ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র | সৃজনশীল প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ৯

হাবিব খান যেভাবে সংগঠন কাঠামো গড়ে তুলেছেন, তাতে বিভিন্ন বিভাগে কাজ ও কর্মীর সংখ্যার মিল নেই। যে কারণে কোনো বিভাগ কর্মভারগ্রস্ত, আবার কোনো বিভাগে কাজ নেই। ফলে কার্যক্ষেত্রে সমস্যার অন্ত নেই। তাই হাবিব সাহেব বন্ধুর পরামর্শে জনবল পুনর্বিন্যাস করলেন। প্রতিটা বিভাগীয় প্রধান যেন স্ব-উদ্যোগে অন্য বিভাগের সঙ্গে যোগাযোগ স্থাপন করে দলীয় প্রচেষ্টা জোরদার করেন, এ জন্য সবাইকে উত্সাহিত করলেন। ফলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হলো।

প্রশ্ন

ক. SWOT কী? তা বিশ্লেষণ করো।

খ. কার্যকর সমন্বয়ের ক্ষেত্রে উদ্দেশ্যের ঐক্য স্থাপন জরুরি কেন?

গ. হাবিব খান কোন নীতি লঙ্ঘন করায় সমস্যায় পড়েছিলেন, ব্যাখ্যা করো।

ঘ. হাবিব খান পরবর্তী সময়ে কার্যকর সমন্বয়ের যে পূর্বশর্ত প্রতিষ্ঠা করেছেন, তার যৌক্তিকতা মূল্যায়ন করো।

উত্তর

ক. প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ শক্তি (Strength), দুর্বলতা (Weakness), বাহ্যিক সুযোগ (Opportunity) এবং বাধা (Threat) বিশ্লেষণ করাকে SWOT বিশ্লেষণ বলে।

খ. প্রতিষ্ঠানের মূল লক্ষ্য বা উদ্দেশ্যের আলোকে বিভিন্ন বিভাগ ও উপবিভাগের লক্ষ্য বা উদ্দেশ্য স্থাপনের নীতিকেই লক্ষ্যের বা উদ্দেশ্যের ঐক্য নীতি বলে।

প্রতিষ্ঠানের একটা সামগ্রিক উদ্দেশ্য বা লক্ষ্য থাকে, যার আলোকে বিভিন্ন বিভাগ ও উপবিভাগ উদ্দেশ্য নির্ধারণ করে তা বাস্তবায়নের চেষ্টা চালায়। ফলে সবার
প্রয়াস সামগ্রিক উদ্দেশ্য অর্জনে সমন্বিতরূপ ধারণ করে। কিন্তু বিভিন্ন বিভাগের
উদ্দেশ্যের মধ্যে যদি সমন্বয় না থাকে, তাহলে কার্যক্ষেত্রে সমন্বয়হীনতার কারণে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন সম্ভব হয় না। তাই কার্যকর সমন্বয়ের ক্ষেত্রে উদ্দেশ্যের ঐক্য স্থাপন জরুরি।

গ. হাবিব খান ভারসাম্যের নীতি লঙ্ঘন করায় সমস্যায় পড়েছিলেন। যে নীতি অনুযায়ী প্রতিষ্ঠানের সব বিভাগ, উপবিভাগ, ব্যক্তি ঐক্যবদ্ধ হয়ে সমতা বিধানের মাধ্যমে সমতালে এগিয়ে যায়, তাকে ভারসাম্যের নীতি বলে। এই নীতি অনুযায়ী খেয়াল রাখা হয়, যাতে কোনো বিভাগ কর্মভারগ্রস্ত আবার কোনো বিভাগ কর্মহীন হয়ে না পড়ে। অর্থাৎ পরিমিত কাজের বিধান করা হয়।

উদ্দীপকে হাবিব খান যে সংগঠন কাঠামো গড়ে তুলেছেন, তাতে বিভিন্ন বিভাগে
কাজ ও কর্মীর সংখ্যার মিল নেই। যে কারণে কোনো বিভাগ কর্মভারগ্রস্ত, আবার কোনো বিভাগ কর্মহীন হয়ে পড়ে। ফলে কার্যক্ষেত্রে সমস্যার অন্ত নেই, অর্থাৎ এখানে
ভারসাম্যের নীতি লঙ্ঘিত হয়েছে। ফলে
কাজে কোনো সমতা নেই। এ জন্য
প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন ব্যাহত হতে পারে। তাই বলা যায়, উদ্দীপকে ভারসাম্যের নীতি লঙ্ঘিত হয়েছে।

ঘ. হাবিব খান পরবর্তী পর্যায়ে কার্যকর
সমন্বয়ের যে পূর্বশর্ত প্রতিষ্ঠা করেন, তা
হলো স্বতঃস্ফূর্ত সমন্বয় বা সংযোজন, যা যৌক্তিক।

প্রতিষ্ঠানের কোনো বিভাগ নিজ উদ্যোগে অন্য বিভাগের সঙ্গে যোগাযোগ স্থাপন করে দলীয় প্রচেষ্টা জোরদার করলে তাকে স্বতঃস্ফূর্ত সমন্বয় বলে। এতে বিভাগদ্বয়ের মধ্যে আন্তসংযোগ জোরদার হয়। ফলে বিভাগগুলো পাশাপাশি থেকে লক্ষ্য অর্জনে অবদান রাখতে পারে।

উদ্দীপকে হাবিব খান তাঁর প্রতিষ্ঠানে জনবল পুনর্বিন্যাস করেন। প্রতিটা বিভাগীয় প্রধান যেন নিজ উদ্যোগে অন্য বিভাগের সঙ্গে যোগাযোগ স্থাপন করে দলীয় প্রচেষ্টা জোরদার করতে পারেন, সেদিকে তিনি লক্ষ রাখেন।
এভাবে প্রতিটা বিভাগ যখন নিজ উদ্যোগে অন্য বিভাগের সঙ্গে সমন্বয় করে বা যোগাযোগ করে, তখন তাকে স্বতঃস্ফূর্ত সমন্বয় বলে। এর ফলে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়।

স্বতঃস্ফূর্ত সংযোজন বা সমন্বয় প্রতিষ্ঠানের দলীয় প্রচেষ্টা জোরদার করে। কর্মীরা প্রতিষ্ঠানের উন্নয়নে নিজ উদ্যোগী হন। প্রতিষ্ঠানে তাঁরা লক্ষ্য অর্জনে সদা তত্পর থাকেন। আর এসব পূরণের পূর্বশর্ত হলো স্বতঃস্ফূর্ত সমন্বয়।

তাই হাবিব খান কার্যকর সমন্বয়ে স্বতঃস্ফূর্ত সমন্বয় স্থাপনের যে পূর্বশর্ত অনুসরণ করেছেন, তা যৌক্তিক।

বাকি অংশ ছাপা হবে আগামীকাল