ভালো ফল, বেশি ভালো ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উচ্চমাধ্যমিক পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে প্রথম হয়েছে সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। উত্তীর্ণ শিক্ষার্থীদের আনন্দ-উল্লাসও তাই সবচেয়ে বেশি l প্রথম আলো
উচ্চমাধ্যমিক পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে প্রথম হয়েছে সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। উত্তীর্ণ শিক্ষার্থীদের আনন্দ-উল্লাসও তাই সবচেয়ে বেশি l প্রথম আলো

পাসের হার: ৭৫.৭৪%
জিপিএ–৫: ৫৭,৭৮৯
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফল আগের বছরগুলোর তুলনায় সব সূচকে ভালো হয়েছে। আটটি সাধারণ শিক্ষা বোর্ডে এবার পাসের হার সাড়ে ৪ শতাংশ বেড়ে হয়েছে ৭৫ দশমিক ৭৪ শতাংশ। শুধু পাসের হার নয়, মেধা নির্ধারণের মাপকাঠি জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও এবার বেশি, ৫৭ হাজার ৭৮৯। গত বছর এই সংখ্যা ছিল ৪৬ হাজার ৭৩৬।
শিক্ষাবিদেরা বলছেন, পড়াশোনার প্রতি শিক্ষার্থী ও অভিভাবকদের আগ্রহ বৃদ্ধি এবং সৃজনশীল প্রশ্নপত্রে বেশি নম্বর পাওয়ার সুযোগ থাকায় ফল ভালো হয়েছে। তবে কেউ কেউ মনে করেন, এ জন্য প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনাও প্রভাব ফেলেছে। ঢাকা, রাজশাহীসহ কয়েকটি শিক্ষা বোর্ডে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিল। কিন্তু সবচেয়ে বেশি প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটে ঢাকা বোর্ডে। আর ঢাকা বোর্ডেই পাসের হার প্রায় ১০ শতাংশ বেড়ে ৮৪ দশমিক ৫৪ শতাংশ হয়েছে। সাম্প্রতিক বছরগুলোর ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এইবোর্ডে জিপিএ-৫ বেশি পেলেও পাসের হার কখনো অন্য বোর্ডগুলোর চেয়ে বেশি হয়নি।
এবার ইংরেজি, পদার্থ, রসায়ন ও গণিতের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিল। প্রশ্ন ফাঁসের কারণে ঢাকা বোর্ডে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত করে তারিখ পরিবর্তন করা হয়েছিল। তদন্তেও প্রশ্নপত্র ফাঁস প্রমাণিত হয়েছিল। ঢাকা বোর্ড সূত্রে জানা গেছে, এবার ইংরেজিতে এই বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৫৯ শতাংশ, পদার্থে ৯৩ দশমিক ৬৬ শতাংশ এবং রসায়নে পাসের হার ৯৬ দশমিক ৬১ শতাংশ। কঠিন হিসেবে পরিচিত এই বিষয়গুলোর পাসের হার বেড়ে যাওয়ায় গড় পাসের হারও বেড়েছে বলে জানিয়েছেন এই বোর্ডের একজন কর্মকর্তা। অথচ গেলবার রসায়নে পাসের হার ছিল ৮০ দশমিক ৯৫ শতাংশ এবং ইংরেজিতে ৮২ দশমিক ৪৩ শতাংশ। শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, ঢাকা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা বেশি থাকে। তাই এই বোর্ডে পাসের হার বাড়লে সারা দেশের গড় পাসের হারে প্রভাব পড়ে।
এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল প্রথম আলোকে বলেন, ‘আমার জানা মতে, প্রায় সবাই এবার পরীক্ষার আগেই প্রশ্নপত্র পেয়েছিল। শুধু যেসব ছেলে-মেয়ে সৎ ছিল, তারা নেয়নি। সুতরাং এই পরীক্ষার ফলকে আমার পক্ষে গুরুত্বসহকারে নেওয়া সম্ভব নয়। তাই মূল্যায়নও করতে পারছি না।’
প্রসঙ্গত, এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন করেছিলেন জাফর ইকবাল।
শিক্ষা বোর্ড-সংশ্লিষ্ট কয়েকজন প্রথম আলোকে বলেন, এবার ১২টি বিষয়ের পরীক্ষা হয়েছে সৃজনশীল প্রশ্নপত্রে। সৃজনশীলে একেকটি অংশের জন্য আলাদা নম্বর দেওয়ায় বেশি নম্বর পাওয়ার সুযোগ রয়েছে। এটাও ভালো ফলের কারণ হিসেবে দেখছেন তাঁরা। আবার সাম্প্রতিক বছরগুলোতে পাবলিক পরীক্ষার উত্তরপত্রে শিক্ষকদের বেশি নম্বর দেওয়ার প্রবণতা লক্ষ করা যাচ্ছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও বলেছেন, সৃজনশীলের বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর প্রভাব পড়ছে।
গতকাল বুধবার প্রকাশিত আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষায় গড় পাসের হার ৭৫ দশমিক ৭৪ শতাংশ। গতবার এই হার ছিল ৭১ দশমিক ১৩ শতাংশ। এবার নয় লাখ ১৪ হাজার ৬০৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ছয় লাখ ৯২ হাজার ৬৯০। তবে মাদ্রাসা ও কারিগরিসহ ১০ বোর্ডে গড় পাসের হার ৭৮ দশমিক ৩৩ শতাংশ। গেলবার ছিল ৭৪ দশমিক ৩০ শতাংশ। ১০ বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছেন ৭০ হাজার ৬০২ জন।
এবার শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে। গতবার এ ধরনের প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৮৪৯। এবার হয়েছে এক হাজার ১৪৭টি। শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা একটি কমে হয়েছে ২৪।
সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এরপর দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রশ্নপত্রের ফাঁসের ঘটনা ফলাফলের ওপর প্রভাব পড়েনি। প্রশ্নপত্রের ফাঁসের বিষয়টি আমরাই চিহ্নিত করেছিলাম। এর মধ্যে একটি পরীক্ষার তারিখ পরিবর্তন করে নেওয়া হয় এবং তিনটি বিষয়ে নতুন করে প্রশ্নপত্র ছাপিয়ে নেওয়া হয়।’

মাদ্রাসা বোর্ডে সারা দেশে প্রথম ডেমরার দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা l ছবি: প্রথম আলো
মাদ্রাসা বোর্ডে সারা দেশে প্রথম ডেমরার দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা l ছবি: প্রথম আলো

একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন, প্রশ্নপত্র ফাঁসের কারণে এবারের ফল কলঙ্কিত হলো কি না। জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এই প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতি অবিচার করা হলো।
বেলা একটায় ফলাফলের তথ্য তুলে ধরা হলেও কলেজগুলোতে একযোগে দেড়টায় ফল প্রকাশ করা হয়। একসঙ্গে ওয়েবসাইট ও নির্ধারিত পদ্ধতিতে মুঠোফোনেও ফল পাওয়া যায়। ফল প্রকাশের সঙ্গে সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুরু হয় আনন্দ-উচ্ছ্বাস।
ফলাফল মূল্যায়ন করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক অধ্যাপক মো. ছিদ্দিকুর রহমান বলেন, যে ফল হয়েছে সেটা কাম্য। কিন্তু যোগ্যতা অর্জন করে এই ফল হয়েছে কি না, সেটা নিয়ে সন্দেহ আছে। কারণ হিসেবে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় দেখা গেছে, এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া অর্ধেকেরও বেশি শিক্ষার্থী পাস নম্বর পাচ্ছেন না। এবার ভালো ফলের পেছনে প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি কিছুটা হলেও প্রভাব ফেলেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, শিক্ষার প্রতি শিক্ষার্থী ও অভিভাবকদের আগ্রহ বেড়েছে, এটাও ভালো ফলে প্রভাব ফেলেছে।
বিজ্ঞানে ভালো ফল: ফল বিশ্লেষণ করতে গিয়ে দেখা যায়, সংখ্যার দিক দিয়ে এইচএসসিতে বিজ্ঞান ও গার্হস্থ্য শাখায় পরীক্ষার্থী কম হলেও পাসের হার ও জিপিএ-৫-এর দিক থেকে এই শাখার পরীক্ষার্থীরাই এগিয়ে। এবার এই শাখা থেকে এক লাখ ৫৫ হাজার ৭৫৫ জন পরীক্ষা দিয়ে পাস করেছেন এক লাখ ২৯ হাজার ১৬৭। গেলবার পাস করেছিলেন এক লাখ ৪৭৭ জন। এবার বিজ্ঞানে পাসের হার প্রায় ৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৩৪ হাজার সাতজন। আর মানবিকে পাসের হার ৬৯ দশমিক ৭৬ শতাংশ এবং ব্যবসায় শিক্ষায় পাসের হার ৮১ দশমিক ২৪ শতাংশ।
সেরা তালিকায় নতুন নাম: ঢাকা শিক্ষা বোর্ডের মধ্যে এবারও সেরা হয়েছে রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজ। নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজও তার দ্বিতীয় অবস্থানটি ধরে রেখেছে। তবে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ তৃতীয় থেকে পঞ্চম স্থানে নেমে এসেছে। তাদের জায়গা দখল করেছে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ। এ ছাড়া উত্তরার মাইলস্টোন, কিংস কলেজ, ক্যামব্রিয়ান কলেজ, ন্যাশনাল আইডিয়াল কলেজ সেরা দশের মধ্যে স্থান করে নিয়েছে।
পাসের হারে মেয়েরা, জিপিএ-৫-এ ছেলেরা: এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার মেয়েদের মধ্যে ৭৮ দশমিক ৮৬ শতাংশ পাস করেছেন। আর ছেলেদের পাসের হার ৭৭ দশমিক ৮৬ শতাংশ। ছেলেদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৩৮ হাজার ৭৮৭ জন, আর মেয়েদের মধ্যে পেয়েছেন ৩১ হাজার ৮১৫ জন।
সবচেয়ে খারাপ ফল যশোরে: তুলনা করে দেখা গেছে, এবারে সবচেয়ে খারাপ ফল করেছে যশোর বোর্ড। গতবারের চেয়ে এই বোর্ডে পাসের হার প্রায় ৭ শতাংশ কমে হয়েছে ৬০ দশমিক ৫৮ শতাংশ।
খারাপ ফলের কারণ জানতে চাইলে এই বোর্ডের চেয়ারম্যান আমিরুল আলম খান প্রথম আলোকে বলেন, এবার তাঁদের বোর্ডের অধীন ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা খারাপ হয়েছিল। তার পরও কী কারণে ফল খারাপ হলো, তা তাৎক্ষণিকভাবে বোঝা যাচ্ছে না।
ঢাকা বোর্ডের অধীন বিদেশের পাঁচটি কেন্দ্রে ২১১ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫৩ জন পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ১৯ জন।
সংবাদ সম্মেলনে ভর্তিসংক্রান্ত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, উচ্চশিক্ষায় ভর্তিতে আসনের কোনো সমস্যা হবে না। তবে তিনি বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভর্তি পরীক্ষাকে ‘ত্রুটিপূর্ণ’ মন্তব্য করে বলেন, এর সংস্কার করতে হবে।
পুনর্নিরীক্ষণের আবেদন আজ শুরু: শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন আজ বৃহস্পতিবার শুরু হয়ে ২০ আগস্ট পর্যন্ত চলবে। নির্ধারিত পদ্ধতিতে খুদে বার্তায় এ আবেদন করা যাবে।