ভবিষ্যতে যারা এসএসসি দেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবেশীর বাড়িতে গৃহপরিচারিকার কাজ করে শিল্পী। তার স্বপ্ন চার্টার্ড অ্যাকাউনটেন্ট হওয়ার! স্বপ্ন দেখতে বাধা নেই। আর বড় কিছু করতে হলে অবশ্যই বড় স্বপ্ন দেখতে হবে। সেই সঙ্গে থাকতে হবে অধ্যাবসায়—দিতে হবে শ্রম। এর কোনোটিতেই পিছয়ে ছিল না শিল্পী। দিনের বেলা অন্যের বাড়িতে কাজ করে রাতের বেলায় পড়াশোনা করে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে দারিদ্র্যক্লিষ্ট পরিবারের এ মেয়েটি। কেবল শিল্পী একা নয়, বরগুনার সাজেদা আর আনোয়ার, হবিগঞ্জের জুনায়েদ, রংপুরের লিটন চন্দ্র দাস, পটুয়াখালীর বেলাল, রাঙামাটির বিজয়রতন, কক্সবাজারের আনোয়ারসহ অনেক অদম্য মেধাবীর খবর ছাপা হচ্ছে পত্রিকার পাতায়। এদের কেউ গৃহকর্মী, কেউ দিনমজুর কিংবা রিকশাচালক, কেউ পড়ার খরচ আর জীবন ধারণের জন্য ফেরি করে ডিম বিক্রি করে, রাস্তায় বসে জুতা পলিশ করে কিংবা অন্যের জমিতে কৃষিমজুর হিসেবে কাজ করে। অভাবের তাড়নায় এসব শিক্ষার্থীর অনেকের পড়াশোনাই বন্ধ হয়ে গেছে বারবার। কেবল পড়াশোনার ব্যয়নির্বাহ নয়, অভাব-জর্জরিত এ শিক্ষার্থীদের কাউকে কাঁদতে হয়েছে ক্ষুধার জ্বালায়। এমন চরম প্রতিকূলতার মধ্যেও তারা মনোবল হারায়নি। বরং লক্ষ্য অর্জনের প্রবল ইচ্ছাশক্তি তাদের জিপিএ-৫ অর্জনে সহায়তা করেছে। আগামী বছর যারা এসএসসি পরীক্ষা দেবে, তারা এবার নিজের কথা ভাবো। একবার তুলনা করে দেখো, ওই সব অদম্য মেধাবীর সঙ্গে। তোমাদের আর্থিক, পারিবারিক ও সামাজিক অবস্থা নিশ্চয়ই ওদের চেয়ে অনেক ভালো। তোমাদের জীবন যাপন ও পড়ার ব্যয়ভার বহনের জন্য টাকার সংস্থান করতে নিশ্চয়ই তোমার নিজের উপার্জন করতে হয়নি, কায়িক পরিশ্রম করতে হয়নি। বরং তোমার সব টিউশন ফি, পাঠ উপকরণ, প্রাইভেট পড়ার খরচ সমস্ত করেছেন তোমার মা-বাবা, তোমার অভিভাবক। তাঁরা শুধু তোমার সমস্ত ব্যয়ভার বহন করেছেন বললে ভুল হবে। বরং তাঁরা তোমার সব চাহিদা পূরণে সব সময় থেকেছেন সতর্ক ও উৎকণ্ঠিত। এমন অনুকূল ও সহায়ক পরিবেশে পড়াশোনা করলে তোমাদের ফলাফল কতটা ভালো করা উচিত? নিশ্চয় তোমাদের ভবিষ্যৎ জীবনের সাফল্যের জন্য এ পরম সুযোগকে পুরোপুরি কাজে লাগানো উচিত। তোমাদের বর্তমান সময়ের প্রতিটি মুহূর্তের সদ্ব্যবহার করা একান্ত দরকার। কয়েকটি বিষয় তোমাদের বিশেষভাবে মনে রাখতে হবে— এখন থেকেই প্রস্তুতি নাও: এ কথা ভাবার কোনো অবকাশ নেই যে সামনে অনেক সময় আছে। আসলে সময় দ্রুত চলে যাচ্ছে। এখন থেকেই তোমাকে পুরো প্রস্তুতি শুরু করতে হবে। সময়কে কাজে লাগাও: সামনে যতটুকু সময় আছে তার যথাযথ সদ্ব্যবহার করো। প্রতিদিনের ক্লাসের পড়া প্রতিদিন শিখে নাও। পাঠের বিষয়গুলো নিজের মতো করে গুছিয়ে লিখে তৈরি করতে পারো হ্যান্ডনোট। দুর্বল বিষয়গুলোকে এড়িয়ে যেয়ো না: যেসব বিষয়ে তুমি তুলনামূলকভাবে দুর্বল, সেগুলোকে এড়িয়ে যেয়ো না। ‘পরে পড়ব’ কিংবা ‘পারব না’ বলে ফেলে না রেখে বরং ওই বিষয়টি বুঝতে তোমাকে বেশি সময় ব্যয় করতে হবে। সহজ বিষয়কে কম গুরুত্ব নয়: কোনো বিষয়কে সহজ মনে করে কোনো কোনো শিক্ষার্থী সে বিষয়টিতে গুরুত্ব কম দিয়ে থাকে এবং ফেলে রাখে। আসলে কোনো বিষয়ই খুব সহজ নয়। খুব ছোট একটা বিষয়ও দরকারের সময় ভুলে যেতে পারো। আর একটি বিষয় মনে রাখবে, কঠিন বিষয় ও সহজ বিষয় উভয়টি থেকে অর্জিত নম্বরের মূল্য ও গুরুত্ব সমান। কাজেই কঠিন বিষয় থেকে খেটেখুটে ৫ নম্বর অর্জন করে সহজ বিষয়ে ৫-১০ নম্বর ছেড়ে আসার মধ্যে কোনো লাভ নেই। অন্যদের সঙ্গে মতবিনিময় করো: পড়ার বিষয়বস্তু নিয়ে অন্যদের সঙ্গে মতবিনিময় করবে, প্রয়োজনে শিক্ষকের পরামর্শ নেবে। এর ফলে অনেক বিষয়ই তোমার সহজে মনে থাকবে। পড়ার মাঝে খুঁজে নাও আনন্দ: পাঠের প্রকৃত বিষয়টি বুঝতে পারার মধ্যেই রয়েছে পড়ার আনন্দ। মুখস্থের মাঝে কোনো আনন্দ নেই। বর্তমানে সৃজনশীল পদ্ধতি তোমাদের পাঠ বিষয়ে অবারিত চিন্তার এবং বোঝার পথ উন্মুক্ত করে দিয়েছে। প্রযুক্তির ক্ষতিকর দিক এড়িয়ে চলো: মানুষের কল্যাণের জন্যই সমস্ত প্রযুক্তির উদ্ভাবন। কিন্তু এগুলোর প্রায় প্রতিটিরই রয়েছে ক্ষতিকর দিক। মোবাইল, ইন্টারনেট, গান শোনার যন্ত্র এগুলোর ব্যবহার অবশ্যই সীমিত রাখবে। এগুলোর অপব্যবহারে বহু সুন্দর জীবন ধ্বংস হয়ে গেছে এবং যাচ্ছে। তোমরা নিশ্চয়ই এর অপব্যবহারগুলো সম্পর্কেও অবগত রয়েছ। মনোবল রাখো অটুট: তোমরা যারা আগামী বছর এসএসসি পরীক্ষা দেবে তারা মনোবল অটুট রেখে এখন থেকেই মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আর তোমরা যেসব শিক্ষার্থী আরও নিচের ক্লাসে রয়েছ, যাদের পরীক্ষা আরও পরে, তারাও এ কথাগুলো মনে রাখবে। কেননা, তোমাদের জন্যও এ কথাগুলো সমানভাবে প্রযোজ্য।