২০০৯-১০ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং কোর্সে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। এই কোর্সে আবেদন করতে হবে আগামী ৫ মে তারিখের মধ্যে। এই কোর্সের জন্য সরাসরি অনলাইনে আবেদন করতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তিনটি প্রতিষ্ঠান এই কোর্স পরিচালনার জন্য অধিভুক্ত হয়েছে। এই প্রতিষ্ঠান তিনটি এবং আসনসংখ্যা হলো বিজিএমইএ ইনস্টিটিউট অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (১৫০টি), ইনস্টিটিউট অব সায়েন্স ট্রেড অ্যান্ড টেকনোলজি (৩০টি) ও ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি (১০০টি)।কোর্সে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের ২০০৯ সাল বা এর আগে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অথবা স্নাতক পাস হতে হবে। যেকোনো বিভাগ থেকে পাস করা প্রার্থীরই এসএসসি থেকে স্নাতক পর্যন্ত পরীক্ষায় কমপক্ষে ৭ পয়েন্ট থাকতে হবে। পয়েন্টের বিষয়ে বিস্তারিত জানা যাবে বিজ্ঞপ্তি থেকে। কোনো প্রার্থীই একসঙ্গে একাধিক কোর্সে ভর্তি হতে পারবেন না। অনলাইনে আবেদনের ঠিকানা www.nuadmission.com।অনলাইনে আবেদনের আগে প্রার্থীরা সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত ফি দিয়ে অনুমতি সংগ্রহ করবেন। প্রার্থীদের ছবিও অনলাইনে সংযোজন করতে হবে।অনলাইনে আবেদনের পর প্রার্থীরা প্রিন্ট কপি সংগ্রহ করবেন। এ সময় প্রার্থীদের সব শিক্ষাগত যোগ্যতার সনদ এবং নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। আবেদনের প্রিন্ট কপির ছবির ওপর প্রার্থীরা অধ্যক্ষের সিল সংযোজন করবেন। প্রার্থীরা প্রয়োজনীয় আরও তথ্য বিজ্ঞপ্তি থেকে জানতে পারবেন।ভর্তির জন্য আবেদন ফি ১০০ টাকা এবং রেজিস্ট্রেশন ফি পাঁচ হাজার টাকা। এই কোর্সের ক্লাস শুরু হবে ৭ মে থেকে। এই কোর্সের রেজিস্ট্রেশনের মেয়াদ চার বছর।