প্রভাষক, বাংলা বিভাগ, নটর ডেম কলেজ, ঢাকাবাংলা বিষয়ে ভালো নম্বর পেতে নির্ভুল ও নিখুঁত লেখার পাশাপাশি সুন্দরভাবে বিষয়কে উপস্থাপন করা খুব জরুরি। সুন্দরভাবে উপস্থানের প্রথম শর্ত সুন্দর হাতের লেখা। এ ক্ষেত্রে লেখা খুব সুন্দর না হলেও পরিচ্ছন্ন হওয়া জরুরি। কেননা প্রশ্ন নম্বর ভুল হলে পরীক্ষক বিরক্ত হয়ে নম্বর কমিয়ে দিতে পারেন; এমনকি শূন্য দিতেও পারেন। এ জন্য প্রশ্ন নম্বর নির্ভুল হওয়া বাঞ্ছনীয়। প্রত্যেক পৃষ্ঠায় ১৪-১৬ লাইন লিখলে খাতার সৌন্দর্য বজায় থাকবে। চেষ্টা করতে হবে প্রত্যেক প্রশ্নোত্তর পৃষ্ঠার শুরু থেকে আরম্ভ করা। প্রত্যেক উত্তর লেখা শেষে একটি বিশেষ চিহ্ন (যেমন সমান্তরাল দুটি দাগ) ব্যবহার করা যেতে পারে; যা দেখে পরীক্ষক উত্তর শেষ, এটা সহজেই বুঝতে পারেন। বাংলা দ্বিতীয়পত্রের সিলেবাসে দুটি নাটক আছে। মুনীর চৌধুরীর রক্তাক্ত প্রান্তর আর মীর মশাররফ হোসেনের জমিদার দর্পণ-এর মধ্যে যেকোনো একটি নাটক থেকে উত্তর লিখতে হবে। ভালো নম্বর পেতে হলে চার থেকে ছয়টি সংলাপ ব্যবহার করতে হবে, যা উত্তরকে সমর্থন করে। ভূমিকা হতে হবে আকর্ষণীয় যেমন—রক্তাক্ত প্রান্তর নাটক অবলম্বনে ইব্রাহিম কার্দির চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। এ প্রশ্নের উত্তর এভাবে শুরু করা যায়—আধুনিক বাংলা সাহিত্যে মুনীর চৌধুরী এক অনন্যসাধারণ নাট্যপ্রতিভা। যিনি অল্পসংখ্যক নাটক লিখে সাহিত্যে সমৃদ্ধ আসনে প্রতিষ্ঠিত। নাটক হলো পরিণত ও পূর্ণাঙ্গ শিল্প। যা আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় সমাজের বাস্তব দৃশ্যপট। ঐতিহাসিক পানিপথের তৃতীয় যুদ্ধকে কেন্দ্র করে কায়কোবাদের মহাকাব্য মহাশশ্মান থেকে কাহিনি নিয়ে রচিত রক্তাক্ত প্রান্তর নাটক। এ নাটকের কেন্দ্রীয় চরিত্র ও নায়ক ইব্রাহিম কার্দির চারিত্রিক বৈশিষ্ট্য বিশ্লেষণ আমাদের আলোচ্য প্রসঙ্গ। এরপর বিস্তারিত উত্তর লিখতে হবে। চরিত্র বিশ্লেষণে কোনো পয়েন্ট ব্যবহার না করে শুধু প্যারা করে করে লিখতে হবে। সংক্ষিপ্ত প্রশ্নোত্তরে লেখক সম্পর্কে শুধু একটি বাক্য ব্যবহার করে সরাসরি উত্তর দিতে হবে। যদি প্রশ্নে কে, কাকে, কখন, কোন প্রসঙ্গে বলেছে এমন প্রশ্ন থাকে তাহলে উত্তরে কে এবং কাকে এ ক্ষেত্রে সরাসরি ব্যক্তির নাম উল্লেখ করে, সময়টা লিখে পরে প্রসঙ্গটি বিশ্লেষণ করতে হবে। বাংলা দ্বিতীয় পত্রে ব্যাকরণ খুবই গুরুত্বপূর্ণ অংশ। ব্যাকরণের ক্ষেত্রে সমাস, প্রত্যয়, পারিভাষিক শব্দ, বানানের নিয়ম; উপসর্গ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বানান শুদ্ধি অধিক গুরুত্বপূর্ণ। সঙ্গে ভাষা, ব্যাকরণ, শব্দ প্রকরণ, বাক্য প্রকরণ অধ্যায়গুলো পড়তে হবে। বাংলা দ্বিতীয়পত্রে ভালো নম্বর পেতে ব্যাকরণে পূর্ণ নম্বর পাওয়া জরুরি। পূর্ণ নম্বর পেতে উল্লিখিত বিষয়গুলো ভালোমতো রপ্ত করতে হবে।ভাব সম্প্রসারণ চার থেকে পাঁচ পৃষ্ঠা লিখলেই চলবে। মূলভাব, সম্প্রসারিত ভাব, মন্তব্য এ তিনটি পয়েন্টের আলোকে পয়েন্ট উল্লেখ ছাড়া প্যারা করে লিখতে হবে। ভাষণ বা প্রতিবেদনের ক্ষেত্রে প্রতিবেদন লেখা যুক্তিযুক্ত। চিঠি বা দরখাস্তের ক্ষেত্রে দরখাস্ত লেখা ভালো। বাংলা দ্বিতীয়পত্রে রচনা লিখন খুবই গুরুত্বপূর্ণ অংশ। একটি রচনা ১২ থেকে ১৫ পৃষ্ঠা লেখা মানানসই। প্রশ্নে সাধারণত পাঁচ বিষয় অবলম্বনে পাঁচটি রচনা থাকে; সেখান থেকে যেকোনো একটি লিখতে হবে। প্রকৃতির বর্ণনাবিষয়ক রচনা শুধু প্যারা করে লেখাই ভালো। তবে তথ্যনির্ভর রচনা পয়েন্ট উল্লেখসহ প্যারা করে লিখতে হবে। বিজ্ঞানভিত্তিক রচনা পয়েন্ট উল্লেখসহ প্যারা করে লিখতে হবে।