অধ্যক্ষ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ঢাকা এইচএসসি পরীক্ষার্থীরা, তোমরা রুটিন করে বিভিন্ন বিষয়ে ভালোভাবে প্রস্তুতি নেবে। বিগত কয়েক বছরের প্রশ্ন দেখে এবং এ বছর অনুষ্ঠিত বিভিন্ন কলেজের নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র পর্যালোচনা করে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর ভালোভাবে অনুশীলন করবে। যেসব বিষয় তুলনামূলকভাবে কঠিন মনে হয় এবং যেসবে দুর্বলতা আছে, সেগুলো অধিক গুরুত্বসহকারে অনুশীলন করবে। কোনোভাবেই সময়ের অপচয় করবে না। প্রতিদিন অন্তত ৮ থেকে ১০ ঘণ্টা মনোযোগসহকারে লেখাপড়া করবে।ভালো ফলাফলের জন্য পরীক্ষার খাতায় ভালো উপস্থাপনা জরুরি। ভালো উপস্থাপনা বলতে পরীক্ষার খাতার সার্বিক পরিচ্ছন্নতা এবং নির্ভুল, মানসম্মত ও যথাযথ উত্তর লেখাকেই বোঝায়। খাতার ওপরে ও বাঁ দিকে পেনসিল দিয়ে ১ ইঞ্চি পরিমাণ মার্জিন দিতে হবে। এরপর নির্ভুলভাবে প্রশ্নের নম্বর লিখে আন্ডারলাইন করে উত্তর লেখা শুরু করতে হবে। অবশ্যই প্রশ্নপত্র পাওয়ার পর তা মনোযোগ দিয়ে অন্তত একবার পড়ে নিতে হবে। তারপর কোন কোন প্রশ্নের উত্তর লিখবে, সেটি নির্বাচন করে লেখা শুরু করবে। মন ভালো রেখে আত্মবিশ্বাস নিয়ে সব প্রশ্নের উত্তর লেখা শেষ করবে। প্রতিটি উত্তর শেষ হলে সরলরেখার সমাপ্তিচিহ্ন দেবে যে প্রশ্নের উত্তরগুলো উচ্চমানসম্পন্ন এবং সবচেয়ে ভালো মনে আছে, সেগুলোই আগে লিখতে হবে। হাতের লেখা স্পষ্ট এবং সুন্দর হতে হবে। উত্তরপত্রে বেশি কাটাকাটি করা সমীচীন নয়। লেখার কোনো অংশ কাটতে হলে তা একটানে কাটতে হবে। প্রয়োজন অনুযায়ী প্রাসঙ্গিক উদ্ধৃতি, চার্ট, চিত্র, ডায়াগ্রাম ইত্যাদির ব্যবহার করতে হবে। এগুলো উত্তরের মান অনেকাংশে বাড়িয়ে দেয়। মনে রাখতে হবে, পরীক্ষার খাতায় ভালো উপস্থাপনাই বেশি নম্বর পেতে সহায়তা করে। ছাত্রজীবনে এইচএসসি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই পরীক্ষায় পাওয়া গ্রেডের ওপর ভিত্তি করে ভবিষ্যত্ উচ্চশিক্ষার ক্ষেত্র নির্ধারিত হয়। মনে রাখবে, ছোটখাটো ভুলত্রুটি সংশোধন করা, প্রশ্নের নম্বর ঠিকমত লেখা হয়েছে কি না, কোনো উত্তর লেখা বাদ পড়েছে কি না, সেদিকে লক্ষ রাখার জন্য রিভিশন দেওয়া খুবই প্রয়োজন। এ জন্য অন্তত পাঁচ থেকে দশ মিনিট আগে উত্তর লেখা শেষ করতে হবে।