ভিকারুননিসায় ট্রাইউন উৎসব

তিন দিনব্যাপী রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ‘ক্লিক, ক্রিয়েট অ্যান্ড কানেক্ট’ স্লোগানে শুরু হয়েছে ট্রাইউন উৎসব। ভিকারুননিসার স্কুল শাখার ফটোগ্রাফি, চারু ও কারু এবং অ্যানিমি ক্লাব এই উৎসবের আয়োজন করেছে।
আজ মঙ্গলবার দুপুরে বেলুন উড়িয়ে এই উৎসবের উদ্বোধন করেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। অনুষ্ঠানের শুরুতে ফুল ও ক্রেস্ট দিয়ে দিয়ে প্রধান অতিথিকে বরণ করে শিক্ষার্থীরা। এই উৎসব ১৩ ও ১৪ নভেম্বরও হবে। তিনটি ক্লাব আয়োজন করায় এটিকে ট্রাইউন ফেস্টিভ্যাল বা একের ভেতর তিন উৎসব বলা হচ্ছে।
উদ্বোধনী বক্তব্যে মতিউর রহমান বলেন, ভবিষ্যতে এই অনুষ্ঠান আরও বড় পরিসরে আয়োজন করতে প্রথম আলো সব ধরনের সহযোগিতা করবে। তিনি বলেন, আগামী বছর থেকে এই অনুষ্ঠানের আয়োজনে প্রথম আলো সব স্পনসর করবে, সহযোগিতা করবে, সমর্থন করবে। ভিকারুননিসার সব অনুষ্ঠানে প্রথম আলো থাকে, থাকবে। পরীক্ষার শেষের ফাঁকা সময়ে ভালো ভালো শিল্পীদের অংশগ্রহণে প্রথম আলোর সহযোগিতায় একটি সংগীত উৎসবের আয়োজন করতে ভিকারুননিসার অধ্যক্ষকে প্রস্তাব দেন তিনি। এ সময় ভিকারুননিসার অধ্যক্ষ সুফিয়া খাতুন তাঁর ওই প্রস্তাব সমর্থন করে অনুমতি দেন। তিনি বলেন, প্রথম আলো ভিকারুননিসার সব ভালো কাজ, উদ্যোগে পাশে থাকার চেষ্টা করে।
শিক্ষার্থীদের উদ্দেশে মতিউর রহমান বলেন, ‘তোমরা আরও ভালো হও। আরও বড় হও। তবে শেষ বিচারে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে হয়। পাশাপাশি আজকে যে উদ্দেশ্যে তোমাদের এখানে আসা, সেই ছবি তোলা, আঁকাআাঁকি—এগুলো জীবনে খুব গুরুত্বপূর্ণ। তোমাদের এই উদ্যোগ অব্যাহত থাকুক। আমি আপাদের সামনে সাহস করে বলি, তোমরাই অবশ্যই ভালো পড়াশোনা করবে, পাশাপাশি কবিতা পড়বে, গল্প পড়বে, উপন্যাস পড়বে, বেশি বেশি সিনেমা দেখবে। গান শুনবে। দেশি-বিদেশি সব ধরনের গান। তাহলে মন ভালো থাকবে, বড় হবে। সাহস বাড়বে, উদ্যোগী হবে।’ তিনি বলেন, ‘আমি সব সময় বলি, মেয়েরা শ্রেষ্ঠ। আর মেয়েদের ভাইদের বলি, সব সময় সবকিছু নিয়ে বোনদের সঙ্গে দুষ্টামি করবে না। ঝগড়া করবে না, কষ্ট দেবে না। সহযোগিতা ও বন্ধুত্বের সম্পর্ক রাখবে।’
ট্রাইউন বা একের ভেতর তিন উৎসবে ফটোগ্রাফি ক্লাবের সদস্যদের তোলা বিভিন্ন ধরনের ছবি দিয়ে আলোকচিত্র প্রতিযোগিতা ও কুইজ আয়োজন করা হচ্ছে। ছাড়া চারু ও কারু এবং অ্যানিমি ক্লাবের আয়োজনে পোস্টার, দেওয়াল পত্রিকা, চারু ও কারুপণ্য তৈরি প্রতিযোগিতা, অ্যানিমি কুইজ, কলা, সংস্কৃতি এবং ভাষাভিত্তিক কুইজ, চিত্রাঙ্কন, অ্যানিমি অঙ্কনের প্রতিযোগিতা হচ্ছে।
উৎসবে কিশোর আলোসহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল ছিল। নিজেদের তৈরি বিভিন্ন কারুপণ্য নিয়ে স্টল দেন শিক্ষার্থীরাও। উৎসব উপলক্ষে দেয়াল পত্রিকাও বের করা হয়।