ভাত রান্না ঝটপট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বল্প সময়ে ভাত রাঁধতে কুকার বেশ কাজের৷ ছবি: অধুনা
স্বল্প সময়ে ভাত রাঁধতে কুকার বেশ কাজের৷ ছবি: অধুনা

তিনবেলা রান্না করতেই চলে যায় অনেকটা সময়। তাই সময় বাঁচাতে রাইস কুকার ব্যবহার করছেন অনেকেই৷ বিদ্যুৎ-চালিত যন্ত্রে স্বল্প সময়ে চাল ফুটে ভাত হয়ে যাবে। প্রথমে কুকারের ঢাকনা উঠিয়ে ভেতরের বল বাটিটা বের করে নিন। দিতে হবে পরিমাণমতো চাল এবং পানি। পাত্রের তলা ভালোভাবে মুছে নিয়ে বসিয়ে দিন কুকারের ভেতরে। এবার চালু করে দিন যন্ত্রটি৷ ২০ থেকে ২৫ মিনিটেই ভাত তৈরি৷
রান্নাবিদ সিতারা ফিরদৌস বলেন, ‘বর্তমান সময়ের ছেলে কিংবা মেয়ে, পদ্ধতিটা জানা থাকলে যে কেউ রাইস কুকারের মাধ্যমে ভাত রান্না করতে পারবে। শুধু ভাত নয়, এটা দিয়ে খিচুড়ি, পোলাও কিংবা ভাতের নানা ধরনের খাবার তৈরি করা যায়। কুকারে অনেক নিশ্চিন্তে ভাত রান্না করা যায়। পুড়ে যাওয়ার ভয় থাকে না বা নাড়তেও হয় না। রাইস কুকারে ভাত চাপিয়ে দিয়ে আমরা অন্য কাজও করতে পারি, ফলে অনেক সময় বেচে যায়।’
আকার অনুযায়ী রাইস কুকার
চাল ও পানির পরিমাণের ওপর নির্ভর করে বাজারে পাওয়া যাবে নানা রকমের রাইস কুকার। এক লিটার থেকে শুরু করে ১.৪, ১.৫, ১.৮, ২, ২.৪, ২.৮, ৩ ও ৩.২ লিটার পর্যন্ত। একসঙ্গে অনেক ভাত রান্না করতে চাইলে নিতে পারেন ৭ বা ১০ লিটারের রাইস কুকার।

কুকারের দরদাম
বাজারে আছে বিভিন্ন ব্র্যান্ডের রাইস কুকার৷ ট্রান্সকম বিপণন করছে সেবেক ব্র্যান্ডের কুকার। দুটি মডেলের কুকার কেনা যাবে এক হাজার ৯০০ থেকে দুই হাজার ৭০০ টাকায়।
শার্প ব্র্যান্ডের পাঁচ ধরনের কুকার পাওয়া যায়। দাম পড়বে আড়াই হাজার থেকে তিন হাজার টাকা। এ ছাড়া বড় কুকারের দাম ১১ থেকে ১২ হজার ৫০০ টাকা।
বাটারফ্লাইয়ের আছে তিন পদের কুকার। বাজারমূল্য দুই হাজার ২০০ থেকে দুই হাজার ৮০০ টাকা৷ র৵াংগস ব্র্যন্ডের কুকার পাওয়া যাবে আড়াই হাজার থেকে তিন হাজার টাকায়।
হুন্দাইয়ের কুকার পাওয়া যাবে তিন হাজার ৫০০ টাকা থেকে ছয় হাজার টাকায়।
অপটিমা কিনতে পারবেন দুই থেকে দুই হাজার ৮০০ টাকার মধ্যে। ডলিন কেনা যাবে এক হাজার ৯০০ টাকা থেকে দুই হাজার ৭০০ টাকায়। মিয়াকো ব্র্যান্ডের কুকার কিনতে পারবেন এক হাজার ৬০০ থেকে দুই হাজার ৫০০ টাকায়। হেজার পাওয়া যাবে এক হাজার ৮০০ থেকে দুই হাজার ৬০০ টাকার মধ্যে। নোভা কুকার কিনতে পারবেন এক হাজার ৭০০ থেকে দুই হাজার ৪০০ টাকায়। ফিলিপস কেনা যাবে তিন হাজার থেকে চার হাজার টাকায়।

রাইস কুকারের যত্ন
ভাত রান্নার এ যন্ত্রটি ব্যবহার করতে খুব একটা বাড়তি যত্ন লাগে না। খেয়াল রাখতে হবে বৈদ্যুতিক তারটি যে সকেটে লাগানো হচ্ছে সেটি যেন নড়বড়ে না থাকে।
পানির পরিমাণ সম্পর্কে ঠিকমতো জেনে নিতে হবে। পানির বেশি হলে ফুটন্ত পানি বুদবুদ আকারে কুকারের ভেতরে উথলে পড়বে। ফলে কুকারে যান্ত্রিক ত্রুটি দেখা দিতে পারে।
প্রতিবার ব্যবহারের পর বাটিটি শুকনো কাপড় দিয়ে মুছে নেওয়া ভালো। গরম অবস্থায় কখনোই কুকার ধোয়া ঠিক নয়।
বাজারে পাওয়া যাচ্ছে এমন যে কোন ব্র্যান্ডের রাইস কুকারের সঙ্গে পাওয়া যাবে এক বছরের ওয়ারেন্টি৷ কেনার আগে ওয়ারেন্টির বিস্তারিত জেনে নেওয়া ভালো৷