সব ধরনের যোগ্যতা থাকা সত্ত্বেও মোবাইল ফোনে আবেদন করার সময় শুধু এসএসসি বা এইচএসসি পরীক্ষার সাল কিংবা বোর্ড কিংবা রোল নম্বর লিখতে ভুল করায় এ বছর ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৯২ জন আবেদনকারী আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠেয় ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারছেন না। তবে এ বিষয়ে বাকৃবি ও টেলিটক মোবাইল অপারেটর কর্তৃপক্ষের যথেষ্ট গাফিলতি ও উদাসীনতা রয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী আবেদনকারীরা।ভুক্তভোগী আবেদনকারীরা অভিযোগ করে বলেন, টেলিটক মোবাইল থেকে ভুল তথ্য দিয়ে আবেদন করার পরও ওই মোবাইল ফোন অপারেটর থেকে ভুল চিহ্নিত করে ফিরতি কোনো খুদেবার্তা দেওয়া হয়নি। বরং সঙ্গে সঙ্গে ফিরতি খুদে বার্তায় অভিনন্দন জানিয়ে আবেদনের সিরিয়াল ও পিন নম্বর প্রদান করে নির্ধারিত ৫৫০ টাকা কেটে নিয়েছে তারা। অনেক আবেদনকারী নিজেদের ভুল বুঝতে পেরে দ্বিতীয়বার সঠিক তথ্য লিখে খুদেবার্তা পাঠালেও তা গ্রহণ করা হয়নি।ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, ১৬ নভেম্বর ভর্তি পরীক্ষার আহ্বায়ক বরাবর সঠিক তথ্য প্রদান করে আবেদন করলে তাঁদের ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এখন তাঁরা বিশ্বস্ত সূত্রে শুনেছেন, তাঁদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু তাঁরা সবাই পরীক্ষায় অংশ নিতে চান। এ জন্য তাঁরা উপাচার্যের হস্তক্ষেপ কামনা করেছেন।এ ব্যাপারে টেলিটকের হেল্পলাইনে ফোন করা হলে সেখান থেকে জানানো হয়, মানবিক দিক বিবেচনা করে এসব আবেদনকে বৈধ করা হবে কি না, তা বিশ্ববিদ্যালয়ের ব্যাপার। তাদের বিশ্ববিদ্যালয় থেকে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে, তারা সেভাবেই কাজ করেছে।