ব্যান্ড ভাঙনের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিক সময়ে দেশের জনপ্রিয় কিছু ব্যান্ড ভেঙে গেছে কিংবা ব্যক্তিগত কারণে ব্যান্ড ছেড়েছেন কোনো সদস্য। এ ক্ষেত্রে কেমন হবে ব্যান্ডগুলোর গানের ভাঙন প্যারোডি? ভেবেছেন রাফি আদনান

মাইলস
মাইলস

মাইলস

নিঃস্ব করেছ মোদের, কী নিঠুর ঝগড়ায়

মিলহীনা এই গান এখন

বেদনাই যে বাড়ায়।

মিল হারানোর বেদনায়

পুড়ে জ্বলেছি সারাক্ষণ

কেন সবে মিছে মায়ায়

গড়েছিলে মাইলস তখন?

ফিরিয়ে দাও, হারানো দিনগুলো

ফিরিয়ে দাও, প্রিয় মাইলস তুমি

এভাবে ডুবে যেয়ো না...

(মাইলসের ‘ফিরিয়ে দাও আমার প্রেম’ গান অবলম্বনে)

ওয়ারফেজ
ওয়ারফেজ

ওয়ারফেজ

বসে আছি একা

পুরোনো গান, ওয়ারফেজ উদাস

কষ্ট শেষে রুপালি আকাশ

প্রিয় ব্যান্ডের প্যাডে

ঝিলমিল কনসার্টের মঞ্চে

ফিরে এসো সবাই আবার,

নতুন গানে সুখের সিঁড়ি—

কনসার্টের মাঠ-প্রান্তরে

সোনালি আভায় ঘুরিফিরি

আমি মেঘে মেঘান্তরে।

(ওয়ারফেজের ‘বসে আছি একা’ গান অবলম্বনে)

অর্থহীন
অর্থহীন

অর্থহীন

আঁধার এই তিন দেয়ালের ঘরে

গানহীন বসে আজ

কেমন যে লাগছে!

বলেছিলে একদিন আসবে

নতুন সুরে, নতুন গানে!

তিক্ত বিচ্ছেদের এই দৃশ্য রাখো,

আমরা আছি দাঁড়িয়ে

তোমাদের পেছনে, পাশে, সামনে

আছে লাখো শ্রোতা

আছে সবখানে...

(অর্থহীনের ‘নিকৃষ্ট ২’ গান অবলম্বনে)

জলের গান
জলের গান

জলের গান

জলের গান জলের গান

কষ্ট দিয়া দল কেনে ভাঙাইলি?

শ্রোতার মনে সুখ নাই

দুখের কাঁটা ফোটে লো

দুখের কাঁটা ফোটে!

বছরেরও বারো মাসে

গানের আসর বসে লো

গানের আসর বসে,

জলের গানে মন জুড়াব

উপায় বলো দশে...

(জলের গানের ‘বকুল ফুল’ গান অবলম্বনে)

শিরোনামহীন
শিরোনামহীন

শিরোনামহীন

একা পাখি চলে গেছে দলটার আড়ালে

কত শ্রোতা ভালোবাসে উদাসী খেয়ালে

তার রেখে যাওয়া সব আনমনা গান শহরের সব রাস্তায়

শ্রোতাদের মনে নালিশ রেখে যায়!

ভুলে যাও পাখি অভিমান যত, ফিরে এসো দলে,

গেয়ে যাও তুমি আগের মতো ভক্তের কোলাহলে।

দেখেছি, আমি শুনেছি, আমি বলিনি কোথাও কিছু

আমি জানি না, আমি বুঝি না, তবু...

(শিরোনামহীনের ‘পাখি’ গান অবলম্বনে)

চিরকুট
চিরকুট

চিরকুট

সত্য কি তেতো

সে কি ভাঙনের মতো?

বয়ে যাই আমরা সবে ভাঙনের ক্ষত!

বোঝো কেন ভুল?

মাথা থাকে না যে কুল,

তোমরা এবার ফিরে এসো, দেব বেলি ফুল।

ভাঙন তুমি মিথ্যা, চিরকুট তুমি সত্য

গেয়ে যাও আগের মতো, মুছে সব ক্ষত...

(চিরকুটের ‘কানামাছি’ গান অবলম্বনে)