
সামনেই এসএসসি পরীক্ষা। এটিই তোমার জীবনের গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা। এই পরীক্ষার ফলাফল জীবনের উচ্চ শিক্ষার প্রতিটি ক্ষেত্রে প্রয়োজন হবে। তাই এ পরীক্ষার প্রস্তুতি অবশ্যই গুরুত্ব সহকারে নেবে। এরই মধ্যে তোমরা পরীক্ষার সময়সূচি হাতে পেয়েছো, তা মিলিয়ে নিয়ে ভালো করে প্রস্তুতি নাও।
প্রতিটি বিষয়ের পাঠ্যবই খুব ভালো করে পড়বে। প্রতিটি বিষয়ের মূল ব্যাপার যদি ভালো করে বুঝে নাও, জেনে নাও, তবে ভালো নম্বর পাবেই। অনেক শিক্ষার্থী পরীক্ষার আগে সাজেশনের জন্য এদিক সেদিক ঘোরাফেরা করে সময় নষ্ট করে থাকে—এ কাজটা তুমি ভুলেও করবে না। যা তুমি পড়েছো তাই ভালো করে পড়ো। এতেই ভালো করতে পারবে। নিজের ওপর আত্মবিশ্বাস রেখে পড়তে হবে, প্রস্তুতি নিতে হবে।
এখন তোমার পরীক্ষা হবে সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে। আর প্রতিটি বিষয় সৃজনশীল বা ব্যাখ্যামূলক ও বহুনির্বাচনি অংশে পরীক্ষা হয়ে থাকে। বহুনির্বাচনিতে অবশ্যই জোর দেবে। সৃজনশীল ও বহুনির্বাচনি অংশে ভালো করতে হলে বিষয়টি অবশ্যই ভালোভাবে জানতে হবে। কোনো অংশ বা অধ্যায় বাদ দিয়ে পড়বে না। এতে জানার পরিধি কমে যাবে এবং পরীক্ষার ওপর প্রভাব পড়তে পারে। গণিত সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে পরীক্ষা হবে। তাই এ বিষয়ে ভয় পাবে না। সারা বছর যেভাবে অনুশীলন করেছো ঠিক সেভাবেই বাকি সময়টা অনুশীলন করবে। একটা কথা মনে রেখো, যা পড়েছো তাই ভালো করে রিভিশন দাও। তবেই ভালো করতে পারবে। মনে আত্মবিশ্বাস রেখো।
প্রতিদিন পড়ো, নিজে থেকে পড়ো, বুঝে বুঝে পড়ো। বিষয়কে ভালোভাবে জানো। সারা দিন শুধু পড়বে না, মাঝেমধ্যে বিনোদনের জন্য বন্ধুদের সঙ্গে কথা বলো, গল্প করো। পড়ার বিষয় নিয়ে কথা বলো, এতে বিনোদনও হবে, পড়াও হবে। যারা টেলিভিশন একটু বেশি দেখো কিংবা ফেসবুক ব্যবহার করো, তাদের উচিত এগুলো এখন কমানো।
সম্মানিত অভিভাবকদের বলব, আপনারা সন্তানের পড়াশোনার প্রতি নজর দিন। এখন শীত, বেশ ঠান্ডা পড়েছে, তাই সন্তানদের স্বাস্থ্যের প্রতি নজর দেওয়াও জরুরি। প্রিয় পরীক্ষার্থীদের বলব, প্রতিদিন নিয়ম করে পরীক্ষার প্রস্তুতি নেবে। সন্ধ্যার পর নিয়ম করে পড়তে হবে। পরীক্ষার আগে ভালো করে প্রতিটি বিষয় রিভিশন দেবে। তোমার চেষ্টা সফল হোক, তোমার জীবন সুন্দর হোক।
রাজউক মডেল কলেজ, ঢাকা।