ব্যবসায় নীতি ও প্রয়োগ ১ম পত্র
ব্যবসায়ের আওতা প্রশ্ন: একমালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রগুলো আলোচনা করো।উত্তর: একমালিকানা ব্যবসায় একটি ক্ষুদ্র আয়তনের সংগঠন। বাস্তবতা হলো এ ব্যবসায়ের বিশেষ কতিপয় সীমাবদ্ধতা রয়েছে। ইচ্ছা করলেই সব ক্ষেত্রে সফলভাবে এ ব্যবসায় পরিচালনা করা যায় না। তবে নির্দিষ্ট কতিপয় ক্ষেত্রে কেবল একমালিকানার জন্যই উপযুক্ত। এ সম্পর্কে সরকার অ্যান্ড আদারস বলেন, ব্যবসায়ের কিছু ধরন আছে, যেখানে একমালিকানা সংগঠন বেশি উপযুক্ত। নিচে একমালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রগুলো তুলে ধরা হলো:স্বল্পপুঁজির ব্যবসায়: যেসব ব্যবসায় কম পুঁজিতে গঠন ও পরিচালনা করা যায়, সে ক্ষেত্রে একমালিকানা ব্যবসায় উপযুক্ত। যেমন: চায়ের স্টল, পান-বিড়ির দোকান ইত্যাদি।প্রত্যক্ষ তত্ত্বাবধান: যেসব ব্যবসায় মালিকের সরাসরি তত্ত্বাবধান প্রয়োজন নতুবা লোকসানের আশঙ্কা থাকে, সে ক্ষেত্রে এ ব্যবসায় অধিক উপযোগী। যেমন: হোটেল, কনফেকশনারি ইত্যাদি। জে কে মিত্র বলেন, যে ব্যবসায়ে ক্রেতাদের দিকে বেশি মনোযোগ দিতে হয় তার জন্য একমালিকানাই উপযুক্ত।ভ্রাম্যমাণ ব্যবসায়: বিভিন্ন পাড়া বা মহল্লায় ঘুরে ঘুরে যে ব্যবসায় করা হয়, তার জন্য একমালিকানা শ্রেয়। যেমন: ফেরিওয়ালা, বাদাম বিক্রি ইত্যাদি।মৌসুমি ব্যবসায়: বিশেষ মৌসুমে বা সময়ে যে ব্যবসায় করা হয়, তা সাধারণত একমালিকানার ভিত্তিতে হয়ে থাকে। যেমন—শীতকালে খেজুরের রস বিক্রি।পচনশীল পণ্যের ব্যবসায়: পচনশীল পণ্যের ক্রয়-বিক্রয়ের সিদ্ধান্ত দ্রুত নিতে হয়। ফলে এরূপ পণ্যের ব্যবসায় একমালিকানার ভিত্তিতে হওয়াই উত্তম। যেমন: মাছ, মাংস, শাকসবজি, ফল ইত্যাদি।স্থানীয় ও সীমিত চাহিদা: যেসব পণ্যের চাহিদা কম এবং নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ, সেসব পণ্যের ব্যবসায় একমালিকানাই উত্তম। যেমন: পুরি ও শিঙাড়া, চায়ের স্টল ইত্যাদি।ক্ষুদ্র আয়তনের ব্যবসায়: যেসব ব্যবসায় ক্ষুদ্র আয়তনের সেগুলো একমালিকানার ভিত্তিতে গড়ে ওঠা উত্তম। যেমন: মুদির দোকান, ফোন-ফ্যাক্সের দোকান ইত্যাদি।পেশাদারি ব্যবসায়: পেশা হিসেবে স্বীকৃত ব্যবসায়ের ক্ষেত্রে একমালিকানাই বাঞ্ছনীয়। যেমন: ডাক্তার, আইন ব্যবসায় ইত্যাদি।কম ঝুঁকির ব্যবসায়: অপেক্ষাকৃত কম ঝুঁকির ব্যবসায়গুলোর ক্ষেত্রে একমালিকানাই সর্বোত্তম। যেমন: কমিশন ব্যবসায়।ব্যক্তিগত নৈপুণ্য: এমন কিছু শিল্পকর্ম বা ব্যবসায় আছে, যেসব ক্ষেত্রে ব্যক্তিগত দক্ষতা ও নৈপুণ্য প্রদর্শন করাই মুখ্য বিষয়। সে ক্ষেত্রে একমালিকানার বিকল্প নেই। যেমন: গহনাশিল্প, চিত্রশিল্প, ফটোগ্রাফি ইত্যাদি।সহায়ক ব্যবসায়: বৃহৎ শিল্পের সহায়তা দানের জন্য যেসব ব্যবসায় নিয়োজিত ওই সব ক্ষেত্রে একমালিকানা শ্রেয়। যেমন: কাঁচামাল সরবরাহ, পোশাকশিল্পের এক্সেসরিজের ব্যবসায়।প্রত্যক্ষ সেবা: ভোক্তাদের প্রত্যক্ষ সেবা প্রদানের সঙ্গে জড়িত ব্যবসায়ের ক্ষেত্রে একমালিকানা সফলকাম হয়। যেমন—সেলুন, লন্ড্রি ইত্যাদি।ভোগ্যপণ্যের ব্যবসায়: চূড়ান্ত ভোক্তাদের দৈনন্দিন চাহিদা পূরণ করছে এমন ভোগ্যপণ্যের ব্যবসায় একমালিকানা সর্বোৎকৃষ্ট। যেমন: মুদির দোকান।পরিবর্তনশীল চাহিদার পণ্য: যেসব পণ্যের চাহিদা দ্রুত পরিবর্তনশীল, সে ক্ষেত্রে একমালিকানা উত্তম। কেননা এ ক্ষেত্রে কর্মপরিকল্পনার দ্রুত পরিবর্তন প্রয়োজন হয়। যেমন: সিডি, তৈরি পোশাক, আসবাব ইত্যাদি।কুটিরশিল্প: ক্ষুদ্র পরিসরে পারিবারিক শিল্পকে কুটিরশিল্প বলে। এজাতীয় শিল্প সাধারণত একমালিকানায় গড়ে ওঠে। যেমন: বাঁশ ও বেতের পণ্য তৈরি ইত্যাদি।প্রকাশনা ব্যবসায়: সংবাদপত্র, ম্যাগাজিন, বই ইত্যাদি প্রকাশনার ক্ষেত্রে একমালিকানা ব্যবসায় অধিক ফলপ্রসূ হয়ে থাকে।পরিবহন ব্যবসায়: মালামাল ও যাত্রী পরিবহনের সঙ্গে জড়িত ব্যবসায় সাধারণত একমালিকানার ভিত্তিতে গড়ে ওঠে। যেমন: বাস, ট্রাক, লঞ্চ, জাহাজ ইত্যাদি।প্রজনন ব্যবসায়: বিভিন্ন প্রজনন শিল্পে নিয়োজিত ব্যবসায়গুলো একমালিকানার ভিত্তিতে পরিচালিত হতে দেখা যায়। যেমন: মৎস্য চাষ, হাঁস-মুরগির খামার, নার্সারি ইত্যাদি।দ্রুত সিদ্ধান্ত: যেসব ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় দ্রুত সিদ্ধান্ত নেওয়া জরুরি, সেই সব ক্ষেত্রে একমালিকানা শ্রেয়।উপরিউক্ত আলোচনা থেকে এ সিদ্ধান্তে আসতে পারি যে, আমাদের দৈনন্দিন জীবনের অধিকাংশ ক্ষেত্রেই একমালিকানা ব্যবসায় জায়গা দখল করে আছে।