিলেও কিছু বাধ্যবাধকতার ভেতরে থেকে টাকা উত্তোলন করেন। এ হিসাবে জমাকৃত অর্থের ওপর বার্ষিক, অর্ধবার্ষিক ভিত্তিতে সুদ প্রদান করা হয়। বর্তমানে বাংলাদেশে ব্যাংক ভেদে এ সুদের হার ৫% থেকে ৭%।উত্তর: গ. উদ্দীপকে বর্ণিত রফিকের ব্যাংক হিসাবটি একটি চলতি হিসাব।যে হিসাব শুধু ব্যবসায়ীরা পরিচালনা করেন এবং যে হিসাব থেকে সাধারণত কোনো সুদ প্রদান করা হয় না কিন্তু দিনে যতবার খুশি ততবার অর্থ উত্তোলন ও জমা দেওয়া যায়, তাকে চলতি হিসাব বলে। এ হিসাব সাধারণত সঞ্চয়ী উদ্দেশ্যে করা হয় না বরং ব্যবসায়িক লেনদেনে এর সঠিক ও সুষ্ঠু পরিচালনার জন্যই করা হয়।উদ্দীপকে আমরা দেখতে পাই রফিক একজন ব্যবসায়ী। তিনি একটি ব্যাংক হিসাব পরিচালনা করতেন, যা থেকে বছরে তিনি কোনো সুদ পেতেন না। এবং আমরা আরও দেখতে পাই জরুরি প্রয়োজনে তিনি তাঁর হিসাব থেকে সমুদয় অর্থ উত্তোলনের পরও অতিরিক্ত অর্থ তুলতে পারছেন। এ সুবিধাকে সাধারণত জমাতিরিক্ত সুবিধা (ওভার ড্রাফট) বলে। এ বৈশিষ্ট্যগুলো প্রকৃতপক্ষে সবগুলোই ব্যাংকের চলতি হিসাবের বৈশিষ্ট্য। যেমন, আমরা জানি, চলতি হিসাবের গ্রাহক সাধারণত ব্যবসায়ী। তাঁরা তাঁদের ব্যবসায়িক লেনদেন সঠিকভাবে সম্পন্ন করার জন্য এ হিসাব খুলে থাকেন। আমরা আরও দেখতে পাই রফিক তাঁর হিসাব থেকে কোনো সুদ পান না। আমরা জানি, ব্যাংক সাধারণত তার চলতি হিসাব গ্রহীতাদের জমার ওপর কোনো সুদ প্রদান করে না। আমরা আরও দেখতে পাই রফিক তাঁর জরুরি প্রয়োজনে ব্যাংক থেকে জমাতিরিক্ত অর্থ উত্তোলন করতে পারছেন, যা শুধু চলতি হিসাব গ্রহীতাদেরকেই ব্যাংক প্রদান করে। উপরিউক্ত সব বৈশিষ্ট্য এটাই প্রমাণ করে যে রফিকের ব্যাংক হিসাবটি একটি চলতি হিসাব।উত্তর: ঘ. উদ্দীপকে বর্ণিত শফিকের ব্যাংক হিসাবের প্রকৃতি অনুযায়ী তার মনঃক্ষুণ্ন হওয়া যৌক্তিক নয় বলে আমি মনে করি। কারণ, তাঁর হিসাবটি ছিল সঞ্চয়ী হিসাব।যে হিসাবে গ্রাহকগণ তাঁদের বর্তমান আয়ের একটি অংশ ভবিষ্যত্ প্রয়োজন মেটানোর জন্য এবং এ থেকে একটা আয় প্রাপ্তির উদ্দেশ্যে অর্থ জমা করেন, তাকে সঞ্চয়ী হিসাব বলে।উদ্দীপকে আমরা দেখতে পাই, শফিক একজন চাকরিজীবী। তিনি এমন একটি ব্যাংক হিসাব পরিচালনা করতেন, যা থেকে তিনি বছর শেষে জমার ওপর সুদ পেয়েছিলেন। কিন্তু জরুরি কারণে যখন ব্যাংক থেকে জমার অতিরিক্ত অর্থ উত্তোলনের জন্য আবেদন করলেন, ব্যাংক তা প্রদানে অসমর্থতা জানাল। এসব বৈশিষ্ট্য সঞ্চয়ী হিসাবের বেলায়ই শুধু বিদ্যমান। আমরা জানি, ব্যাংকে সঞ্চয়ী হিসাব গ্রহীতা সাধারণত তাঁরাই হন, যাঁরা সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে অর্থ জমা করেন। ব্যাংক এ ধরনের হিসাবে জমার ওপর সুদ প্রদান করে, যা আমরা শফিক সাহেবের ব্যাংক হিসাবেও দেখতে পাই। এ ছাড়া আমরা জানি, ব্যাংক সঞ্চয়ী হিসাবে সাধারণত জমাতিরিক্ত উত্তোলনের সুবিধা দেয় না। এ ক্ষেত্রে উদ্দীপকে শফিকও জমাতিরিক্ত উত্তোলনের সুবিধা চেয়ে ব্যর্থ হন। সুতরাং এসব বৈশিষ্ট্যই প্রমাণ করে শফিকের হিসাবটি ছিল একটি সঞ্চয়ী হিসাব।শফিক জরুরি প্রয়োজনে তাঁর হিসাব থেকে জমাকৃত অর্থের অধিক উত্তোলন করতে চেয়েছিলেন। কিন্তু ব্যাংক তাতে অসমর্থতা প্রকাশ করায় তিনি কিছুটা মনঃক্ষুণ্ন ও চিন্তিত ছিলেন। কিন্তু আমরা জানি, ব্যাংক তার সঞ্চয়ী হিসাব গ্রহীতাদের এ সুবিধা (জমাতিরিক্ত উত্তোলন বা OD) দেয় না। সুতরাং আমি মনে করি, তাঁর মনঃক্ষুণ্ন হওয়া যৌক্তিক ছিল না।