ভূগোল
রচনামূলক অংশ সৃজনশীল পদ্ধতিএসএসসি পরীক্ষায় ভূগোল বিষয়টি মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এই বিভাগের সকল শিক্ষার্থীকে আবশ্যিক নৈর্বাচনিক বিষয় হিসেবে ভূগোল বিষয়টি পড়তে এবং পরীক্ষা দিতে হয়। মানবিক বিভাগের অপরাপর বিষয়ের তুলনায় এ বিষয়ে অধিক নম্বর প্রাপ্তি সম্ভব। সে জন্য দরকার ভালো প্রস্তুতি এবং নিপুণভাবে চিত্র, ডায়াগ্রাম ইত্যাদি অঙ্কনে দক্ষতা। এর পাশাপাশি বিভিন্ন বিভাগ থেকে পূর্ণাঙ্গভাবে উত্তরদানে সক্ষম এমন সব প্রশ্ন নির্বাচন করা। এই বিষয়ের সৃজনশীল প্রশ্নপত্র তিনটি বিভাগে বিন্যস্ত থাকে। যেমন, ক বিভাগ (গাণিতিক ও প্রাকৃতিক ভূগোল), খ বিভাগ (আঞ্চলিক ভূগোল) এবং গ বিভাগ (বাংলাদেশ)। প্রতিটি বিভাগে তিনটি করে প্রশ্ন দেওয়া থাকে। এর মধ্যে কমপক্ষে একটি করে মোট ছয়টি প্রশ্নের উত্তর করতে হয়। সে জন্য কোনো বিভাগ বাদ দিয়ে এ বিষয়ে ভালো ফল করা যায় না। এ বিষয়ের গাণিতিক ও প্রাকৃতিক ভূগোল অংশের প্রশ্ন নিয়ে পরীক্ষার্থীদের কারও কারও মধ্যে ভয় কাজ করে। ভীতি দূর করার জন্য এবং এই অংশের প্রশ্নের উত্তরদানে স্বচ্ছন্দ বোধ করার লক্ষ্যে নিচে এসএসসি পরীক্ষার সমমানের একটি সৃজনশীল প্রশ্ন এবং এর নমুনা উত্তর দেওয়া হলো।নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও। মামুন তার বাবার সঙ্গে ২০১০ সালের জুন মাসে অস্ট্রেলিয়া বেড়াতে যায়। সে সেখানে গিয়ে শীতের তীব্রতা দেখে বিস্মিত হয়। কারণ ওই একই সময়ে বাংলাদেশে গ্রীষ্মকালের আবহাওয়া বিরাজ করছিল। তার ভাবনা হয়, একই সময়ে কীভাবে বাংলাদেশে গ্রীষ্মকাল অথচ অস্ট্রেলিয়ায় শীতকাল। এর কারণ জানতে চাইলে তার বাবা বলেন, পৃথিবীর বার্ষিক গতির জন্য এরূপ হচ্ছে।প্রশ্ন: ক. সৌরদিন কী?প্রশ্ন: খ. দিন-রাত্রি কেন সংঘটিত হয়?প্রশ্ন: গ. মামুনের অস্ট্রেলিয়া গমনের সময় সূর্যকে পরিক্রমণকারী পৃথিবীর অবস্থান চিত্রে রূপ দিয়ে ব্যাখ্যা করো।প্রশ্ন: ঘ. মামুনের বাবার বক্তব্যের যথার্থতা বিশ্লেষণ করোউত্তর: ক. পৃথিবীর একটি পূর্ণ আবর্তনের সময়কে সৌরদিন বলে।উত্তর: খ. পৃথিবীর আহ্নিক গতির ফলে দিন-রাত্রি সংঘটিত হয়। পৃথিবী যদি নিজ মেরুরেখার ওপর আবর্তন না করে স্থির থাকত তাহলে এর যে অংশে সূর্যের আলো পড়ত সে অংশে সারা বছর দিন এবং বিপরীত অংশে সারা বছর রাত হতো। এরূপ না হওয়া থেকে বোঝা যাচ্ছে যে, পৃথিবী স্থির নয়, এটা আপন অক্ষে আবর্তন করে থাকে।উত্তর: গ. মামুন জুন মাসে অস্ট্রেলিয়ায় গমন করে। ওই সময়ে সূর্যকে পরিক্রমণকালে পৃথিবী এমন এক জায়গায় আসে যে তখন উত্তর গোলার্ধ সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে এবং দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে বেশি দূরে থাকে। এই পরিক্রমণকালে জুন মাসে (বিশেষ করে ২১ জুন) পৃথিবীর অবস্থান চিত্রে দেখানো হলো। পৃথিবীর এই অবস্থান থেকে প্রতীয়মান হচ্ছে যে, ওই সময়ে দক্ষিণ গোলার্ধ অপেক্ষা উত্তর গোলার্ধ সূর্যের অধিক নিকটে। ফলে উত্তর গোলার্ধের বেশি অংশে সূর্যের আলো পড়ে। অর্থাৎ এই গোলার্ধে দিন বড় হয় এবং ভূপৃষ্ঠ উত্তপ্ত হওয়ার সময় বেশি পায়। অর্থাৎ উত্তর গোলার্ধে গ্রীষ্মকালের আবহাওয়া বিরাজ করে। অন্যদিকে দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে বেশি দূরে থাকায় সেখানে সূর্য কম সময় ধরে কিরণ দেয়। ফলে এখানে শীতের আবহাওয়া বিরাজ করে। সুতরাং বলা যায়, জুন মাসে পৃথিবীর এরূপ অবস্থানের কারণে বাংলাদেশে গ্রীষ্মকাল হলেও অস্ট্রেলিয়ায় শীতের আবহাওয়া বিরাজ করে।উত্তর: ঘ. মামুন তার বাবার কাছে একই সময়ে বাংলাদেশে গ্রীষ্মকাল অথচ অস্ট্রেলিয়ায় শীতকাল বিরাজ করার কারণ জানতে চায়। জবাবে তার বাবা পৃথিবীর বার্ষিক গতিকে এর কারণ বলে উল্লেখ করেন। আমরা জানি, নিজ অক্ষে একবার আবর্তনের সঙ্গে সঙ্গে পৃথিবী একটি নির্দিষ্ট পথে বছরে একবার সূর্যের চারদিকে ঘুরে আসে। পৃথিবীর এই পরিক্রমণকে বার্ষিক গতি বলে।বার্ষিক গতির ফলে পৃথিবী বছরের বিভিন্ন সময় বিভিন্ন অবস্থানে থাকে। যেমন, ২১ জুন এমন অবস্থানে থাকে যখন দক্ষিণ মেরু অপেক্ষা উত্তর মেরু সূর্য থেকে কম দূরে অবস্থান করে। আবার ২৩ সেপ্টেম্বর এবং ২১ মার্চ পৃথিবী এমন এক অবস্থানে থাকে যখন উভয় মেরু সূর্য থেকে সমান দূরে অবস্থান করে। ২২ ডিসেম্বর পৃথিবী এমন অবস্থানে থাকে যখন উত্তর মেরু অপেক্ষা দক্ষিণ মেরু সূর্য থেকে কম দূরে অবস্থান করে। সূর্য থেকে যে মেরু কম দূরে অবস্থান করে সেই মেরুতে সূর্যের আলো বেশি সময় থাকে। তাতে ওই অংশে দিন বড় হয়। দিনের তাপ রাতে বিকিরণ হতে না পারায় ওই অংশে গ্রীষ্মকালের আবহাওয়া বিরাজ করে। পক্ষান্তরে বিপরীত মেরুতে শীতের আবহাওয়া বিরাজ করে। অবশ্য সময়ের পরিবর্তনে পৃথিবীর আবর্তনের ফলে একই মেরুতে গ্রীষ্মের অবসান হয়ে শরৎ, শীত এমনকি বসন্তের আবহাওয়া বিরাজ করে থাকে। আর এই সবই সংঘটিত হচ্ছে পৃথিবীর আবর্তন তথা বার্ষিক গতির ফলে। সুতরাং মামুনের প্রশ্নের জবাবে তার বাবার বক্তব্য যথার্থ বলে বিবেচনা করা যায়।