মঞ্চের আলোয় দুই বন্ধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহমুদুল হক (বাঁয়ে) ও শহিদুল ইসলাম। ছবি: স্বপ্ন নিয়ে
মাহমুদুল হক (বাঁয়ে) ও শহিদুল ইসলাম। ছবি: স্বপ্ন নিয়ে

মাহমুদুল হক ও শহিদুল ইসলাম দুই বন্ধু। তাঁরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী। এ বছর সাফল্যের সঙ্গে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। দুজনই স্নাতকোত্তরে পেয়েছেন জিপিএ ৩.৭৫। নাট্যকলায় ভারত সরকার প্রদত্ত ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষা বৃত্তি নিয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর (নাটক) বিভাগে ভর্তির জন্য মনোনীত হয়েছেন, গত বৃহস্পতিবার কলকাতায় পৌঁছেছেন তাঁরা।

দুজনই ছিলেন শাটলের ক্যাম্পাসের পরিচিত মুখ। স্বাধীনতা দিবস, পয়লা বৈশাখ, চৈত্রসংক্রান্তিসহ বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনায় দেখা গেছে তাঁদের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মঞ্চে নিয়মিতই তাঁরা হাজির হয়েছেন নাটক, মূকাভিনয় কিংবা আবৃত্তি নিয়ে।

মাহমুদুলের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার হাতিয়ায়। ছোটবেলায় বাসায় টেলিভিশন ছিল না, পাশের বাড়ির টিভিটাই ছিল ভরসা। শুধু যে দেখতেন তা নয়, সিনেমা ও নাটকের গল্পের নায়কের মতো বন্ধুরা মিলে ‘নায়ক নায়ক’ খেলতেন। অভিনয়শিল্পী হওয়ার স্বপ্ন দেখতেন। সেই স্বপ্নপূরণের লক্ষ্যেই ২০১০-১১ শিক্ষাবর্ষে ভর্তি হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে।

২০১২ সালে ভারত সরকারের আমন্ত্রণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে বাংলাদেশি যুব প্রতিনিধিদলের সঙ্গে ভারতে গিয়েছিলেন মাহমুদুল, ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সামনে পরিবেশন করেছেন একক মূকাভিনয়। বলেন, ‘এখন পর্যন্ত প্রায় ৩০টি মঞ্চ নাটকে অভিনয় করেছি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মুক্তধারা, তাসের দেশ, পদ্মাবতী, কমরেডস হাত নামান, খ্যাপা পাগলার প্যাঁচাল, মিলিটারি, কাজলরেখা, পাগল ও মহাবিদ্যা। চারটি নাটক নির্দেশনার দায়িত্বেও ছিলাম।’ প্রথম আলো তারুণ্যের উৎসব ’১৪ আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন তিনি। ২০১৫ সালে নির্মাণ করেছেন প্রামাণ্য চলচ্চিত্র সাগরদ্বীপ হাতিয়া। অবসরে তাঁর সঙ্গী আবৃত্তি, গান আর বাঁশি। মাহমুদুল আরও বলেন, ‘সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ রোধে নতুন ধারার চলচ্চিত্র তৈরি করব। ভালো গল্প, নাটক ও অভিনয়ের মাধ্যমে সবার কাছে নিজের কাজটা পৌঁছে দিতে চাই। ইচ্ছে আছে, ভবিষ্যতে নাটকের মাধ্যমে শিক্ষা কার্যক্রম নিয়ে কাজ করব।’

ওদিকে শহিদুল ইসলামের গ্রামের বাড়ি পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার কাপ্তাই থানার বড়ইছড়ি সদরে। গান, আবৃত্তি, নাটক ও বাদ্যযন্ত্রের সঙ্গে তাঁরও সখ্য ছোটবেলা থেকেই। কাপ্তাই থানার শিল্পকলা একাডেমির বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতেন, আর এভাবেই নাটক হয়ে উঠেছিল তাঁর প্রাণ। বলেন, ‘আমি বিশ্বাস করি, নাটকের মাধ্যমেই মানুষ মননশীলতা ও সমাজকাঠামো সম্পর্কে বাস্তব ধারণা অর্জন করতে পারে।’

২০১০ সালে চট্টগ্রামের গ্রুপ থিয়েটার ‘গণায়ন নাট্যসম্প্রদায়’-এর কর্মী হিসেবে নাটকের চর্চা শুরু করেন শহিদুল। তিনি মুক্তধারা, কমরেডস হাত নামান, একটি অবাস্তব গল্প, অদ্ভুত অন্ধকারসহ বিভিন্ন পথনাটকে অভিনয় করেন এবং কারিগরি নির্দেশনা দেন। ২০১৩ সালে ভারত সরকারের আমন্ত্রণে ওডিশার রাহুল কেল্লায় স্পন্দন নাট্যগোষ্ঠীর আন্তর্জাতিক নাট্য উৎসবে অংশ নেন শহিদুল। ২০১৪ সালে ভারতের ত্রিপুরায় আন্তর্জাতিক মহিলা নাট্য উৎসবে মঞ্চ পরিকল্পনার কাজ করেছেন তিনি। হ্যাঁ, গ্রুপ থিয়েটারের দলে নাটকে নির্দেশনা ও অভিনয়ের পাশাপাশি আলোক ও মঞ্চ পরিকল্পনা, রূপসজ্জা, পোশাকের নকশার কাজও করেন তিনি। ২০১৬ সালে তাঁর নির্মিত ‘তাত্পর্যবিহীন’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি বাংলাদেশের ৬৪ জেলার শিল্পকলা একাডেমিতে একযোগে প্রদর্শিত হয়।

শহিদুলের মনে প্রশ্ন ঘুরপাক খায়, ‘মানুষ যেভাবে উপস্থাপিত হয়, মানুষ আসলে কি তাই?’ তিনি মনে করেন, পৃথিবীতে যা খালি চোখে দেখা যায় তা সব সময় সত্য নয়। ভেতরের অস্তিত্ব খুঁজে পাওয়াই হচ্ছে সার্থকতা, যা নাট্যকলার শিক্ষার্থী ও নাট্যকর্মীর জন্য আবশ্যক।