মন নিয়ে মনোযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পরিচালনা করেন রিডিং ক্লাব
মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পরিচালনা করেন রিডিং ক্লাব

প্রতি সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সেমিনার কক্ষে মিলিত হন নিজেদের চিন্তা ও মেধা বিকাশের লক্ষ্যে। মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের একটি প্রচেষ্টার নাম সাইকোলজি রিডিং ক্লাব, সংক্ষেপে ‘পিআরসি’। মাসে একটি পাবলিক সেশন ও তিনটি পাঠচক্র পরিচালিত হয় এখানে।
স্নাতকোত্তর শ্রেণির শিক্ষাথী সাজ্জাদ চৌধুরী জানান, কুসংস্কারমুক্ত ও মুক্তচিন্তার অধিকারীদেরই পদচারণ এখানে। এই ক্লাবে তাঁরাই আসেন, যাঁরা প্রকৃতপক্ষে জ্ঞানপিপাসু। তাই যেকোনো ধরনের প্রভাব এড়িয়ে ‘হোয়েন ইউ নো বেটার, ইউ ডু বেটার’—এই স্লোগান সামনে রেখেই ক্লাবের সদস্যরা সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন।
রিডিং ক্লাবের আয়োজনে নিয়মিত উপস্থিত থাকেন—এমন কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা হয়। তৃতীয় বর্ষের শিক্ষার্থী প্রিতম দাস বলেন, পিআরসি কাঠামোগত চিন্তার বাইরে একটি ক্ষুদ্র প্রয়াস। একই বর্ষের আরেক শিক্ষার্থী নাসরিন শিলা বলেন, ‘এখানে আমার মানসিকতার সঙ্গে মিল থাকা কিছু মানুষকে খুঁজে পেয়েছি।’
চতুর্থ বর্ষের শিক্ষার্থী সারা হোসেন বলেন, ‘এখানে সব ধরনের বিষয় নিয়ে মুক্ত আলোচনা করা হয়। এখানে যে শুধুই শিক্ষকদের কথা শুনছি তা নয়, নিজেদের মতও প্রকাশ করতে পারছি। তাই এখানে আসতে ভালো লাগে।’
কোনো অনুদানে নয়, বরং ক্লাব পরিচালনার অর্থের জোগান দেন শিক্ষার্থীরাই। পাবলিক সেশনে একজন বিশেষ ব্যক্তিত্ব নির্দিষ্ট বিষয়ের ওপর বক্তব্য দিয়ে থাকেন আর পাঠচক্রের মূল বক্তা থাকেন একজন শিক্ষার্থী, যাঁর সঙ্গে সবাই জ্ঞান বিনিময় করতে পারেন। প্রতিটি পর্বেই একটি নির্দিষ্ট বিষয় নির্ধারণ করা থাকে। নতুন হলেও সৃষ্টিশীল ও ব্যতিক্রমধর্মী উদ্যোগের জন্য ক্রমেই দেশের বিশিষ্ট ব্যক্তিরা এ ক্লাবের ‘পাবলিক সেশনে’ এসে বক্তব্য দিচ্ছেন।
পিআরসি সম্পর্ক খোঁজ নিয়ে জানা যায়, মনোবিজ্ঞানের প্রতি ভালোবাসা ও জানার আগ্রহ থেকেই সদস্যদের এ প্রচেষ্টা। তাঁরা আরও জানান, যেহেতু শিল্প, সাহিত্য, ইতিহাস—প্রতিটি বিষয়ই মানুষের জীবনের সঙ্গ ওতপ্রোতভাবে জড়িত, তাই মানুষকে জানার আগে তার সংশ্লিষ্ট বিষয়গুলো জানতে হবে। আর তাই আপাতদৃষ্টিতে মনোবিজ্ঞানের সঙ্গে জড়িত মনে না হলেও সেসব বিষয়কে মনোবিজ্ঞানীয় দৃষ্টিভঙ্গি থেকে দেখা পিআরসির অন্যতম উদ্দেশ্য।
২০১৩ সালের শেষের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তুহিন সাইফুল রিডিং ক্লাব বাস্তবায়নের খসড়া প্রণয়ন করেন। সঙ্গে ছিলেন তাঁরই বন্ধু সাজ্জাদ, পিন্নী, রুবিসহ আরও অনেকে।
তুহিন সাইফুল বলেন, ‘পিআরসি গৎবাঁধা চিন্তার বাইরের চিন্তা, তাই এটি আমার ভালো লাগার জায়গা। এই রিডিং ক্লাব বর্তমান অবস্থায় আসত না, যদি আমাদের সঙ্গে প্রিয় সেলিম স্যার ও অন্য শিক্ষকদের আন্তরিকতা ও পৃষ্ঠপোষকতা না থাকত। অভ্যন্তরীণ ব্যবস্থাপনা বাদে ক্লাব কার্যক্রমে অংশগ্রহণ করার সুযোগ সবার জন্য উন্মুক্ত।’
পিআরসির অন্যতম পৃষ্ঠপোষক বিভাগীয় শিক্ষক সেলিম হোসেনের মতে, এ রিডিং ক্লাবের একমাত্র উদ্দেশ্য হচ্ছে নিঃস্বার্থ জ্ঞানচর্চা। এখানে সব ধরনের আলোচনা করা হয়—সংস্কৃতি নিয়ে, ইতিহাস নিয়ে, মূল্যবোধ নিয়ে, কিন্তু কাউকে আঘাত করে নয়।