ব্যাকরণ পড়, ভালো নম্বর আসবেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকাবাংলা দ্বিতীয় পত্রে তোমরা ভালো করবে, সে সম্পর্কে কিছু দিকনির্দেশনা তুলে ধরছি। বাংলা দ্বিতীয় পত্রে তোমাদের ভালো করার যথেষ্ট সুযোগ রয়েছে। একটু মনোযোগের সঙ্গে বইটি পড়লে তোমাদের সেই কাঙ্ক্ষিত ফল পেতে পারো। বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নে প্রথমেই থাকে নাটকের বড় প্রশ্ন। এ ক্ষেত্রে সাধারণত সামগ্রিক নাটকের ওপর একটি এবং চরিত্র বিশ্লেষণের ওপর একটি প্রশ্ন নির্বাচন করা হয়। তোমরা এর যেকোনোটির উত্তর সঠিকভাবে করতে পারলে ভালো নম্বর পাবে। পয়েন্ট করে উত্তর না লিখে প্যারা করে লেখা উত্তম। তবে প্রতিটি প্যারাতে যেন আলাদা আলাদা বৈশিষ্ট্য প্রকাশ পায়, সেদিকে খেয়াল রাখতে হবে। নাটকের বিষয়ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে কে, কাকে, কেন প্রশ্নের উত্তর সঠিক হলে এবং সপ্রসঙ্গ ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর লিখতে লেখকের নাম, নাটকের নাম, অঙ্কন ও দৃশ্যের উল্লেখ করে লিখলে নম্বর বেশি পাবে। ব্যাকরণ অংশে বাক্য, উপসর্গ, শব্দপ্রকরণ, শব্দগঠনের নিয়ম, ণত্ব-ষত্ব বিধান, বাংলা বানানের নিয়ম, পারিভাষিক শব্দ, বিপরীত শব্দ, সমাস, প্রতিশব্দ, শুদ্ধ বানান, প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় জাতীয় প্রশ্ন থাকলে তার উত্তর লেখায় অগ্রাধিকার দেবে। এতে একদিকে অল্পসময়ে উত্তর করতে পারবে, অপর দিকে সঠিক হলে পূর্ণ নম্বর পাবে। তবে এসব প্রশ্নের উত্তরে বানান ভুল হলে কোনো নম্বর পাবে না। ‘ভাষণ’ প্রশ্নের উত্তর করতে বিষয়বস্তুকে যুক্তি ও আবেগের মিশ্রণ ঘটিয়ে উপস্থাপন করবে। এ ক্ষেত্রে সম্ভাষণগুলো যথোপযুক্ত হতে হবে। ভাষণের বিকল্প হিসেবে থাকে প্রতিবেদন। প্রতিবেদন লেখার বেলায় যথাযথ নিয়ম মেনে না লিখলে নম্বর কমে যায়, সে জন্য প্রতিবেদনের নিয়ম সঠিকভাবে লিখবে। চিঠিপত্রবিষয়ক প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে আবেদনপত্রের ওপর গুরুত্ব দেবে। ভাবসম্প্রসারণে ভালো নম্বর পেতে হলে অবশ্যই মূলভাব সঠিক হতে হবে। মূলভাব সঠিক না হলে ভাবসম্প্রসারণের গুরুত্ব হারায় এবং নম্বর কমে যায়। ভাবসম্প্রসারণ তিন প্যারায় লেখা বাঞ্ছনীয়। তবে বিষয়বস্তু ব্যাপক হলে চার প্যারাও করা যেতে পারে। প্রবন্ধ-রচনায় সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। কারণ, ২০ নম্বরের এ প্রশ্নটির উত্তর যথোপযুক্তভাবে উপস্থাপন করতে না পারলে নম্বর অনেক বেশি কমে যায় এবং জিপিএ-৫ পাওয়া কঠিন হয়ে দাঁড়ায়। বিজ্ঞান, পরিবেশ বা সমস্যা সংক্রান্তবিষয়ক প্রবন্ধে নম্বর বেশি পাওয়া যায়। সময় ভাগ করে নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে প্রশ্নগুলোর উত্তর লেখার চেষ্টা করবে। কারণ, কোনো একটি প্রশ্নের উত্তর করতে বেশি সময় নিলে অপর প্রশ্নগুলোর উত্তর লিখতে সময়ের ঘাটতি দেখা দেবে। এতে যথোপযুক্ত উত্তর লেখা সম্ভব হবে না। ফলে নম্বর কমে যাবে। উত্তর লিখতে তোমরা এভাবে সময় ভাগ করে নিতে পারো। ব্যাকরণ অংশে ৩৫-৪০ মিনিট, নাটকের বড় প্রশ্নে ২২-২৫ মিনিট, সংক্ষিপ্ত প্রশ্নে ৮-৯ মিনিট, ব্যাখ্যায় ৮-৯ মিনিট, ভাষণ-প্রতিবেদনে ১৮ মিনিট, চিঠিপত্রে ১৫ মিনিট, ভাবসম্প্রসারণে ২৫ মিনিট এবং প্রবন্ধ রচনায় ৪৫ মিনিট সময়।