ভর্তি পরীক্ষা নিতে পারবে হলিক্রস, নটর ডেম ও সেন্ট জোসেফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য পরীক্ষা নিতে পারবে রাজধানীর হলিক্রস, নটর ডেম ও সেন্ট জোসেফ কলেজ। মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে কলেজে শিক্ষার্থী ভর্তির জন্য শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা নীতিমালার ৬টি ধারা হাইকোর্ট স্থগিত করেছেন।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে আজ সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এই তিন কলেজের অধ্যক্ষরা এ রিট আবেদন করেন। আজ এর ওপর শুনানি হয়।

আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজী​বী ফিদা এম কামাল। সঙ্গে ছিলেন আইনজীবী তানিম হোসেন।

জানতে চাইলে তানিম প্রথম আলোকে বলেন, গত ১ জুন মেধা তালিকার ভিত্তিতে উচ্চ মাধ্যমিকে ভর্তির জন্য নীতিমালা জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এই নীতিমালার ৩.১, ৪.১, ৪.২, ৫.৩, ৯.১, ও ৯.৩ ​এই ছয়টি ধারার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন তিন কলেজের অধ্যক্ষ। শুনানি শেষে আদালত এই তিন কলেজের জন্য নীতিমালার কার্যকারিতা ৬ মাসের জন্য স্থগিত করেন। এ ছাড়া এ ছয়টি ধারা কেন ​অবৈধ ঘো​ষণা করা হবে না, তা জানতে চেয়ে চার সপ্তাহের রুল দিয়েছেন আদালত। শিক্ষাসচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান ও কলেজ পরিদর্শককে রুলের জবাব দিতে বলা হয়েছে।