মনে রেখো আরও কিছু কথা
অধ্যক্ষ, ঢাকা পাবলিক কলেজ, ঢাকা# মনোযোগ সহকারে পরীক্ষার রুটিন অনুসারে পড়ালেখা করতে হবে। এ মুহূর্তে কোনো অবস্থায় অমনোযোগী হওয়া যাবে না।# প্রতিটি বিষয়কে সমান গুরুত্ব দিতে হবে। মনে রাখতে হবে, কোনো বিষয়ে খারাপ করলে কাঙ্ক্ষিত ফল লাভ করা সম্ভব হবে না।# যে বিষয়টি তোমাদের কাছে কঠিন মনে হবে, সে বিষয়টি অন্য বিষয় থেকে বেশি পড়তে হবে। একসময় দেখবে কঠিন বিষয়টি তোমাদের কাছে সহজ মনে হবে।# প্রতিটি বিষয়ের নোট বা সিটগুলো গুছিয়ে রাখতে হবে, যাতে করে পরীক্ষার আগের রাতে বা সকালে এক নজর দেখে যাওয়া যায়।# প্রতিটি বিষয়ের সব প্রশ্ন সম্বন্ধে ধারণা থাকতে হবে, তবে পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বেশি করে পড়তে হবে এবং খাতায় লিখতে হবে। যাতে উত্তরে কোনো রকম ভুলত্রুটি না থাকে।# পরীক্ষার জন্য বোর্ডের বইকে ভিত্তি হিসেবে নিয়ে অন্য লেখকের বইয়ের সাহায্য নেওয়া যাবে। তবে মূল বইয়ের সব অধ্যায়ের প্রত্যেকটি লাইন ভালোভাবে পড়তে হবে। যেন নৈর্ব্যক্তিক এবং রচনামূলক প্রশ্ন বইয়ের যেখান থেকেই আসুক না কেন উত্তর দেওয়া যেতে পারে।# ‘স্বাস্থ্যই সকল সুখের মূল’—তাই পরীক্ষার আগে নিজেকে সুস্থ রাখতে হবে। সুস্থ থাকার জন্য সময়মতো খাওয়া ও ঘুমানো খুবই প্রয়োজন।# হাতের লেখা স্পষ্ট ও সুন্দর হতে হবে। মনে রাখতে হবে, অস্পষ্ট হাতের লেখায় পাস করা যায় তবে কাঙ্ক্ষিত ফল লাভ করা যায় না। হাতের লেখা ভালো করার জন্য প্রতিটি প্রশ্ন শেখার পর বারবার খাতায় লিখতে হবে। # পরীক্ষার সময়সূচিতে যে বিষয়গুলোর আগে কোনো বন্ধ নেই বা পরে পরীক্ষা হবে, সে বিষয়গুলো এখন রিভিশন দিয়ে রাখতে হবে। যাতে পরীক্ষা শুরু হলে কোনো রকম সমস্যা না হয়।# পরীক্ষায় যে কলম দিয়ে লিখবে সেই ধরনের কলম দিয়ে এখন থেকেই ব্যবহার করতে হবে, তা ছাড়া পরীক্ষায় যে কাগজে লিখবে সেই ধরনের কাগজে এখন থেকেই লেখার অভ্যাস করতে হবে।# পরীক্ষার পূর্বে প্রবেশপত্র পাওয়ার পর ভালোভাবে দেখতে হবে প্রবেশপত্রে উল্লিখিত বিষয় ঠিক আছে কিনা। প্রবেশপত্রে নাম, রোল এবং রেজি. নম্বর ঠিক আছে কিনা। যদি কোন প্রকার ভুল-ত্রুটি থাকে তাহলে সঙ্গে সঙ্গে শিক্ষা বোর্ডে যোগাযোগ করে সংশোধন করে নিতে হবে।