ভর্তি পরীক্ষায় ১ম স্থান অধিকারীর পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি পরীক্ষায় (২০০৯-১০ সালে) ১ম স্থান অধিকার করেছেন অনিক সাহা। অনিক বর্তমানে বুয়েটে তড়িৎ ও ইলেকট্রনিকস কৌশলে পড়াশোনা করছেন। বুয়েটে ভর্তি পরীক্ষার প্রস্তুতি ও অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিয়েছে ভর্তি প্রার্থীদের জন্য। সাক্ষাৎকার নিয়েছেন সুদীপ্ত দেবনাথ।পড়াশোনা: বুয়েটে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার ন্যূনতম যোগ্যতা কী? কোন ধরনের শিক্ষার্থীদের বুয়েটে ভর্তি পরীক্ষার জন্য এগিয়ে আসা উচিত?অনিক: সাধারণত বুয়েটে ভর্তি পরীক্ষায় আবেদনের জন্য পদার্থ, রসায়ন, গণিত ও ইংরেজি এই চারটি বিষয়ে ন্যূনতম মোট জিপি ১৯ পয়েন্ট চাওয়া হয়। তবে বিজ্ঞানের কোনো একটি বিষয়ে ‘এ প্লাস’ না থাকলে বুয়েটে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া যায় না। যেসব শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় পদার্থ, রসায়ন ও গণিতে ‘এ প্লাস’ এবং ইংরেজিতে ন্যূনতম ‘এ’ গ্রেড পাওয়ার ব্যাপারে আশাবাদী, তাদের বুয়েটে ভর্তি পরীক্ষার জন্য এগিয়ে আসা উচিত।পড়াশোনা: বুয়েটে ভর্তি পরীক্ষায় কোন কোন বিষয়ের ওপর প্রশ্ন করা হয়। এ পরীক্ষায় নম্বর বণ্টন পদ্ধতি কিরূপ। অনিক: বুয়েটে ভর্তি পরীক্ষায় গণিত, পদার্থ, রসায়ন ও ইংরেজি—এই চারটি বিষয়ে সর্বমোট ৬০০ নম্বরের প্রশ্ন থাকে। পদার্থ, গণিত ও রসায়ন এই তিনটি বিষয়ের প্রতিটিতে নয়টি লিখিত প্রশ্ন ও ৩৬টি এমসিকিউ প্রশ্ন থাকে। ইংরেজিতে তিনটি লিখিত প্রশ্ন ও ১২টি এমসিকিউ প্রশ্ন থাকে। প্রতিটি লিখিত প্রশ্নে ১০ নম্বর ও এমসিকিউ প্রশ্নে ২.৫ নম্বর থাকে। প্রতিটি এমসিকিউ প্রশ্নের ভুল উত্তরের জন্য .৬২৫ নম্বর কাটা যায়। স্থাপত্য বিষয়ের জন্য আরও ৪০০ নম্বরের মুক্তহস্ত অংকন পরীক্ষা দিতে হয়।পড়াশোনা: শিক্ষার্থীরা কীভাবে নিজেদের বুয়েটে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত করে তুলবে?অনিক: প্রথমেই প্রতিটি বিষয়ের মূল বইয়ের সবকিছু পড়ে শেষ করা উচিত। পরীক্ষায় ভালো করতে হলে সব বিষয়ে মজবুত বেসিক থাকা গুরুত্বপূর্ণ। এর পরই দরকার আত্মবিশ্বাস। আর অবশ্যই নিয়মিত লেখাপড়া করতে হবে। এখানে দ্রুত অঙ্ক করতে পারাটাই আসল পরীক্ষা। পড়াশোনা: বুয়েটে ভর্তি পরীক্ষায় পদার্থবিজ্ঞানে কোন ধরনের প্রশ্ন আসে? অনিক: পদার্থবিজ্ঞানে কোনো থিওরি আসে না। এখানে অঙ্কের ওপর বেশি জোর দিতে হবে। একটি অধ্যায়ের প্রতিটির সূত্রের ওপর একটি বা দুটি অঙ্ক করলে বাকি অঙ্কগুলো দেখলেই বোঝা যায় কোন সূত্রটি কাজে লাগবে। এর পর জটিল বা বিশেষ সমস্যাগুলো চিহ্নিত করতে হবে।পড়াশোনা: গণিত বিষয়ে শিক্ষার্থীদের প্রস্তুতি কেমন হতে হবে?অনিক: গণিতে সূত্রের প্রয়োগ ভালোভাবে বুঝতে হবে। বীজগণিতে অঙ্কের সংখ্যা বেশি, তাই বেশি বেশি করে অনুশীলন করতে হবে। ত্রিকোণমিতির জন্য অনুশীলনের বিকল্প নেই। জ্যামিতিতে বিভিন্ন ধরনের অঙ্ক আসে। তাই সূত্রগুলো আয়ত্তে থাকতে হবে। ক্যালকুলাসে অনুশীলন থাকলে কোনো সমস্যা হবে না। বলবিদ্যায় বইয়ের উদাহরণ ও অনুশীলনের অঙ্ক করাই যথেষ্ট।পড়াশোনা: রসায়নের জন্য কি শুধু মূল বই পড়াই যথেষ্ট? রসায়নের প্রশ্নগুলো কী ধরনের হয়?অনিক: রসায়ন প্রথম পত্রের অঙ্কগুলো খুব ভালোভাবে করতে হবে। রসায়নে প্রচুর তথ্যমূলক প্রশ্ন থাকে। প্রথম পত্রের জন্য বইয়ের প্রতিটি লাইন পড়লেই চলবে। দ্বিতীয় পত্রে জৈব রসায়নের বিক্রিয়াগুলো ভালোভাবে বুঝে পড়তে হবে। এসসিকিউয়ের জন্য বিভিন্ন যৌগের শিল্পোৎপাদন বিক্রিয়া ও ব্যবহার পড়তে হবে। রসায়নের ব্যবহারিক বই থেকেও অনেক প্রশ্ন আসে।পড়াশোনা: ইংরেজিতে প্রশ্নগুলো কোন ধরনের হয়ে থাকে?অনিক: ইংরেজিতে দুটি কম্প্রিহেনশন, আট-১০টি phrase and idioms এবং শূন্যস্থান পূরণ থাকে। মূল প্যাসেজটি ভালোভাবে বুঝতে পারলে কম্প্রিহেনশনের প্রশ্নগুলোর সহজেই উত্তর করা যায়। শূন্যস্থানপূরণটিও খুব সহজ থাকে। তবে phrase and idioms একটু কঠিন হয়। এর জন্য শিক্ষার্থীদের phrase and idioms ভান্ডার বাড়াতে হবে।পড়াশোনা: বুয়েটে ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে পাঠ্যবই অনুসরণ করা কতটুকু গুরুত্বপূর্ণ?অনিক: বুয়েটের ভর্তি পরীক্ষার সব প্রশ্ন পাঠ্যবই বইভিত্তিক হয়ে থাকে। বুয়েটে ভর্তি পরীক্ষায় ভালো ফলাফলের পেছনে মূল টেক্সট বইগুলো বুঝে পড়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মূল বইগুলো বুঝে পড়ে সম্পূর্ণ শেষ করতে পারলে বুয়েটে ভর্তি পরীক্ষায় অনায়াসেই ভালো ফল করা যায়।পড়াশোনা: যেহেতু বুয়েটে ভর্তি পরীক্ষা-পদ্ধতি শিক্ষার্থীদের জন্য একটি নতুন অভিজ্ঞতা, তাই শিক্ষার্থীরা কেমন করে পরীক্ষা-পদ্ধতির সঙ্গে নিজেদের মানিয়ে নিতে সক্ষম হবে?অনিক: শুরু থেকেই বুয়েটে ভর্তি পরীক্ষার অনুরূপ প্রশ্নপত্রে পরীক্ষা দিতে হবে। নিয়মিত পরীক্ষা দিলে শিক্ষার্থীরা বুয়েটে ভর্তি পরীক্ষা-পদ্ধতির সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারবে।পড়াশোনা: বুয়েটে ভর্তি পরীক্ষার কক্ষগুলোয় পরীক্ষার পরিবেশ কেমন?অনিক: বুয়েটে ভর্তি পরীক্ষায় ‘নীরবে বহিষ্কার’-এর নিয়ম রয়েছে, তাই পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীরা কেউ কারও সঙ্গে কথা বলতে পারে না। পরীক্ষা শুরুর পাঁচ মিনিট আগেই প্রশ্ন দেওয়া হয়। তবে এই পাঁচ মিনিটে শুধু প্রশ্নগুলো পড়া যায়, কোনো কিছু লেখা যায় না।পড়াশোনা: এ বছরের বুয়েটে ভর্তি পরীক্ষার্থীদের জন্য আপনার পরামর্শ কী?অনিক: পরীক্ষার জন্য খাওয়া, ঘুম বাদ দিয়ে পড়তে হবে এটা যেমন ঠিক নয়, তেমনি একটু পড়লেই পেরে যাব—এ রকম ভাবাও ঠিক নয়। চেষ্টা থাকবে তোমার পক্ষে যতটা সম্ভব সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া এবং পরীক্ষার হলে জানা উত্তরগুলো সঠিকভাবে লিখে আসা। আত্মবিশ্বাসের সঙ্গে প্রস্তুতি নিলে তোমরা অবশ্যই বুয়েটের ভর্তি পরীক্ষায় ভালো ফল করতে সমর্থ হবে।