জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন অংশ-১২প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইতিহাস থেকে অধ্যায়ভিত্তিক জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর দেওয়া হলো।খ- বিভাগ: অধ্যায়-৭প্রশ্ন: কোথায় স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয়?উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে। অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: ভাষা আন্দোলনের গুরুত্ব কী?উত্তর: ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতি সর্বপ্রথম ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ লাভ করে। বাঙালি জাতীয়তাবাদের বিকাশ শুরু হয় ভাষা আন্দোলনকে কেন্দ্র করে। ভাষা আন্দোলনের ফলে বাঙালিদের মধ্যে যে চেতনা জাগ্রত হয়, তা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রশ্ন: মৌলিক গণতন্ত্র বলতে কী বোঝ? উত্তর: ‘মৌলিক’ গণতন্ত্র একটি রাজনৈতিক প্রক্রিয়া। এ প্রক্রিয়ার মাধ্যমে আইয়ুব খান এক আদেশ জারি করে পাকিস্তানের দুই অঞ্চল থেকে ৮০ হাজার মৌলিক গণতন্ত্রী সদস্য নির্বাচনের ব্যবস্থা করেন। প্রশ্ন: ছয় দফা আন্দোলনকে কেন ‘মুক্তির সনদ’ বলা হয়?উত্তর: পাকিস্তানি শাসকগোষ্ঠীর অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক প্রভৃতি ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের বাঙালি জনগণের প্রতি যে সীমাহীন বৈষম্য সৃষ্টি করে, সেখানে ছয় দফা কর্মসূচি ছিল এক বলিষ্ঠ প্রতিবাদ। প্রশ্ন: বাংলাদেশের মুক্তিযুদ্ধে বহির্বিশ্বের সাহায্যের বর্ণনা দাও।উত্তর: আমাদের মহান মুক্তিযুদ্ধে প্রতিবেশী দেশ ভারত, সাবেক সোভিয়েত ইউনিয়নসহ পৃথিবীর অনেক দেশের সরকার ও জনগণ গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। প্রশ্ন: মুক্তিবাহিনীতে কারা অংশ নেন?উত্তর: ১৯৭১ সালের পঁচিশে মার্চের কালরাত থেকে বাঙালির মুক্তিযুদ্ধ শুরু হয়ে যায়। এ যুদ্ধে বাংলার আপামর জনসাধারণ অংশ নেয়। ধর্ম-বর্ণ-নারী-পুরুষনির্বিশেষে সব মানুষের মরণপণ যুদ্ধের মধ্য দিয়ে বাংলার স্বাধীনতা অর্জিত হয়।মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীরা: ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, পূর্ব পাকিস্তান রাইফেলস, পুলিশ, আনসার, ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক, জেলে, তাঁতি, যুবক, বৃদ্ধ, কিশোর, রাজনীতিবিদ, উকিল, চিকিৎসক, লেখক, শিল্পী, বুদ্ধিজীবীসহ বাংলার নারীসমাজও মুক্তিযুদ্ধে অংশ নেয়। মাত্র কয়েক সপ্তাহের প্রশিক্ষণ নিয়ে তারা গেরিলা পদ্ধতি এবং সম্মুখযুদ্ধে পাকিস্তানি বাহিনীকে আঘাত করতে থাকে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল