ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র | সৃজনশীল প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ৭

একটি নামকরা প্রতিষ্ঠানে কাজ করেন মিলন। তিনি ভালো বেতন পান। তাঁর চাকরিও স্থায়ী। সহকর্মীদের সঙ্গেও তাঁর ভালো সম্পর্ক। মাঝেমধ্যে বিভিন্ন অনুষ্ঠানে যান। প্রতিষ্ঠানের নিয়মনীতি ও কার্যপরিবেশ ইতিবাচক। এত কিছু সত্ত্বেও মিলন সন্তুষ্ট নন। তিনি চান, আরও নতুন ধরনের কাজের দায়িত্ব ও সফলতা।

ক. The Human Side of Enterprise বইটির লেখক কে?

খ. প্রেষণার সঙ্গে কর্মীর মনোবলের সম্পর্ক কী?

গ. উদ্দীপকে মিলন মাসলোর চাহিদাতত্ত্ব অনুযায়ী কোন স্তরে অবস্থান করছেন, ব্যাখ্যা করো।

ঘ. মিলনের সন্তুষ্টি ও অসন্তুষ্টির আলোকে হার্জবার্গের তত্ত্বের যথার্থতা মূল্যায়ন করো।

উত্তর

ক. ডগলাস ম্যাকগ্রেগর।

খ. প্রেষণার সঙ্গে কর্মীর মনোবলের সম্পর্ক অত্যন্ত নিবিড়। প্রেষণা ছাড়া যেমন কর্মীদের কার্যসন্তুষ্টি আসে না, তেমনি কার্যসন্তুষ্টি না থাকলে মনোবলও উন্নত হতে পারে না। প্রেষণার মাধ্যমে কর্মীদের উত্সাহিত করার ফলে কাজের প্রতি তাঁদের স্বতঃস্ফূর্ত আগ্রহ জন্মে এবং কাজের প্রতি উত্সাহ বাড়লে ধীরে ধীরে কর্মীদের মনোবল উন্নত হয়। উত্তম প্রেষণা যেমন উন্নত কার্যসন্তুষ্টি ও উচ্চ মনোবল সৃষ্টি করে, তেমনি কর্মীদের উপযুক্ত প্রেষণা না দিতে পারলে কার্যসন্তুষ্টি হ্রাস পায় এবং মনোবল নিম্নমুখী হয়। তাই বলা যায়, প্রেষণার সঙ্গে কর্মীর মনোবলের সম্পর্ক নিবিড়ভাবে সম্পৃক্ত।

গ. উদ্দীপকে মিলন মাসলোর চাহিদাতত্ত্ব অনুযায়ী তৃতীয় স্তর অর্থাৎ সামাজিক চাহিদার স্তরে অবস্থান করছেন। সমাজের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে অন্যদের সঙ্গে মিলেমিশে চলার চাহিদাকেই সামাজিক চাহিদা বলে। মানুষ যখন নিরাপত্তাবোধে তৃপ্ত হয়, তখন সে বন্ধুবান্ধব ও অন্যদের সঙ্গে মিলেমিশে চলতে চায় এবং অন্যদের ভালোবাসা পাওয়ার প্রত্যশা করে। এ পর্যায়ে সে বিভিন্ন সামাজিক কার্যক্রমে উত্সাহিত হয় ও নিজেকে সমাজের সঙ্গে সম্পৃক্ত করতে ভালোবাসে।

উদ্দীপকে মিলনের চাকরি স্থায়ী প্রকৃতির, অর্থাৎ নিরাপত্তার চাহিদা তৃপ্ত হয়েছে। তিনি সহকর্মীদের সঙ্গে মিলেমিশে চলেন এবং বিভিন্ন অনুষ্ঠানে যান। অর্থাৎ তাঁর এই কার্যক্রমগুলো আব্রাহাম মাসলোর চাহিদা সোপান তত্ত্বের তৃতীয় স্তর বা সামাজিক চাহিদা স্তরে অবস্থান করছে। কারণ, তিনি নিরাপত্তার চাহিদায় তৃপ্ত হওয়ার পর সমাজে মিলেমিশে চলেন, যা সামাজিক চাহিদার অন্তর্ভুক্ত।

ঘ. মিলনের সন্তুষ্টি ও অসন্তুষ্টির আলোকে হার্জবার্গের দ্বি-উপাদান তত্ত্বটি যথার্থ।

যে তত্ত্বে কর্মীদের সন্তুষ্টি ও অসন্তুষ্টির সঙ্গে জড়িত দুই ধরনের উপাদান নির্দিষ্ট করে প্রেষণাদানের উপায় সম্পর্কে দিকনির্দেশনা করা হয়েছে, তা প্রেষণা তত্ত্বের অন্যতম দ্বি-উপাদান তত্ত্ব নামে পরিচিত। প্রখ্যাত মার্কিন মনোবিজ্ঞানী ফ্রেডারিক হার্জবার্গ এ রূপ তত্ত্বের উদ্ভাবক।

উদ্দীপকে মিলনের চাকরি স্থায়ী প্রকৃতির, যা হার্জবার্গের অসন্তুষ্টি সৃষ্টিকারী উপাদানের অন্তর্ভুক্ত। হার্জবার্গ মনে করেন যে চাকরির ক্ষেত্রে চাকরির নিরাপত্তা বা স্থায়িত্ব থাকতে হবে। নতুবা কর্মীরা সন্তুষ্ট হবেন না। অন্যদিকে মিলনের এত কিছু থাকা সত্ত্বেও তিনি আরও নতুন কাজের দায়িত্ব ও সফলতা পেতে চান, যা হার্জবার্গের সন্তুষ্ট সৃষ্টিকারী উপাদানের অন্তর্ভুক্ত। যেখানে তিনি মনে করেন যে কর্মীদের কাজের প্রতি সন্তুষ্টি বৃদ্ধির জন্য তাঁরা নতুন ধরনের কাজের দায়িত্ব ও সফলতা চান। তাঁরা আরও সাফল্য অর্জন ও স্বীকৃতি পেতে চান। এগুলো তাঁদেরকে কর্মের প্রতি ও প্রতিষ্ঠানের প্রতি আরও আগ্রহী করে তোলে।

তাই বলতে পারি, মিলনের সন্তুষ্টি ও অসন্তুষ্টির আলোকে হার্জবার্গের দ্বি-উপাদান তত্ত্বটি অবশ্যই যথার্থ।