অধ্যায় ৬
শিহাব হাসান মনে করেন, প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে অধস্তন কর্মীরা সঠিক ভূমিকা রাখবেন। তিনি নানাবিধ কাজে ব্যস্ত থাকায় কর্মীদের কাজকর্মের খোঁজখবর রাখতে পারেন না। জবাবদিহি না থাকায় কর্মীরা প্রায়ই কাজে অবহেলা করেন। এ জন্য প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জিত হচ্ছে না।
ক. নির্দেশনাকে প্রশাসনের হৃৎপিণ্ড বলেছেন কে?
খ. পরামর্শমূলক নির্দেশনাপদ্ধতি উত্তম কেন?
গ. উদ্দীপকে কোন ধরনের নেতৃত্বের প্রতিফলন ঘটেছে, ব্যাখ্যা করো।
ঘ. শিহাব হাসানের প্রতিষ্ঠানটির সাফল্য পেতে হলে নেতৃত্বের পরিবর্তন দরকার, উদ্দীপকের আলোকে এ বিষয়ে তোমার মতামত দাও।
উত্তর
ক. নির্দেশনাকে একটি প্রশাসনের হৃৎপিণ্ড বলেছেন, মার্শাল ই. ডিমক।
খ. অধস্তনদের সঙ্গে পরামর্শ করে তার ভিত্তিতে নির্দেশনার বিষয়বস্তু ঠিক করার কৌশলকেই পরামর্শমূলক নির্দেশনা বলে। এ রূপ নির্দেশনা পদ্ধতির দ্বারা ঊর্ধ্বতন যেমন উপকৃত হন, তেমনি পরামর্শ দেওয়ার সুযোগ পাওয়ায় অধস্তনরাও নিজেদের সৌভাগ্যবান মনে করেন। এতে নির্দেশনার বিষয়বস্তুর মান বাড়ে। সে কারণেই পরামর্শমূলক নির্দেশনাপদ্ধতিকে উত্তম মনে করা হয়ে থাকে।
গ. উদ্দীপকে লাগামহীন নেতৃত্বের প্রতিফলন ঘটেছে। লাগামহীন নেতৃত্বে অধীনস্থরা অবাধ স্বাধীনতা পান এবং নেতা কর্মবিমুখ ও কর্মীদের কাছ থেকে দূরে থাকেন। এরূপ নেতৃত্বে নেতা শুধু লক্ষ্য নির্ধারণ করে দায়িত্ব এড়িয়ে চলেন। ফলে প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা বিরাজ করে, প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন হয় না।
উদ্দীপকে শিহাব হাসান মনে করেন, কর্মীরা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সঠিক ভূমিকা রাখবেন। প্রাতিষ্ঠানিক বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় শিহাব হাসান কর্মীদের কাজের খোঁজখবর রাখতে পারেন না। জবাবদিহি না থাকায় কর্মীরা নিজেদের ইচ্ছা অনুযায়ী কাজ করেন। ফলে প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা দেখা দেয়। শিহাব হাসানের প্রতিষ্ঠানে এসব বৈশিষ্ট্যের মাধ্যমেই লাগামহীন নেতৃত্বের প্রতিফলন ঘটেছে।
ঘ. শিহাব হাসানের প্রতিষ্ঠানটির লাগামহীন নেতৃত্ব পরিবর্তন করে গণতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করলেই সাফল্য আসবে। গণতান্ত্রিক নেতৃত্ব ব্যবস্থায় অধস্তনদের সঙ্গে আলোচনা ও পরামর্শ করে কার্য পরিচালনা করা হয়। উদ্দীপকে শিহাব হাসান লাগামহীন নেতৃত্বের ভিত্তিতে প্রতিষ্ঠান পরিচালনা করছেন। তিনি কর্মীদের কাজেরও কোনো খোঁজখবর রাখেন না। ফলে প্রতিষ্ঠানটির লক্ষ্য অর্জিত হচ্ছে না।
এ পরিস্থিতিতে শিহাব হাসান প্রতিষ্ঠানে গণতান্ত্রিক নেতৃত্বের প্রবর্তন করলে কর্মীদের সঙ্গে তাঁর সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত থাকবে। ফলে কর্মীদের কাজে ফাঁকি দেওয়ার প্রবণতা কমবে। প্রতিষ্ঠানেরও লক্ষ্য অর্জন সহজ হবে।