ব্রিটিশ কাউন্সিলের কানেক্টিং ক্লাসরুমের উদ্বোধন

কানেক্টিং ক্লাসরুম-৩ নামের শিক্ষামূলক কর্মসূচি উদ্বোধন করেছে ব্রিটিশ কাউন্সিল। গতকাল রোববার ব্রিটিশ কাউন্সিলের ফুলার রোডে প্রতিষ্ঠানটির কার্যালয়ে এর উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।
কানেক্টিং ক্লাসরুম যুক্তরাজ্যের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বিভাগের সহায়তায় প্রতিষ্ঠিত ব্রিটিশ কাউন্সিলের একটি শিক্ষা কর্মসূচি, যা জ্ঞান, দক্ষতা, জীবনধারণ ও কাজের মাধ্যমে তরুণদের বিশ্ব অর্থনীতিতে স্থানীয় ও বৈশ্বিকভাবে ভূমিকা রাখতে সাহায্য করে।
ব্রিটিশ কাউন্সিলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ছয় বছরে বাংলাদেশে কানেক্টিং ক্লাসরুম কর্মসূচির দুটি ধাপ সফলভাবে সম্পন্ন করেছে ব্রিটিশ কাউন্সিল। ১৩ সেপ্টেম্বর কর্মসূচিটির তৃতীয় ধাপের উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে দেশের তিন হাজার শিক্ষক ও স্কুলের শিক্ষার্থীদের মধ্য থেকে ৬০০ নেতৃত্ব তৈরি হবে। কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে—শিক্ষক ও নেতৃত্বদানে গুণাবলিসম্পন্ন শিক্ষার্থীদের পেশাদারি দক্ষতা বাড়ানো, বাংলাদেশ ও যুক্তরাজ্যের স্কুলগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্কোন্নয়নে ভূমিকা রাখা, নীতিনির্ধারকদের জন্য সংলাপের সুযোগ তৈরি করা প্রভৃতি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গণশিক্ষামন্ত্রী বলেন, ‘কানেক্টিং ক্লাসরুমের কর্মসূচির জন্য ব্রিটিশ কাউন্সিলের কার্যক্রম প্রশংসার যোগ্য। এ কর্মসূচি একবিংশ শতাব্দীর প্রয়োজনীয় সব দক্ষতা অর্জনে আমাদের শিক্ষার্থীদের সাহায্য করছে। এই শিক্ষার্থীদের মধ্য থেকেই আমাদের আগামীর নেতৃত্ব বেরিয়ে আসবে। এ কর্মসূচি দেশে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে সরকারের উদ্যোগের পরিপূরক হিসেবে কাজ করবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের পরিচালক বারবারা উইকহ্যাম প্রমুখ।