প্রিয় এসএসসি পরীক্ষার্থী, প্রতিটি বিষয়কে গুরুত্বসহ রিভিশন দেবে। প্রশ্নের মান অনুযায়ী লেখার সময়, শুদ্ধ উত্তর, উত্তরের প্রাসঙ্গিকতা—এগুলোর সমন্বয় রাখতে হবে। খেয়াল রাখতে হবে, যে উত্তরটি লিখছ, সেটি ওই প্রশ্নের অংশ কি না। ভেবেচিন্তে লিখলে ওভার রাইটিং হবে না এবং উত্তরপত্র পরিচ্ছন্ন থাকবে। মনে রাখবে, প্রতিটি উত্তর প্রশ্নের প্রাসঙ্গিক উত্তর, শুদ্ধ ও সাবলীল ভাষা এবং পরিচ্ছন্ন উপস্থাপনা শতভাগ নম্বর পাওয়ার জন্য অন্যতম সহায়ক।
পরীক্ষার রুটিনটি খুব ভালোভাবে লক্ষ করো। রিডিংরুমের এমন এক জায়গায় রুটিনটি রাখবে, যাতে সহজেই নজরে আসে। প্রতিদিন পরীক্ষা শেষে কাল কী পরীক্ষা তা অবশ্যই রুটিনের সঙ্গে মিলিয়ে নেবে। প্রতিটি পরীক্ষার রাত হবে মোটামুটি একই রকম। অহেতুক রাত না জেগে নির্দিষ্ট সময়ে রিভিশন শেষ করবে। সঠিক সময়ে ঘুমোতে যাবে এবং সকালে উঠে প্রফুল্ল চিত্তে পরীক্ষার উদ্দেশে বের হবে। বাসা থেকে বের হওয়ার আগে আরও একবার দেখে নিয়ো প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, একাধিক কলম, মার্জিন পেনসিল, ঘড়িসহ প্রয়োজনীয় সব সঙ্গে আছে কি না।
অধ্যক্ষ কর্নেল নুরন্ নবী (অব.)
সাবেক অধ্যক্ষ, মাইলস্টোন কলেজ এবং
রাজউক উত্তরা মডেল কলেজ