ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১১-১২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের (স্নাতক) ভর্তি পরীক্ষার প্রাথমিক বাছাই তালিকা প্রকাশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ভর্তি পরীক্ষা কমিটির এক জরুরি বৈঠকে এ তালিকা প্রকাশ করা হয়। এবার লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে মোট আট হাজার ৫১৫ জন শিক্ষার্থী। আর পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩ ডিসেম্বর শনিবার বেলা ১১টায়। বাছাই হওয়া প্রার্থীরা কাল বুধবার থেকে ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও মাত্স্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এম এ ওহাব প্রথম আলোকে জানান, এ বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী মোট আবেদনকারীর মধ্য থেকে নির্ধারিত আসনের (১০০০টি) ১০ গুণ আবেদনকারীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। এ বছর ভর্তি পরীক্ষার জন্য মোট ১১ হাজার ৩০১টি আবেদন জমা পড়েছিল। এর মধ্য থেকে নির্ধারিত আসনের সাড়ে আট গুণ আবেদনকারীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে। এসএসসি এবং এইচএসসির মোট জিপিএর ভিত্তিতে চতুর্থ বিষয় বাদ দিয়ে ন্যূনতম ৮.৭৪ পয়েন্ট প্রাপ্ত শিক্ষার্থীরাই কেবল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের করার সুযোগ পাচ্ছেন। মোট আবেদনকারীদের মধ্য থেকে প্রাথমিক বাছাইপর্বে প্রাথমিকভাবে আট হাজার ৫১৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। ভর্তি পরীক্ষা-সংক্রান্ত সব তথ্যাবলি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.bau.edu.bd) অথবা টেলিটকের ওয়েবসাইটে http://bau.teletalk.com.bd পাওয়া যাবে।পুনর্মূল্যায়িত ফলাফল দেখতে ক্লিক করুন